ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়


বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ফরিদপুর জেলা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টির বিতার্কিক দল।

প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বাংলাদেশের সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিলুপ্ত করবে’। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপক্ষ দলের বিরুদ্ধে যুক্তি, তথ্য-উপাত্ত ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিজয় নিশ্চিত করেছে।

বিদ্যালয়ের আট সদস্যের প্রতিনিধি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিনিধিদলে ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী সাদিকা জামান, মারুফা সুলতানা মৌ, নবম শ্রেণির সিদরাতুল সাউদা, সাদিয়া আক্তার মুমু এবং অষ্টম শ্রেণির ফাবিহা রাইসা তালুকদার, সাবিহা কাদের সারা, তালাত তালহা ও মরিয়ম আক্তার।

আরও পড়ুন: ইস্তাম্বুলে জলবায়ু সম্মেলনে অংশ নিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়ী দলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা রাইসা তালুকদার বলেন, ‘জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিয়মিত অনুশীলনের ফল। ভবিষ্যতেও আমরা বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে চাই।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন এ বিষয়ে মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের অধ্যবসায়, যুক্তিনির্ভর চিন্তা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করব।’

এ বিজয়ের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। জাতীয় পর্যায়ে এমন সাফল্যে গর্বিত পুরো পূর্বধলাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। তাঁরা বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে এ সাফল্যকে পূর্বধলার শিক্ষাঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে অভিহিত করেছেন।

এমএইচ

আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৬ষ্ঠ বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অডিট আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৬ষ্ঠ বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অডিট আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৬ষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজারভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেয়া এবং পরবর্তী সময়ে পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টি আলোচিত হয়। এ ক্রয় ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টি অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ করা না হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

লিজ করা দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। এ-সংক্রান্ত সব নথিপত্র আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে উপস্থাপনের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র উপস্থাপনের অঙ্গীকার করে।

কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তির বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩.৫০ কোটি টাকা জড়িত থাকার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষের দাবি করা আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের স্বপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট উপস্থাপন করতে না পারায় অডিট বিভাগ তা গ্রহণ করেনি। এ ছাড়া অনাদায়ী অর্থের বিষয়টিও আলোচনায় আসে। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়।

সভায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ালাইন্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক কর্মকর্তা শরীফের চাকরি পুনর্বহাল, জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধা ফিরে পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


দুদক কর্মকর্তা শরীফের চাকরি পুনর্বহাল, জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধা ফিরে পেলেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে অপসারণের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে এবং বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা ও সকল বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন। মঙ্গলবার দুদকের একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২১ সালের জুনে পটুয়াখালীতে বদলির আগে শরীফ উদ্দিন দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধির ক্ষমতাবলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। ওই সময় তার চাকরিচ্যুতি দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধনের মতো ঘটনা ঘটে।

কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণের ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। পরবর্তীতে এই বিধির বৈধতা নিয়ে আপিল বিভাগের রায়ের পর ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত জানায়, ৫৪(২) বিধিটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবং ১২ দফা গাইডলাইন অনুসরণ করে প্রয়োগ করতে হবে।

এরপর হাইকোর্টে শরীফের রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই আদালত তাকে চাকরিচ্যুত করার আদেশটি অবৈধ ও বাতিল বলে রায় দেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরবর্তীতে সংস্থাটি তা প্রত্যাহার করে নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি ‘নট টু প্রসিড’ বা না চালানোর কারণে খারিজ করেন। এর ফলে এই সাবেক কর্মকর্তার চাকরিতে ফেরার সমস্ত আইনি জটিলতা কেটে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে গ্রেপ্তার হলেন ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ফরিদপুরে গ্রেপ্তার হলেন ঢাবি ছাত্রলীগ নেতা ফেরদাউস

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউস (২৮) কে ফরিদপুরের সালথায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা মতিয়ার বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের নেতা হিসেবে এলাকায় একটি প্রভাবশালী অবস্থানে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেরদাউস আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর, কয়েকদিন ধরে তিনি গোপনে তার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এদিকে, তার পরিবার জানিয়েছে যে, ফেরদাউসের সোনালী ব্যাংকে ম্যানেজার পদে যোগ দেওয়ার কথা ছিল অতি শীঘ্রই।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাবি ছাত্রলীগের নেতা ফেরদাউসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় চাঁদাবাজির ভয়াবহ পরিস্থিতিতে ডিআইজির ভূমিকা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


খুলনায় চাঁদাবাজির ভয়াবহ পরিস্থিতিতে ডিআইজির ভূমিকা নিয়ে প্রশ্ন

খুলনায় নীরব চাঁদাবাজির ভয়াবহ বিস্তার ঘটেছে। ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভয়ের কারণে মুখ খুলতে পারছেন না। অভিযোগ উঠেছে যে, পাঁচ-ছয়টি সংঘবদ্ধ গ্রুপ মানুষকে জিম্মি করে লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে। চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক ব্যবসায়ী খুলনা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সম্প্রতি খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যে খুলনার নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনের কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেসিসি প্রশাসক বলেন, খুলনায় এক ধরনের নীরব চাঁদাবাজি চলছে। মানুষ ভয়ে মুখ খুলতে পারছেন না। চাঁদাবাজির শিকার হলেও অনেকে অভিযোগ করার সাহস পাচ্ছেন না। কারণ, অভিযোগের খবর অপরাধীদের কাছে পৌঁছে গেলে গুলি কিংবা হত্যার শিকার হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে অনেকেই নীরবে চাঁদা দিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেন যে, পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে মানুষকে জিম্মি করে লাখ লাখ থেকে কোটি কোটি টাকা আদায় করছে।

তিনি আরও বলেন, খুলনার মানুষ এভাবে বাঁচতে পারবেন না। এই পরিস্থিতি চলতে থাকলে শহরে কোনো উন্নয়ন হবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি নগরীতে বসবাস করতে বাধ্য হবেন। এর পরিণতিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ খুলনা ছেড়ে চলে যাবেন। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী খুলনা ত্যাগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চিকিৎসক ও ব্যবসায়ীরা এতটাই আতঙ্কিত যে, অনেকেই ফোন খুলে রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানে চাঁদাবাজি চলছে। মানুষ কোথায় অভিযোগ করবেন, কার কাছে নিরাপত্তা চাইবেন, তা নিয়েও দ্বিধায় রয়েছেন। খুলনায় অপরাধের বিস্তার শুধু ব্যবসাপ্রতিষ্ঠান বা দোকানপাটে সীমাবদ্ধ নেই বলে অভিযোগ করেছেন কেসিসি প্রশাসক। তাঁর বক্তব্য অনুযায়ী, হাসপাতাল, ক্লিনিক, সেবাকেন্দ্র, রেস্টুরেন্ট ও কোচিং সেন্টারেও হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। চিকিৎসক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা ইনকিলাবকে বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা-, প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনার অভিযোগ সামনে আসার পরও কেন অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাচ্ছে না এ প্রশ্ন এখন নগরবাসীর আলোচনায়। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি কতটা জোরদার করা হয়েছে, তা নিয়েও জানতে চান সাধারণ মানুষ।

তিনি আরো বলেন, অপরাধীরা যদি প্রকাশ্যে কিংবা আড়ালে থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করতে পারে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু বিচ্ছিন্ন অভিযান পরিচালনা যথেষ্ট নয়। চাঁদাবাজির নেটওয়ার্ক, অর্থের লেনদেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং পেছনের শক্তিকে শনাক্ত করতে সমন্বিত তদন্ত জরুরি। একই সঙ্গে অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভুক্তভোগীরা সামনে আসবেন না। ফলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়বে।

সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ এ উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে হামলার অভিযোগে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পেছনে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্য রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%