শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:২১ পি.এম
বসুন্ধরা শুভসংঘের সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এই সভায় কমিটির সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সামাজিক-মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মাহফুজ আলম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাদেক আহমেদ। এ সময় কমিটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা হয় আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও ক্যাম্পেইন আয়োজনের বিষয়ে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়।
এছাড়া, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সিলেটের একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। শিক্ষাক্ষেত্রে প্রতিকূলতা জয় করে সফল হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের অর্জনকে সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আসন্ন শীত মৌসুমে জেলার শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের বিষয়টিও সভায় আলোচিত হয়। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সদস্যরা তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নাহিদুল ইসলাম পারভেজ, রূপালী পাল, রিয়া রাণী চন্দ, মাহুম আহমদ রাব্বি, আকবর আহমদ অয়ন ও তাফাজ্জুল হোসেন রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক শান্তা লোহার, আজমল হোসেন, খন্দকার আদিবা রহমান নিশি, সৈয়দ শায়েক আহমদ, শরিফ আহমদ মাহি ও মেহেদী হাসান; সাংগঠনিক সম্পাদক সামিউল করিম, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার নুপুর ও রাফিজুর রহমান, অর্থ সম্পাদক রায়হান খান এবং দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম রাজিব।
এছাড়া নারীবিষয়ক সম্পাদক মিস তানিয়া আক্তার, ইভেন্ট সম্পাদক শরিফ আহমদ, কর্ম ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ইমাদ হুসেন লিমন, প্রচার সম্পাদক নিশু দাস, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোরসালিন আহমদ ইমরান, স্বাস্থ্য ও মানবসম্পদবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সাজু, ক্রীড়া সম্পাদক শাহরাজ জামান মারুফ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাদিম, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মেঘনা আভার, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ফারজানা আহমেদ, আপ্যায়নবিষয়ক সম্পাদক তমা দেব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্রণামিকা বানারজি এবং সমাজকল্যাণ সম্পাদক জামিউল হাসান আরাফও উপস্থিত ছিলেন।
কার্যকরী সদস্যদের মধ্যে ছিলেন সাব্বির আহমদ, স্মৃতি উরাং, আইবর খান, ওমর ফারুক, রেওয়ায়ান আহমেদ শাকিব, জামাতুল ফেরদৌস, মুরাদ আহমদ ও এবাদুর রহমান।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন জাহিদুল ইসলাম রশিদ, মুস্তাফা সাজিদুল ইসলাম, লোকমান হাফিজ, এলি দাস ও এহিয়া আহমদ।
সভায় সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মানুষের কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ সিলেট জেলা শাখাকে আরো সক্রিয় করার অঙ্গীকার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ বেশ কয়েকটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এই উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২৭ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘আমাদের পুলিশ বক্সগুলোর নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রুটিন কাজ। এটা নতুন কিছু নয়। নগরের নিরাপত্তায় আমরা আমাদের সদস্যদের সব সময় প্রস্তুত রাখছি।’
সিএমপি সূত্রে জানা গেছে, মূলত এলজিইডি ভবন ও ভূমি অফিসে হামলার পর থেকেই নগরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনার পর মামলা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এদিকে, সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে শামসুল হককে।
কাজে যোগ দিয়ে শামসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বর নিয়ে কোনো আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।
অন্যদিকে শুক্রবার নগরের কোতোয়ালি থানার মুসাফিরখানা মসজিদ থেকে জুমার নামাজের পর আওয়ামী লীগের অনুসারীরা মিছিল বের করেন। পুলিশ ধাওয়া দিলে তিনটি সড়কে তিন ভাগ হয়ে তারা পালিয়ে যান। পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে আটকের কথা জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মশার উপদ্রব বৃদ্ধি পেলে ঘরের পরিবেশ অনেক সময় অস্বস্তিকর হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর মশার কামড়ে অনেকেই অতিষ্ঠ হয়ে পড়েন। মশা তাড়াতে কয়েল, স্প্রে কিংবা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হলেও ঘরের পরিবেশকে সতেজ রাখতে কিছু গাছ লাগানো যেতে পারে। কিছু সুগন্ধি গাছের পাতা ও তেলের গন্ধ মশাকে কিছুটা দূরে রাখতে সাহায্য করে।
১. তুলসী
তুলসী গাছের পাতায় থাকা সুগন্ধি উপাদান পোকামাকড়কে দূরে রাখতে সহায়ক হতে পারে। বাড়ির বারান্দা, জানালার পাশে অথবা পর্যাপ্ত আলো-বাতাস পায় এমন স্থানে তুলসী গাছ লাগানো যেতে পারে। নিয়মিত পানি দেওয়া এবং গাছের গোড়ায় পানি জমতে না দেওয়ার দিকে নজর রাখা প্রয়োজন।
২. লেমনগ্রাস
লেমনগ্রাস বা লেবু ঘাসের পাতায় লেবুর মতো সুগন্ধ বিদ্যমান। এতে থাকা সিট্রোনেলা নামক উপাদান মশা প্রতিরোধী বিভিন্ন পণ্যে ব্যবহৃত হয়। টবেও এই ঘাস লাগানো সম্ভব। তবে গাছ ঘরে রাখলেই মশা পুরোপুরি দূর হবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
৩. পুদিনা
পুদিনা পাতার তীব্র সুগন্ধ অনেকের কাছে পরিচিত। রান্নায় ব্যবহারের পাশাপাশি টবে পুদিনা গাছ লাগিয়ে বারান্দা বা জানালার পাশে রাখা যেতে পারে। গাছটির জন্য পর্যাপ্ত আলো ও নিয়মিত পানি প্রয়োজন।
৪. রোজমেরি
রোজমেরি একটি সুগন্ধি ভেষজ গাছ। এর পাতায় থাকা সুগন্ধি তেল কিছু পোকামাকড়কে দূরে রাখতে সহায়ক হতে পারে। টবে রোজমেরি চাষ করা সম্ভব। তবে গাছটি ভালো রাখতে পর্যাপ্ত রোদ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা জরুরি।
৫. ল্যাভেন্ডার
ল্যাভেন্ডার ফুলের মনোরম সুগন্ধের জন্য পরিচিত। এর সুগন্ধি তেল মশা প্রতিরোধী কিছু পণ্যে ব্যবহৃত হয়। বাড়ির বারান্দা বা ছাদে টবে ল্যাভেন্ডার লাগানো যেতে পারে। গাছটির জন্য রোদযুক্ত স্থান ও পানি জমে না এমন মাটি উপযোগী।
৬. গাঁদা
গাঁদা ফুলের গাছ বাগান ও বারান্দার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি কিছু পোকামাকড় দূরে রাখতে সহায়ক হতে পারে। গাঁদা গাছের নির্দিষ্ট কিছু উপাদান পোকা প্রতিরোধী পণ্যে ব্যবহৃত হয়। পর্যাপ্ত রোদ পেলে টবে এই গাছ সহজেই বেড়ে ওঠে।
৭. ক্যাটনিপ
ক্যাটনিপ একটি সুগন্ধি উদ্ভিদ। এতে থাকা নেপেটাল্যাকটোন নামক উপাদান নিয়ে মশা প্রতিরোধের গবেষণা করা হয়েছে। তবে গাছটি ঘরে রাখলেই মশার উপদ্রব বন্ধ হবে, এমনটা বলা যায় না। টবে চাষ করা সম্ভব হলেও গাছটির পরিচর্যায় আলো ও পানি দেওয়ার বিষয়ে খেয়াল রাখতে হবে।
মশা নিয়ন্ত্রণে আরো যা করবেন
শুধু গাছের ওপর নির্ভর করে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঘরের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টবের নিচের পাত্র, পরিত্যক্ত পাত্র, ড্রাম ও পানির ট্যাংকে পানি জমতে দেওয়া যাবে না। জানালায় মশার জাল ব্যবহার এবং প্রয়োজনে অনুমোদিত মশা প্রতিরোধী উপকরণ ব্যবহার করা যেতে পারে।
মনে রাখতে হবে, এসব গাছ মশার উপদ্রব কমাতে কিছুটা সহায়ক হতে পারে, তবে এগুলো মশা প্রতিরোধের নিশ্চিত বা একমাত্র উপায় নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মডেল মাহমুদুল হাসান সিয়ামকে হত্যার অভিযোগে তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।
তিনি উল্লেখ করেন, আসামিদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি। কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন রিসান, মীম চৌধুরী এবং আমিরা খান।
গত ৭ নভেম্বর বিকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ থেকে ১৭ বছরের সিয়ামের লাশ উদ্ধার করা হয়। সিয়াম মডেলিংয়ের কাজ করতেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে। এ ঘটনার দিনই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী এবং আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরদিন এই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত ১০ নভেম্বর, সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে এই তিন আসামির পাশাপাশি হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
৭ নভেম্বর ছেলের মৃত্যুর খবর পেয়ে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের সদস্যরা যান। সেখানে সিয়ামের মরদেহ দেখতে পান। পরে বিমানবন্দর থানায় গিয়ে আটক তিন সহকর্মীর কাছে মৃত্যুর কারণ জানতে চান সেলিম মিয়া। তার অভিযোগ, তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেছেন এবং অনেক তথ্য গোপন করেছেন।
এজাহারে সেলিম মিয়া আরও অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে রিসান, মীম ও আমিরাসহ অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দেন অথবা হত্যার পর মরদেহ জানালা দিয়ে ফেলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ৪নং ওয়ার্ডের (মধ্য আড়াইবাড়িয়া-কর্মকার পাড়া) কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন সুজনের সমর্থনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় ৪নং ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া (কর্মকার পাড়া) এলাকার মরহুম আনছার আলী মাস্টারের বাড়িতে এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
রতন মিয়ার সভাপতিত্বে এবং কবি সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং পৌরসভার ৪নং ওয়ার্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। এ সময় তারা ওয়ার্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আসন্ন নির্বাচনে মোঃ শাখাওয়াত হোসেন সুজনকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ