শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১২ পি.এম
শীতের শুরুতেই কুষ্টিয়ায় অসহায় ও শীতার্ত নারীদের সহায়তায় দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সদস্যরা ২০ জন হতদরিদ্র নারীর হাতে নতুন কম্বল প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শহরের থানাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের আঞ্চলিক কার্যালয়ের সামনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. এম বদিউজ্জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, বসুন্ধরা শুভসংঘের ভারপ্রাপ্ত সভাপতি শাকিল প্রামাণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আক্তার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
নতুন কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। তাদের মধ্যে অনেকেই কম্বল গায়ে জড়িয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার পরিবারের সদস্য এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য দোয়া করেন। তাদের কাছে এই কম্বল শীত নিবারণের পাশাপাশি কঠিন সময়ে পাওয়া একটুখানি স্বস্তি ও সহমর্মিতার উপহার হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে ডা. এম বদিউজ্জামান বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি মন্তব্য করেন, ‘বসুন্ধরা শুভসংঘ দেশের বৃহত্তর সামাজিক সংগঠন। পত্রিকার মাধ্যমে জেনেছি, সংগঠনটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শীতের শুরুতেই মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’
শীতার্ত ও অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মানবিক সহায়তার এই উদ্যোগে শীতের দিনে কিছুটা উষ্ণতা পাওয়ার পাশাপাশি অসহায় নারীদের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্যান্য ধর্মাবলম্বী, সংখ্যা কম হোক বা বেশি, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ—সবাই মিলেই আমরা বাংলাদেশে আছি। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।
‘কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে আমরা তার জীবনাচার ও জীবনাদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করেই চলব—এটাই আমাদের প্রকৃত মুসলমানিত্ব। এ বিষয়ে আমরা সবাই একমত। আর যারা অন্য ধর্মাবলম্বী, তারা নিজ নিজ ধর্ম পালন করবেন। এটি তাদের নিজস্ব বিষয়’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, এটাই এই খতমে নবুওয়াত সম্মেলনের মূল নির্যাস। তা বাস্তবায়নের জন্য হুজুরদের পক্ষ থেকে এবং সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া সব সময় ছিল, এখনো আছে। আমরা বলেছি, আমরা তা আইনে আনবো ইনশাআল্লাহ। যেটা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করব।
দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা রুখে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসনামলে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে সব আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, গরিব ভাই-বোনদের, আমাদের আলেমদের হত্যা করা হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করা যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটা কিতাব বের করা হয়েছে, যেখানে ছবিসহ অনেকের নাম-ঠিকানা পরিচয় বের করা সম্ভব হয়েছে। সেটা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কিন্তু এখনো সবার নাম-ঠিকানা, পরিচয়, কে কোথায় দাফন হয়েছেন— বের করা যাচ্ছে না, সব তথ্য এখনো নেই।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনাদের কাছে দাবিও রেখেছিলাম যে আপনারা একটা নিয়মিত মামলা দায়ের করেন। আপনারা করেছিলেন। সেই মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিটি ট্রাইব্যুনালে সেই মামলা এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে ইনশাআল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক এবং দুই শিক্ষাবর্ষের জন্য ছাত্রত্ব স্থগিত করা এবং এক ও দুই বিষয়ে বহিষ্কার করা। এর মধ্যে একজনের ছাত্রত্ব দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ জনের এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে শৃঙ্খলা কমিটির ভিত্তিতে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে একজন শিক্ষার্থীর ছাত্রত্ব দুই বছরের জন্য এবং ১১ শিক্ষার্থীর এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ শিক্ষার্থীকে দুই বিষয়ে এবং ৩৪ শিক্ষার্থীকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ এলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে আমাদের নীতি ‘জিরো টলারেন্স’। যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে শিক্ষার্থীদের কোনোভাবেই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। বরং নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য।”
উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে ৯৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের রাজধানী সানার নিজ বাড়ি থেকে পালিয়ে আসার পর, আবু খলিল বর্তমানে রিয়াদের রাস্তায় মোজা বিক্রি করছেন। তিনি জানান, ‘আমি সানা থেকে হেঁটে বেরিয়ে এসেছি, যুদ্ধক্ষেত্রের সম্মুখসারি পেরিয়েছি এবং গাড়িতে লিফট নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছি।’ বাড়িতে কিছু টাকা পাঠানোর মতো পর্যাপ্ত উপার্জনের চেষ্টা করতে করতে তিনি বলেন, ‘ইয়েমেনের পরিবারগুলো তাদের সন্তানদের ভরণপোষণ জোগাতে হিমশিম খাচ্ছে।’
বিবিসির কাছে তিনি পুরো নাম প্রকাশ করতে চাননি। কারণ তার স্ত্রী ও চার সন্তান এখনো সানায় রয়েছেন এবং হুতিদের বিরুদ্ধে কথা বলার কারণে তার পরিচয় শনাক্ত হলে পরিবারের কী হতে পারে তা নিয়ে তিনি আতঙ্কিত। তিনি বলেন, ‘আমি হুতিদের ভয়ে পালিয়ে এসেছি। কিন্তু আমার পরিবারকে সাথে আনতে পারিনি। আল্লাহ তাদের রক্ষা করুন।’
এক দশকেরও বেশি সময় আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি উত্তর ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। তারা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে, যে সরকারকে প্রতিবেশী সৌদি আরব সমর্থন দিয়ে থাকে। আর আবু খলিল যে গোষ্ঠীটির ভয়ে পালিয়ে রিয়াদে এসেছেন, সেই রিয়াদ এবং এর মতো সৌদি শহরগুলো এখন সেই হুতিদের নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে।
জুলাই মাসে ইয়েমেনে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যায় এবং এরপর থেকে লড়াই তীব্রতর হওয়ায় হুতিরা সৌদি আরবের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ইয়েমেনে সৌদি আরবের প্রাণঘাতী বিমান হামলা এবং হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলের বন্দর ও বিমানবন্দরগুলোতে সৌদি অবরোধের প্রতিশোধ হিসেবে তারা এসব হামলা চালাচ্ছে।
গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের এক হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হন, যা গত কয়েক বছরের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা। রিয়াদ থেকে সংবাদ সংগ্রহের বিরল অনুমতি পাওয়ার পর বিবিসি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছে। তাদের মধ্যে ছিলেন সৌদি রাষ্ট্রীয় তেল কম্পানি আরামকোতে কর্মরত ২৫ বছর বয়সী প্রকৌশলী মাজিদ। ওমরাহর উদ্দেশ্যে জেদ্দাগামী একটি ফ্লাইট ধরার তাড়ায় সেদিন তিনি রিয়াদ বিমানবন্দর দিয়ে যাচ্ছিলেন।
তিনি জানান, টার্মিনালটিতে যখন আঘাত হানা হয়, তখন তিনি এক মাকে তার সন্তানদের একটি পুশচেয়ারে করে নিয়ে যেতে দেখছিলেন। তার মনে আছে, তিনি রক্তে ভেজা একজন মানুষকে দেখেছিলেন। তিনি বলেন, ‘আমি আতঙ্কিত অবস্থায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘আপনি কি ঠিক আছেন?’
তিনি জানান, আহত ও অচেতন যাত্রীদের বিমানবন্দরের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে দেখেছেন, ‘তাদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছেন কি না, তা আমি জানি না।’ এই অভিজ্ঞতা তাকে নাড়িয়ে দিয়েছে। তিনি আমাকে বলেন, ‘হুমকিটা বাস্তব। কিন্তু আমি হুতিদের কারণে নিজের দেশেই নিজেকে অনিরাপদ মনে করতে দেব না।’
বিমানবন্দরের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বিশ্বজুড়ে রাজনৈতিক সহিংসতা ও বিক্ষোভের তথ্য সংগ্রহকারী যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট-অ্যাকলেড’-এর তথ্য বিশ্লেষণ করে বিবিসি ১ জুলাই থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রায় পাঁচ মাসে সৌদি আরবে ২৭৪টি হামলা চিহ্নিত করেছে।
অ্যাকলেডের তথ্য অনুযায়ী, এর অধিকাংশই আকাশেই প্রতিহত করা হয়েছে। তবে অন্তত ৪১টি প্রতিহত করা সম্ভব হয়নি এবং কিছু ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার সময় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ থেকেও ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্য অনুসারে, প্রায় দুই-তৃতীয়াংশ হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে, আর অর্ধেকেরও বেশি হামলায় ব্যালিস্টিক মিসাইল ব্যবহৃত হয়েছে। এর আগের পাঁচ মাসে, অ্যাকলেড সৌদি আরবে হুতিদের মাত্র একটি হামলা রেকর্ড করেছিল।
ইরানের সমর্থনে হুতিরা ক্রমশ অত্যাধুনিক অস্ত্রভান্ডার গড়ে তুলেছে, যা সৌদি ভূখণ্ডের অনেক গভীরে বারবার আঘাত হানার সক্ষমতা নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে। বছরের পর বছর ধরে হুতিদের হামলা মূলত ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকাতেই সীমাবদ্ধ ছিল এবং রিয়াদকে খুব কমই লক্ষ্যবস্তু করা হতো। কিন্তু অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেন সীমান্ত থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত সৌদি রাজধানী এখন নিয়মিত হামলার শিকার হচ্ছে।
বিমানবন্দরের পাশাপাশি রাজধানীর তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোও ঝুঁকির মুখে পড়েছে। সৌদি আরব তার শহরগুলোকে নতুন রূপ দিতে, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে এবং বিশ্বের কাছে বসবাস, কাজ ও ভ্রমণের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে নিজেকে তুলে ধরতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, আর এই হামলাগুলো সেই প্রতিশ্রুতিকেই পরীক্ষার মুখে ফেলেছে।
চলতি মাসে রিয়াদের বাণিজ্যিক ও আর্থিক এলাকায় দুটি সুপরিচিত আকাশচুম্বী ভবনে আঘাত হানা হয়েছে। সৌদি আরবের সর্বোচ্চ ভবন এবং দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-পিআইএফ টাওয়ারে’এক হামলায় ১১ জন আহত হন। অন্য ভবনটি ছিল রাষ্ট্রীয় তেল কম্পানি আরামকোর কার্যালয়। হামলার কয়েক দিনের মধ্যেই ভবনটির বাইরের অংশ সম্পূর্ণ মেরামত করা হয় এবং হামলার দৃশ্যমান সব চিহ্ন মুছে ফেলা হয়। হামলা অব্যাহত থাকা সত্ত্বেও দেশটিতে স্থিতিশীলতা বজায় আছে এবং সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে, এমন একটি ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে এটি হয়তো সৌদি আরবের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
সৌদি সরকার বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে। তারপরও এসব হামলার কারণে রাজধানীগামী ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মদিনা এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের বিমানবন্দরের মতো অন্যান্য স্থানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রিয়াদে ভ্রমণকারী অনেক যাত্রীকে ভিন্ন বিমানবন্দর দিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে এবং তারা যাত্রার শেষ অংশটুকু স্থলপথে পাড়ি দিচ্ছেন।
রিয়াদের রেস্তোরাঁগুলো জমজমাট, পরিবারগুলো শপিং সেন্টারগুলোতে ঘুরে বেড়াচ্ছে এবং মাথার ওপর হুমকির তোয়াক্কা না করেই মানুষজন তাদের সন্ধ্যার সময় কাটাচ্ছে।
তবে কঠোর সেন্সরশিপ আইন এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধের কারণে যে দেশে গণমাধ্যমের সাথে কথা বলতে অনেকেই সতর্ক থাকেন, সেখানে সংঘাত নিয়ে মানুষকে খোলামেলা কথা বলানো কঠিন। যারা বিবিসির সাথে কথা বলেছেন, তাদের অনেকেই তাদের দেশ যে তাদের রক্ষা করতে সক্ষম, সে বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। একটি ব্যস্ত বাজারে বদর নামের একজন বলেন, বিমানবন্দরের হামলাটি উদ্বেগজনক ছিল, তবে জীবনযাত্রা দ্রুতই স্বাভাবিক হয়ে এসেছে। দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমি নিশ্চিন্তে ঘুমাই।’
রশিদ নামের আরেক ব্যক্তি চারপাশের দোকানগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, ‘বাজার জমজমাট। মানুষ কেনাবেচা করছে, নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সবকিছু ভালোই চলছে।’ কিন্তু তিনি যে স্বাভাবিক অবস্থার বর্ণনা দিচ্ছেন, তা মাঝেমধ্যেই ব্যাহত হয় ফোনে আসা আকস্মিক এক সতর্কবার্তার শব্দে, যা আসন্ন হামলার সংকেত দেয়। এরপরই শোনা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাথার ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার বিকট বিস্ফোরণের শব্দ।
২০০৬ সাল থেকে বিরতি দিয়ে সৌদি আরবে বসবাসকারী ব্রিটিশ প্রবাসী অ্যালেক্স মালুফ জানান, তার ১১ বছর বয়সী মেয়ের ওপর এর মানসিক প্রভাব নিয়ে তিনি চিন্তিত, যে স্কুলে থাকাকালীন নিরাপত্তার সতর্কবার্তা শুনেছে। তিনি বলেন, ‘এমন অনেক সময় গেছে যখন আমার মেয়ে বলেছে, ‘বাবা, আমি ভয় পাচ্ছি।’ আমার মনে হয় এটি এমন একটি বিষয় যা আমাদের বাস্তবতাকে নাড়িয়ে দিয়েছে।’
হামলা সত্ত্বেও আবু খলিল বলেন, ইয়েমেনে নিজ দেশের চেয়ে তিনি সৌদি আরবেই নিজেকে অনেক বেশি নিরাপদ বোধ করেন, যেখানে লড়াই আরো তীব্র হয়েছে। পশ্চিম ইয়েমেনে হুতিদের নতুন করে চালানো অভিযানে গোষ্ঠীটি লোহিত সাগর উপকূল বরাবর বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের, যা সরকারের অস্থায়ী ঘাঁটি, সেদিকে যাওয়ার কৌশলগত পথগুলোকে হুমকির মুখে ফেলেছে। সরকার-নিয়ন্ত্রিত শহর তায়েজের আশেপাশেও লড়াই তীব্র হয়েছে, যে শহরটি বছরের পর বছর ধরে অবরোধ ও সংঘাত সহ্য করে আসছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মতে, সেখানে হুতিদের সর্বশেষ অবরোধের ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার ফলে ৮ লাখেরও বেশি মানুষ মানবিক সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেটুকু খাবার ও জ্বালানি পাওয়া যাচ্ছে, তার দাম আকাশচুম্বী হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র তথ্য অনুযায়ী, আগস্ট মাস থেকে ইয়েমেনে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তখন থেকে ৩২৩ জন বেসামরিক নাগরিকের হতাহতের খবর নিশ্চিত করেছে, যার মধ্যে ৭৬ জন নিহত হয়েছেন এবং নিহতদের অর্ধেকই শিশু।
হুতিদের অগ্রগতি এবং সৌদি আরবের ওপর হামলার জবাবে সৌদি-নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট বিমান হামলা জোরদার করেছে, যা বেসামরিক নাগরিকদের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। হুতি কর্তৃপক্ষের মতে, চলতি মাসের শুরুর দিকে সানায় এক হামলায় ৪৪ জন নিহত হন। সৌদি আরব বলছে, হুতিদের হাত থেকে ইয়েমেনি জনগণ এবং বিশ্ব বাণিজ্যকে রক্ষা করার জন্যই এসব অভিযান চালানো হয়েছে।
যুদ্ধের শুরুর বছরগুলোতে সৌদি-নেতৃত্বাধীন বোমা হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন এবং বাড়িঘর, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গিয়েছিল।
হুতিরাও সরকার-নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলার পাশাপাশি তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে দমন-পীড়নের মাধ্যমে বেসামরিক নাগরিকদের চরম দুর্ভোগের মুখে ফেলেছে। আবু খলিল আশা করেন, তিনি শিগগিরই তার স্ত্রী ও সন্তানদের সানার বিপদ থেকে সরিয়ে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন এবং তিনি বলেন, ’হুতিরা চলে না যাওয়া পর্যন্ত আমি আর ফিরে যাব না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘদিন পর আবারও সচল হতে যাচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
এদিকে ১১২ কর্মীর মধ্যে ১০৩ জন শুক্রবার ভোররাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি ৯ জনের কিছু প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকায় তারা যেতে পারেননি। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে এই ৯ জনও মালয়েশিয়া যাবেন।
এই সময় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা, শ্রমবিষয়ক মিনিস্টার সিদ্দিকুর রহমান, শ্রমবিষয়ক কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামসহ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।
হাইকমিশনার কর্মীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মালয়েশিয়ার আইনকানুন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন। তিনি তাদের নিরাপদ ও সফল কর্মজীবন কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ