ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রাবিরতির দাবিতে তিস্তা যমুনা এক্সপ্রেস ট্রেন অবরোধ


গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রাবিরতির দাবিতে তিস্তা যমুনা এক্সপ্রেস ট্রেন অবরোধ

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাঁরা তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৪ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা এবং প্রশাসনের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই কর্মসূচি শুরু করেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্রপুর একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আশপাশে ঘনবসতি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামরিক স্থাপনা থাকায় এ স্টেশন ব্যবহার করে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন।

আরও পড়ুন: প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ প্রতিরোধের পরিকল্পনা : ববি হাজ্জাজ

অথচ গুরুত্বপূর্ণ এ স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। ফলে এসব ট্রেনে যাতায়াত করতে আগ্রহী যাত্রীদের অন্য স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। দীর্ঘদিন ধরে ট্রেন দুটির যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না আসায় শনিবার তাঁরা রেললাইন অবরোধ করে বিক্ষোভে নামেন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নিয়ে লাল ব্যানার টাঙিয়ে দেন। এতে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনেও অবস্থান নেন তাঁরা। সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রেনটি আটকে রাখা হয়। এ সময় রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করেন আন্দোলনকারীরা।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, এর আগে স্থানীয় জনগণ শ্রীপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করেছিলেন। এবার রাজেন্দ্রপুরে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে তাঁরা আন্দোলনে নামেন। এ সময় সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত যমুনা এক্সপ্রেস আটকে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, সকাল ৬টা থেকে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ঢাকা তেজগাঁও বিভাগের অভিযানে ৭০ জন গ্রেফতার

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, রাজেন্দ্রপুরের যাত্রী চাহিদা, এলাকার গুরুত্ব এবং সেনানিবাসের যাতায়াত সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এতে রাজেন্দ্রপুরসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


ঢাকার মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : আত্মপরিচয়, আত্মপ্রবঞ্চনা এবং নিজের মুখোমুখি দাঁড়ানোর কাহিনি নিয়ে ঢাকার মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’।

নাটকটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও নাট্যকার শাহমান মৈশান, যা নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের বিশ্বখ্যাত নাটক ‘পিয়ের গিন্ট’ এর ভিত্তিতে তৈরি। নাটকটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. আহমেদুল কবির।

আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকের কাহিনিতে দেখা যায়, উত্তাল সমুদ্রের বুকে জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ পিয়ারু গাজি। জীবনের শেষ প্রান্তে এসে দেশে ফেরার তাড়া তাকে তাড়িত করছে। তবে বাড়ি ফেরার এই যাত্রায় তাকে পাড়ি দিতে হচ্ছে ফেলে আসা স্মৃতি, অনুশোচনা এবং আত্মপরিচয়ের জটিল পথ।

মানুষ কি নিজের আরোপিত পরিচয়ের আড়ালে প্রকৃত সত্তা হারিয়ে ফেলে—এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি নির্মিত হয়েছে।

হেনরিক ইবসেনের উত্তর ইউরোপীয় প্রেক্ষাপটকে এই প্রযোজনায় নতুনভাবে রূপায়িত করা হয়েছে বাংলার মানুষ, ভাষা, সংস্কৃতি, লোকজ অনুষঙ্গ এবং জীবন-অভিজ্ঞতার আলোকে। এর ফলে নাটকের আখ্যান স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক মাত্রা পেয়েছে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র পিয়ারু কখনো প্রেমিক, কখনো উচ্চাকাঙ্ক্ষী, আবার কখনো ক্ষমতা ও সম্পদের মোহে আচ্ছন্ন মানুষ। জীবনের প্রতিটি বাঁকে নতুন পরিচয় নির্মাণ করতে গিয়ে ক্রমেই নিজের অস্তিত্ব হারিয়েছেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে তাঁকে খুঁজতে হয় হারিয়ে ফেলা সেই মানুষটিকেই।

স্মৃতি, কল্পনা এবং বাস্তবতার মেলবন্ধনে নির্মিত নাটকটি আত্মপরিচয়, আত্মপ্রবঞ্চনা এবং নিজের মুখোমুখি দাঁড়ানোর এক জীবনঘনিষ্ঠ আখ্যান হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১-এ বাংলাদেশ, ভুটান ও নেপালের সহযোগিতা জোরদারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


কপ-৩১-এ বাংলাদেশ, ভুটান ও নেপালের সহযোগিতা জোরদারের আহ্বান

জলবায়ু ঝুঁকি বিবেচনায় ন্যায্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার জন্য বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা উল্লেখ করেছেন, এলডিসি থেকে উত্তরণ মানেই জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ নয়। অর্থনৈতিক অগ্রগতি ঘটলেও, এসব দেশের জলবায়ু ঝুঁকি এবং অভিযোজনের প্রয়োজনীয়তা অব্যাহত থাকবে। তাই উন্নয়নের অগ্রগতিকে জলবায়ু অর্থায়ন বন্ধ বা সীমিত করার ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ (সিজেএ-বি) যৌথভাবে ‘ফ্রম শেয়ারড ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স ইন বিবিএন : অ্যাডভান্সিং অ্যাডাপটেশন অ্যান্ড ফাইন্যান্স প্রাইওরিটিজ অ্যাট কপ-৩১’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ মানেই জলবায়ু ঝুঁকি থেকে উত্তরণ নয়। তাই বাংলাদেশের পাশাপাশি ভুটান ও নেপালের প্রকৃত জলবায়ু ঝুঁকি এবং অভিযোজনের প্রয়োজন বিবেচনায় আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ অব্যাহত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিআরডির প্রোগ্রাম ম্যানেজার-রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি শেখ নুর আতায়া রাবি। তিনি বলেন, কপ-৩১-এ বাংলাদেশ, ভুটান ও নেপালের সমন্বিত অভিযোজন এবং জলবায়ু অর্থায়নসংক্রান্ত অবস্থান তুলে ধরা জরুরি। দেশগুলোর নিজস্ব ঝুঁকি এবং প্রয়োজনের পাশাপাশি অভিন্ন ঝুঁকিগুলোও আন্তর্জাতিক আলোচনায় যথাযথভাবে উপস্থাপন করতে হবে। এ জন্য সরকারের এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াজনিত দুর্যোগ দিন দিন আরো ঘন ঘন, তীব্র, দীর্ঘস্থায়ী এবং অনিশ্চিত হয়ে উঠছে। এসব দুর্যোগের প্রভাব অনেক সময় দেশের সীমানা ছাড়িয়ে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা অনেক এলাকা এবং জনগোষ্ঠী এখনো প্রয়োজনীয় মনোযোগ এবং সহায়তা পাচ্ছে না। ঝুঁকি চিহ্নিত করা, প্রয়োজন নিরূপণ, দায়িত্ব নির্ধারণ এবং সম্পদ বরাদ্দেও ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে আন্তদেশীয় নাগরিক সমাজের যৌথ উদ্যোগ জলবায়ু আলোচনা, নীতিনির্ধারণ এবং পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু এবং ঝুঁকিপূর্ণ জনগণের কাছে সময়মতো তথ্য পৌঁছানো নিশ্চিত করতে হবে।

ক্লাইমেট অ্যানালিটিকস সাউথ এশিয়ার পরিচালক মণিত লাকাল বলেন, বাংলাদেশ, ভুটান এবং নেপাল একটি অভিন্ন পাহাড়-দ্বীপ জলবায়ু অঞ্চলের অংশ। দেশগুলোর জলবায়ু ঝুঁকির ধরন আলাদা হলেও সেগুলো পরস্পর সম্পর্কিত। তাই বিবিএন অঞ্চলকে সমন্বিত আঞ্চলিক অভিযোজন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিআরএল) মো. জিয়াউল হক বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি দেশের উন্নয়নের অগ্রগতি নির্দেশ করে, জলবায়ু ঝুঁকির অবসান নয়। তাই জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) প্রক্রিয়ায় অভিযোজনের অগ্রাধিকার এবং জলবায়ু অর্থায়নের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করতে হবে। ভবিষ্যতের জলবায়ু ঝুঁকি এবং দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় অনুদানভিত্তিক অর্থায়ন অব্যাহত রাখা জরুরি।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার (ক্যানসা) প্রোগ্রাম ম্যানেজার রুচি চৌধুরী বলেন, তীব্র জলবায়ু ঝুঁকি এবং সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশ, ভুটান এবং নেপাল জলবায়ু মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশগুলোর সরকার এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে অভিযোজন কার্যক্রম এগিয়ে নিতে হবে। পাশাপাশি আন্তসীমান্ত জলবায়ু ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে কপ৩১ এবং পরবর্তী সময়ের জন্য তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। এগুলো হলো, জলবায়ু ঝুঁকি বিবেচনায় অভিযোজনকে বৈশ্বিক আলোচনার অন্যতম প্রধান অগ্রাধিকার করা; এলডিসি উত্তরণের পরও পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য, সহজলভ্য এবং অনুদানভিত্তিক অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখা এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি খাতে সব ধরনের উদ্যোগের কথা বললেন মন্ত্রী ইকবাল মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


জ্বালানি খাতে সব ধরনের উদ্যোগের কথা বললেন মন্ত্রী ইকবাল মাহমুদ

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মন্তব্য করেছেন যে, উন্নয়ন সম্ভব নয় বিদ্যুৎ ছাড়া, এবং সস্তা বিদ্যুৎ পেতে হলে সস্তা জ্বালানির প্রয়োজন রয়েছে। তাই, তাদের লক্ষ্য হচ্ছে সস্তা জ্বালানির দিকে অগ্রসর হওয়া।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।

জ্বালানি মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য যে প্রযুক্তিগুলি উদ্ভাবিত হচ্ছে, মাতারবাড়িতে গেলে দেখা যাবে সেখানে কোনো ধোঁয়া নেই। তিনি বলেন, "অর্থনীতির জন্য সব ধরনের জ্বালানিতে যেতে হবে। পরিবেশের নাম দিয়ে বেকারত্ব বাড়ানো তো লাভের নয়। আমরা সব ধরনের জ্বালানিতে হাত দেব।"

তিনি জানান, কয়লা উত্তোলনের জন্য এখনই উপযুক্ত সময় এবং এটি উন্মুক্ত পদ্ধতিতে হতে হবে। নতুন প্রযুক্তি এসেছে, যার ফলে জমির ক্ষতি হবে না। তিনি বলেন, "আমরা এটার ওপর জোর দিচ্ছি। বিডিং প্রসেস/দরপত্র প্রক্রিয়া কী হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রধানমন্ত্রী তিন মাসের মধ্যে এটি চূড়ান্ত করতে বলেছেন। এরপরই আমরা বিডিং প্রসেসে যাব।"

মন্ত্রী আরও বলেন, আদানিসহ ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তির ক্ষেত্রে সভরেন গ্যারান্টি দেওয়া হয়েছে, যা বাতিল করা সম্ভব নয়। তবে, তিনি জানান, "আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। জ্বালানির সমস্যার কারণে তারাও দাম বাড়াতে চাচ্ছেন। আমাদের টিম ভারতে গিয়েছিল। যাতে দাম কমাতে পারি, সেজন্য চেষ্টা করছি।"

তিনি বলেন, বর্তমানে আমাদের গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। ১৫-২০ দিন ধরে লোডশেডিং খুব কম জায়গায় হচ্ছে। যেখানে হচ্ছে, তা কারিগরি কারণে। বিদ্যুৎ সরবরাহ বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে এবং গ্যাসও ডিমান্ড অনুযায়ী সরবরাহ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর

সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য বড় আয়োজন বা দামি উপহারের প্রয়োজন নেই। বরং, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোই বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের ভিত্তি শক্তিশালী করতে পারে। বলিউড অভিনেতা রণবীর কাপুর এমন একটি সুন্দর অভ্যাস গড়ে তুলেছেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি চার বছর বয়সী মেয়ে রাহাকে দুটি প্রশ্ন করেন। এই অভ্যাসের কথা জানিয়েছেন রণবীরের মা, অভিনেত্রী নীতু কাপুর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাতনি রাহার সঙ্গে রণবীরের সম্পর্কের একটি মিষ্টি দিক তুলে ধরেছেন নীতু। তিনি জানান, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর। প্রথম প্রশ্নটি হলো, ‘আজ কিসে তুমি আনন্দ পেয়েছ?’ দ্বিতীয়টি, ‘আজ কোন জিনিসে তোমার মন খারাপ হয়েছে?’

বাবার এমন প্রশ্নের উত্তরে রাহা তার ভালো লাগা ও খারাপ লাগার অনুভূতিগুলো প্রকাশ করে। নীতুর মতে, মেয়ের সঙ্গে রণবীরের এই নিয়মিত কথোপকথনের অভ্যাসটি সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে ছোটবেলা থেকেই রাহা নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পাচ্ছে।

শিশু মনোবিশেষজ্ঞদের মতে, সন্তানের সঙ্গে নিয়মিত কথা বলা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা যখন বুঝতে পারে, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে এবং অনুভূতি প্রকাশের জন্য তারা নিরাপদ পরিবেশ পাচ্ছে, তখন বাবা-মায়ের সঙ্গে তাদের বিশ্বাস ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।

শিশুরা স্বাভাবিকভাবেই নতুন অভিজ্ঞতা অর্জন করতে, নিজেদের পছন্দ প্রকাশ করতে এবং নিজস্ব পরিচয় গড়ে তুলতে চায়। এ ক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্ব হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সন্তান মনের কথা বলতে পারে কোনো বিচার বা সমালোচনার ভয় ছাড়াই।

ছোটবেলা থেকেই যদি সন্তান বুঝতে পারে যে তার মতামত ও পছন্দকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে তার আত্মবিশ্বাসও বৃদ্ধি পেতে পারে। নিজের সিদ্ধান্ত নেওয়া, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আবেগ সামলানোর ক্ষেত্রেও ইতিবাচক ভিত্তি তৈরি হয়।

ব্যস্ত জীবনে অনেক বাবা-মায়ের পক্ষেই সন্তানের সঙ্গে দীর্ঘ সময় কাটানো সম্ভব হয় না। তবে দিনের শেষে মাত্র কয়েক মিনিট মনোযোগ দিয়ে কথা বলাও সম্পর্ক গভীর করার কার্যকর উপায় হতে পারে। রণবীরের এই অভ্যাস তাই শুধু বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত নয়, সন্তানকে বোঝার এবং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি সুন্দর উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%