০৬:৩০ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : দেশের শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এডিবির হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন মন্তব্য করেন, "দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় এডিবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।" তিনি উল্লেখ করেন যে, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
আরও পড়ুন: খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।" শিক্ষা খাতের এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এডিবি বাস্তবভিত্তিক সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে এডিবির পরিচালক জি সুন সং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষা খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি জানান, "বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবির বিভিন্ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আরো কয়েকটি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন আছে।" এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এডিবি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে আরো বেশি অবদান রাখতে আগ্রহী বলে তিনি জানান।
এ সময় এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাটসুনাগা, কান্ট্রি অপারেশনস হেড চন্দন সাপকতা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি করেছে: বাণিজ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন