১২:০৮ এম
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ রোববার শ্রীমঙ্গলে ৩৬ হাজার ১০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজ হবে।
শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে ৩৬ হাজার ১০৯ জন শিশু এই কর্মসূচির আওতায় আসবে।
তিনি আরও জানান, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলায় ২১৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ৪৩৪ জন স্বেচ্ছাসেবক এবং সার্বিক তদারকিতে দায়িত্বে থাকবেন ২৭ জন সুপারভাইজার। সকালের ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনের কার্যক্রম চলবে।
আরও পড়ুন: মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনাকে ঘিরে মুফতি আবুল ফজল হবিগঞ্জীর ন্যায়বিচারের আহ্বান
এ ছাড়াও শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ২০টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। সেখানে দায়িত্ব পালন করবেন ৫২ জন স্বেচ্ছাসেবক। শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইনের বিভিন্ন দিক উপস্থাপন করেন ডা. সুভাস দেবনাথ স্নিগ্ধ। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকাশ নুনিয়া। এ ছাড়াও স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পেইন সফল করতে দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন