১১:৪৬ এম
ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার করেছে। এ অভিযানের সময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) এ বিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তক্ষকটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেফতারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সাভার মডেল থানায় মামলাও দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা জেলা ডিবির এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন