মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৬ এম
ঊরুর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এনদ্রিক।
মাদ্রিদের ক্লাবটি সোমবার (২৩ নভেম্বর) ২০ বছর বয়সি এই ব্রাজিলিয়ান ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে রিয়াল মাদ্রিদ তার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানায়নি বিবৃতিতে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এনদ্রিককে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে পিএসভি আইন্দহোভেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া লা লিগায় আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, আথলেতিক বিলবাও ও ওসাসুনার বিপক্ষে ম্যাচেও এনদ্রিক খেলতে পারবেন না। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় আর্সেনালের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রিয়ালের সর্বশেষ চারটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন এনদ্রিক। চলতি মৌসুমে দলটির হয়ে আট ম্যাচ খেলে তিনি একটি গোল করেছেন এবং একটি অ্যাসিস্টও করেছেন এই তরুণ ফরোয়ার্ড।
চোটের কারণে রিয়াল মাদ্রিদের আরও তিন ফুটবলার মাঠের বাইরে রয়েছেন। তারা হলেন, ফেরলদ মদি, রাউল আসেন্সিও ও রদ্রিগো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২ নম্বর বইলর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল ২৩ নভেম্বর সোমবার সকালে কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছেন।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
সূত্রে জানা যায়, ১৯৭১ সালে ত্রিশাল উপজেলার আহমদাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ বিচারিক আদালতে নকিব হোসেন আদিলসহ ৯ জনকে আসামি করে মামলা করেন মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে রুহুল আমীন। ওই দিনই আদালত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তাদের মধ্যে একজন হলেন নকিব হোসেন আদিল, যিনি ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের গেদু চেয়ারম্যানের ছেলে এবং একাধিকবারের সাবেক ইউপি চেয়ারম্যান।
২০২৩ সালের ৩০ জানুয়ারি র্যাব আদিল চেয়ারম্যানকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি সেলে বন্দী ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নকিব হোসেন আদিলের ৩ মেয়ে ও ৪ ছেলে সন্তান রয়েছে। মঙ্গলবার কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে তার লাশ হস্তান্তর করা হবে। একই দিন বেলা ১১টায় বইলর রহমানিয়া উচ্চবিদ্যালয়ে এবং বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ