মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩৩ পি.এম
নাট্যসংগঠন স্বপ্নদল কর্তৃক দেশ ও বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর ৬৭তম প্রদর্শনী আগামীকাল ২৫ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নাটকের মঞ্চায়ন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে থাকছেন জুয়েনা শবনম।
হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক এই নাটকটি দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস এবং শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় তার সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি তুলে ধরে। নাটকে হেলেন কেলারের শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি ও আইনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা উঠে এসেছে।
এ নাটকে পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপও উন্মোচিত হয়েছে। পাশাপাশি নারীজাগরণ ও মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গের পাশাপাশি প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে মানবকল্যাণে নিবেদিত হওয়ার দর্শনই মুখ্য হয়ে উঠেছে গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতির এই প্রযোজনায়।
‘হেলেন কেলার’-এর মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শাখাওয়াত শ্যামল।
নাটকটি দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটির মেলবোর্নের আমন্ত্রণে এবং ভারতে চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়েছে এটি। এছাড়া ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে সম্প্রচারের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে স্বপ্নদলের এই প্রযোজনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ২৪ নভেম্বর ২০২৬ : আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে, যা আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে সংগঠিত হয়।
মঙ্গলবার বিকেলে, সাতক্ষীরা জেলা শাখার জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
এছাড়া, জেলা কৃষকদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন, সদস্যসচিব মো. রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন, হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্যসচিব সাইলুর রহমান, আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন, সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব জামির আলী মেম্বার, দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
কর্মসূচিতে জাতীয়তাবাদী কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দুই দিন পর মো. আবু সালেহ হাওলাদার (২৭) নামের এক যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে নিজের মোবাইল ফোন থেকে মামাকে কল করে তিনি তাঁর অবস্থানের কথা জানান। পরে চট্টগ্রামে থাকা স্বজনরা তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলার আমুয়া পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আবু সালেহ। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
আবু সালেহর ফুফা ও কাঁঠালিয়া বাজারের ব্যবসায়ী রাকিব হাওলাদার জানান, আবু সালেহ চট্টগ্রামে গ্রামীণফোনে কর্মরত। মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজের জন্য তিনি এক সপ্তাহ আগে বাড়িতে আসেন। প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহের পর ঘটনার দিন রাত ১০টার দিকে আমুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
স্বজনদের কাছে আবু সালেহর দেওয়া বর্ণনা অনুযায়ী, বাড়ির কাছাকাছি একটি খালের পাড়ে পৌঁছালে সাদা কাপড় পরা কয়েকজন নারী তাঁকে আক্রমণ করে খালের পানিতে ফেলে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি দৌড়ে বাড়ির উঠানে এসে চিৎকার করে অচেতন হয়ে পড়েন। চিৎকার শুনে মা-বাবা বাইরে এসে তাঁকে উদ্ধার করে ঘরে নিয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি পরিবারকে বিষয়টি জানান।
জানা যায়, ওই রাতেই আবু সালেহ নিজের ব্যাগে থাকা রেজার ব্লেড দিয়ে নিজের দাড়ি-গোঁফ কেটে ফেলেন এবং সকালে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তাঁর এমন অস্বাভাবিক আচরণে পরিবার চিন্তিত হয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার শরণাপন্ন হয়। স্বজনদের ধারণা, এসব নিয়ে বিরক্ত হয়ে একপর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি থেকে চলে যান। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল এবং কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অবশেষে মঙ্গলবার সকালে চট্টগ্রামের অলংকার এলাকা থেকে তাঁর ফোন পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি চট্টগ্রামে তাঁর মামার বাসায় রয়েছেন এবং সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর লালবাগে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির লালবাগ থানা পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ইফতেখার চৌধুরী সজীব (৩৩)-কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
লালবাগ থানার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সজীব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি, সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও পরিচিত ছিলেন। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন নাকচ করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির অপসারণের সিদ্ধান্ত ছয়টি তহবিলের সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব থেকে বহাল রয়েছে।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এলআর গ্লোবালের রিভিউ আবেদন নামঞ্জুর করার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সম্পদ ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের কারণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এলআর গ্লোবালকে ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল। এই সিদ্ধান্তটি বিএসইসির তৎকালীন চেয়ারম্যান রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের দ্বারা নেওয়া হয়েছিল।
যেসব ছয়টি তহবিলের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল করা হয়েছে, সেগুলো হলো—ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ