মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:২৯ এম
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ডিসেম্বর মাসকে সামনে রেখে ক্যাম্পাসে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
ওএসডি হিসেবে পদায়িত দুই শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) এবং সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)। তাদের মধ্যে অধ্যাপক ড. মো. শামীমের বাড়ি গোপালগঞ্জে। অভিযোগ রয়েছে, তারা দুজনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে চাকরিতে যোগদান করেছিলেন।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক কলেজ ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠার জন্য গোপনে কাজ করে যাচ্ছিলেন। বিশেষ করে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বিএল কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তারা সংগঠিত হচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে তাদের পূর্বের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ উল্লেখ করে পুনরায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়নের কথা বলা হয়েছে।
আদেশে দুই শিক্ষককে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ