১১:০৫ পি.এম
ফরিদপুর, ৩ নভেম্বর, ২০২৬ : জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং গ্রামীণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে আটজন সদস্যের মধ্যে অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করেছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ।
আজ মঙ্গলবার দুপুর ২টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং এসডিসির বাস্তবায়নে ‘এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট’ প্রকল্পের আওতায় ফরিদপুর সদর শাখার সদস্যদের মধ্যে অনুদান প্রদান করা হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে তিনজন উচ্চফলনশীল নতুন জাতের ফসল চাষে, একজন জলবায়ু সহনশীল জাতের ফসল চাষে, একজন আন্তঃফসল চাষ প্রদর্শনীতে, দুজন পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদনে এবং একজন এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে বছরব্যাপী ফসল চাষে রয়েছেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে জমি বিরোধে ৭ হাজার ফুলকপির চারা নষ্ট
এ সময় সদস্যদের মধ্যে ফসল ও সবজির বীজ, ফলগাছের চারা, জৈব বালাইনাশক, জৈব সার, সিমেন্টের খুঁটি, সাইনবোর্ড, রেজিস্টার খাতা ও কলমসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপকরণ বিতরণ করেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহকারী পরিচালক (প্রশাসন) ইরানি সাদেক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও এএমডিইউর অতিরিক্ত কো-অর্ডিনেটর ডা. বিপ্লব কুমার মোহন্ত, এগ্রিকালচার অফিসার সুমাইয়া হাসান এবং সহকারী এগ্রিকালচার অফিসার সাজিদ আহমেদ।
এসডিসি কর্তৃপক্ষ জানায়, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করা, কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
আরও পড়ুন: সপ্তাহের ব্যবধানে হিলিতে আদার দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন