প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাট্যসংগঠন স্বপ্নদল কর্তৃক দেশ ও বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর ৬৭তম প্রদর্শনী আগামীকাল ২৫ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নাটকের মঞ্চায়ন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে থাকছেন জুয়েনা শবনম।
হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক এই নাটকটি দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস এবং শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় তার সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি তুলে ধরে। নাটকে হেলেন কেলারের শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি ও আইনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা উঠে এসেছে।
এ নাটকে পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপও উন্মোচিত হয়েছে। পাশাপাশি নারীজাগরণ ও মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গের পাশাপাশি প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে মানবকল্যাণে নিবেদিত হওয়ার দর্শনই মুখ্য হয়ে উঠেছে গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতির এই প্রযোজনায়।
‘হেলেন কেলার’-এর মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শাখাওয়াত শ্যামল।
নাটকটি দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটির মেলবোর্নের আমন্ত্রণে এবং ভারতে চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়েছে এটি। এছাড়া ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে সম্প্রচারের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে স্বপ্নদলের এই প্রযোজনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন