ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তাজমিন হত্যাকাণ্ড: ধানক্ষেতের ধস্তাধস্তির চিহ্ন নিয়ে রহস্য বাড়ছে


তাজমিন হত্যাকাণ্ড: ধানক্ষেতের ধস্তাধস্তির চিহ্ন নিয়ে রহস্য বাড়ছে

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৪) হত্যাকাণ্ডের রহস্য ক্রমশ গভীর হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের একাধিক ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। এলোমেলো হয়ে পড়া ধানগাছ দেখে স্থানীয়দের ধারণা, হামলাকারীদের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিল কিশোরীটি। তবে কী ঘটেছিল, কারা এ হত্যাকাণ্ডে জড়িত এবং তাজমিন কিভাবে নির্জন ধানক্ষেতে পৌঁছাল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। অটোরিকশাটি জব্দ করে সেটির সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, জগতপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া নির্জন পাকা সড়কের দুই পাশে বিস্তৃত ফসলি জমি। সড়কের কাছাকাছি চার থেকে পাঁচটি ধানক্ষেতে ধানগাছ এলোমেলো হয়ে পড়ে আছে। বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন দেখা যায়। সড়কের এক পাশে ধানক্ষেতে পড়ে ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পরে স্থানীয়রা সেটি টেনে সড়কের ওপর তুলে আনেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, সকালে ধানক্ষেতে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে গাড়িটি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ দেখতে পান। আশপাশের ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন দেখে সামনে এগিয়ে একটি ধানক্ষেতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহটির মাথা কাদায় ছিল এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

আরেক স্থানীয় বাসিন্দা মো. মুহিন বলেন, ধানক্ষেতের অবস্থা দেখে তাঁর মনে হয়েছে, মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। তবে কারা তাকে হত্যা করেছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি।

তিনি আরো বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি কিভাবে ধানক্ষেতে পড়েছিল, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাড়িটি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ব্যবহৃত কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তিনি আরো বলেন, জব্দ করা অটোরিকশাটির নিবন্ধন রয়েছে। গাড়িটির সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারের সদস্যরা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, তাজমিন চার দিন আগে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সে কক্সবাজারে গিয়েছিল বলে জানা গেছে। ফেরার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেমেছিল।

ঘটনার আগের রাতে বাবার কাছে নিজের অবস্থানের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধও করেছিল বলে জানা গেছে। কিন্তু এরপর কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়। কক্সবাজার থেকে ফেরার পর তাজমিন কিভাবে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল, কার সঙ্গে সেখানে গিয়েছিল এবং কেন তাকে হত্যা করা হলো—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যা ৭টার দিকে স্বজনেরা মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন। যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা জানিয়েছে পরিবার।

এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস গড়া ৩৫২ রানের ইনিংসের পরও হৃদয়ের একাদশে জায়গা হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


ইতিহাস গড়া ৩৫২ রানের ইনিংসের পরও হৃদয়ের একাদশে জায়গা হয়নি

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচে তাওহীদ হৃদয় একটি অসাধারণ কীর্তি স্থাপন করেছিলেন। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫২ রানের ইনিংস খেলেছিলেন। তবে, সেই কীর্তি সত্ত্বেও তার ভাগ্য খুলেনি। আজ আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দল খেলতে নেমেছে তার উপস্থিতি ছাড়া।

এক মাসের কিছু বেশি সময় আগে, তাওহীদ হৃদয় দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে বাংলাদেশ এ দলের হয়ে অপরাজিত ৩৫২ রান করেছিলেন। এটি শুধুমাত্র বাংলাদেশের রেকর্ড নয়, বরং দক্ষিণ আফ্রিকায় কোনো সফরকারী ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর হিসেবেও গণ্য হয়।

তবে, তাকে দলে অন্তর্ভুক্ত করলে একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতো। তখন মিডল অর্ডার নতুন করে সাজাতে হতো। এই সিদ্ধান্তটি ছিল চ্যালেঞ্জিং, কিন্তু টিম ম্যানেজমেন্ট নিরাপদ পথ বেছে নিয়েছে। ফলে, তার জায়গা হয়নি দলে। বাংলাদেশ দলের টপ ও মিডল অর্ডার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের মতোই রয়েছে।

বোলিং আক্রমণ গঠিত হয়েছে ৩ স্পিনার ও ২ পেসার নিয়ে। দলে নতুন করে যুক্ত হয়েছেন নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ—

সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, এবাদত হোসাইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমাবারে দোয়া কবুলের সম্ভাব্য দুই সময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


জুমাবারে দোয়া কবুলের সম্ভাব্য দুই সময়

সপ্তাহের প্রতিটি দিন মহান আল্লাহর রহমত ও অনুগ্রহ লাভের সুযোগ প্রদান করে। তবে কিছু নির্দিষ্ট দিন ও মুহূর্ত আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটি মহিমান্বিত দিন হলো জুমাবার। এটি মুসলমানদের জন্য সাপ্তাহিক সমাবেশ, ইবাদত ও আত্মশুদ্ধির দিন। এ দিনের বিশেষত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করলে তিনি তার দোয়া কবুল করেন। তাই জুমাবার শুধুমাত্র জুমার নামাজ আদায়ের দিন নয়, বরং মহান রবের কাছে নিজের চাওয়া, দুঃখ-কষ্ট ও প্রয়োজন তুলে ধরার একটি বিশেষ সুযোগও।

জুমাবারের মর্যাদা ও গুরুত্ব

পবিত্র কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরা রয়েছে। এই সুরায় আল্লাহ তাআলা জুমার নামাজের আহ্বান শোনার পর দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে তাঁর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও।’ (সুরা : জুমুআ, আয়াত : ৯)

জুমাবারের শ্রেষ্ঠত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমাবার। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই সেখান থেকে বের করা হয়েছে। কিয়ামতও জুমাবারে সংঘটিত হবে। (সহিহ মুসলিম, হাদিস : ৮৫৪)

এ দিনের মর্যাদা উপলব্ধি করে একজন মুমিনের উচিত জুমার নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, জিকির ও দোয়ার মাধ্যমে দিনটিকে অর্থবহ করে তোলা।

জুমাবারে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

জুমাবারের অন্যতম ফজিলত হলো, এ দিনে এমন একটি সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করলে তিনি তা দান করেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম সে মুহূর্তে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮৫২)

হাদিসের ভাষ্য অনুযায়ী, এ সময়টি অত্যন্ত সংক্ষিপ্ত। তবে ঠিক কোন মুহূর্তটি দোয়া কবুলের সেই বিশেষ সময়, তা নির্ধারণের বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে। হাদিসে বর্ণিত বিভিন্ন নির্দেশনার ভিত্তিতে দুটি সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রথম সময় : ইমাম মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত।

খুতবা শুরু হওয়ার আগে ইমাম মিম্বরে বসা থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টিকে দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে বিবেচনা করা হয়। তাই এ সময় মুমিনের উচিত মনোযোগ সহকারে খুতবা শোনা, নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনার সুযোগ গ্রহণ করা। আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জুমার দিনের বিশেষ মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তা হলো—ইমাম মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়। (সুনান আবু দাউদ, হাদিস: ১০৪৯)

অবশ্য খুতবার সময় নীরব থেকে মনোযোগ দিয়ে খুতবা শোনাই কর্তব্য; এ সময় এমনভাবে দোয়া বা জিকির করা উচিত নয়, যাতে খুতবা শোনায় ব্যাঘাত ঘটে।

দ্বিতীয় সময় : আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত।

জুমাবারের দোয়া কবুলের বিশেষ আরেকটি সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত শেষ মুহূর্তগুলো। তাই এ সময়টিকে অবহেলায় কাটিয়ে না দিয়ে আল্লাহর জিকির, ইস্তিগফার ও দোয়ায় ব্যয় করা উত্তম। জাবির ইবন আবদুল্লাহ (রা.) থেকে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন। এরপর তিনি হাতের ইশারায় সময়টির সংক্ষিপ্ততার কথা বোঝান। এ বর্ণনায় সময়টি আসরের শেষ ভাগে অনুসন্ধান করতে বলা হয়েছে। (আবু দাউদ, হাদিস : ১০৪৮)

বিশেষত দিনের শেষ ভাগে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, ঈমান ও আমলের ওপর অবিচল থাকার প্রার্থনা করা, পরিবার-পরিজনের কল্যাণ কামনা করা এবং দুনিয়া ও আখিরাতের প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরা যেতে পারে।

জুমাবার আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক মহামূল্যবান উপহার। এ দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত থাকার বিষয়টি আমাদের আশাবাদী করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো গভীর করার অনুপ্রেরণা জোগায়। অথচ দুনিয়ার ব্যস্ততায় আমরা অনেক সময় এই মহিমান্বিত দিনের মূল্যবান মুহূর্তগুলো অবহেলায় কাটিয়ে দিই। মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, গুনাহ ক্ষমা করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: শফিকুল ইসলাম খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


কেউ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: শফিকুল ইসলাম খান

ঢাকার সব জায়গায় ফুটপাত দখল মুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি উল্লেখ করেছেন যে, ফুটপাত নিয়ে কোনো টালবাহানা চলবে না। যদি কেউ দখল করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

শুক্রবার রাজধানীর মিরপুরে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের অংশ হিসেবে এই মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশা চালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে তিনি জানান, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। এখানে কোনো রাজনীতিকরণ হবে না এবং যারা দেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা পাটেকরের ছেলে মালহা: তাকে নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


নানা পাটেকরের ছেলে মালহা: তাকে নিয়ে যা জানা গেল

হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের একটি পরিচিত নাম নানা পাটেকর, যিনি চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন। তবে, তার ছেলে মালহার পাটেকর বেছে নিয়েছেন একটি তুলনামূলক নিরিবিলি জীবন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের কাজেও তিনি যুক্ত থাকলেও বাবার মতো তারকাখ্যাতির পেছনে ছোটেননি তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নানা পাটেকরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা, যার মধ্যে মালহারও ছিলেন। ৭৫ বছর বয়সি এই অভিনেতা গোয়ার ডোনা পাওলায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কে এই মালহার পাটেকর?

মালহার পাটেকর হলেন অভিনেতা নানা পাটেকর এবং মারাঠি অভিনেত্রী নীলকান্তি পাটেকরের ছেলে। থিয়েটারের মাধ্যমে পরিচয়ের পর ১৯৭৮ সালে বিয়ে করেন নানা ও নীলকান্তি। তাদের দুই ছেলে রয়েছে—দুর্বাসা ও মালহার।

প্রতিবেদন অনুযায়ী, অসুস্থতার কারণে অল্প বয়সেই মারা যান তাদের বড় ছেলে দুর্বাসা। এরপর মালহারই হয়ে ওঠেন এই দম্পতির একমাত্র জীবিত সন্তান।

ব্যক্তিগত মতপার্থক্যের কারণে নানা ও নীলকান্তি পরবর্তী সময়ে দীর্ঘদিন আলাদা থেকেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তারা আইনগতভাবে বিবাহবিচ্ছেদ করেননি বলেও জানা যায়।

বাবা তারকা হলেও মালহার বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। তাকে খুব একটা সাক্ষাৎকার দিতে কিংবা জনসমক্ষে দেখা যায় না। বিনোদনজগতের তারকাদের নিয়মিত আনাগোনা থেকেও নিজেকে দূরে রেখেছেন তিনি।

কোথায় পড়াশোনা করেছেন মালহার?

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, মালহার মুম্বাইয়ের সরস্বতী মন্দির হাইস্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি বাণিজ্য বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহী হয়ে ওঠেন মালহার। অভিনয়ের মাধ্যমে তারকা হয়ে ওঠার প্রচলিত পথ অনুসরণ না করে ক্যামেরার পেছনের কাজ শেখার দিকে মনোযোগ দেন। এভাবেই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হন এবং সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

তবে তার উচ্চশিক্ষার নির্দিষ্ট ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।

চলচ্চিত্র নির্মাণে মালহারের কাজ

মালহার পাটেকরের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০১৩ সালে মুক্তি পাওয়া দ্য অ্যাটাকস অব ২৬/১১ চলচ্চিত্র। রাম গোপাল ভার্মা পরিচালিত ছবিটি মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত। এতে নানা পাটেকর একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। মালহার এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও তার সম্পৃক্ততার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তিনি ‘নানা সাহেব প্রোডাকশন হাউস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলেও জানা যায়।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি

চলচ্চিত্র নির্মাণে যুক্ত হওয়ার আগে শিশুশিল্পী হিসেবেও অভিনয় করেছেন মালহার। ১৯৯১ সালে মুক্তি পাওয়া প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক ছবিতে তাকে দেখা যায়। ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছিলেন তার বাবা নানা পাটেকর।

সামরিক বাহিনীর প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে নিজের চরিত্রের প্রস্তুতির জন্য নানা পাটেকর মারাঠা লাইট ইনফ্যান্ট্রিতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন।

পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক হিসেবেও অভিনয়ে ফেরেন মালহার। ২০১৪ সালে মুক্তি পাওয়া জয় অগাস্টিন পরিচালিত হিন্দি চলচ্চিত্র দ্য লিটল গডফাদার-এ সহায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা অঙ্গদ বেদি।

তবে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত থাকলেও মূলধারার চলচ্চিত্রে বাবার মতো প্রতিষ্ঠিত তারকা হয়ে ওঠার পথে এগোননি মালহার। বরং পর্দার আড়ালে থেকেই কাজ করতে বেশি আগ্রহী ছিলেন তিনি।

এদিকে পুনের জেলা প্রশাসক জিতেন্দ্র দুদির বরাত দিয়ে জানানো হয়েছে, নানা পাটেকরের শেষকৃত্য পুনের কাছে দোনজে গ্রামের পারিবারিক খামারবাড়িতে সম্পন্ন করার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%