০৬:৩১ পি.এম
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (BRSA) নিবন্ধন বিভাগের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার মধ্যে নতুন নিয়োগবিধি প্রণয়ন, বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগ, ভূমি নিবন্ধন অটোমেশন প্রকল্প এবং আইন সংশোধন অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান কার্যনির্বাহী পরিষদের ধারাবাহিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের ফলে দীর্ঘদিনের নানা দাবি এখন বাস্তবায়নের পথে রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এ ছাড়া আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইনমন্ত্রীর কাছে ছয় দফা দাবি পেশ করেন এবং সংগঠনের বিভিন্ন অর্জন ও অগ্রগতি তুলে ধরেন।
আরও পড়ুন: খাদ্যে ভেজাল প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম
ছয় দফা দাবি
১. সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি: দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ তৈরি করা। বর্তমান কাঠামোতে সাব-রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর সময় লেগে যায়।
২. বৈদেশিক মিশনে পদায়ন: বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারদের স্থায়ী পদ তৈরি করা, যা প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ ও প্রতারণা কমাতে সহায়ক হবে।
৩. সরকারি গাড়ি বরাদ্দ: অন্যান্য দপ্তরের উপজেলা ও জেলা পর্যায়ের প্রধানদের মতো জেলা রেজিস্ট্রারদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করা।
আরও পড়ুন: ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি করেছে: বাণিজ্যমন্ত্রী
৪. ট্রেনিং একাডেমি স্থাপন: নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব ট্রেনিং একাডেমি স্থাপন ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা। ইতিমধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ২৪২ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন এবং চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ মিলেছে।
৫. জনবল বৃদ্ধি: প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন ডেডিকেটেড কম্পিউটার অপারেটর নিয়োগ।
৬. দলিল লেখক ও কর্মচারীদের সুযোগ-সুবিধা: দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণ, সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং প্রতিটি অফিসে দৈনিক ৬০ টাকা বেতনে কর্মরত উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করা।
সংগঠনের উল্লেখযোগ্য অর্জনসমূহ:
আরও পড়ুন: শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার জন্য দক্ষ পেশাদার জনবল প্রয়োজন: ডা. জুবাইদা রহমান
নিয়োগবিধি প্রণয়ন: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ‘নিবন্ধন অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধি, ২০২৫’ গত ১৯ অক্টোবর ২০২৫ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টি: নিবন্ধন বিভাগের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে গত ১৬ মে ২০২৬ আয়োজিত কর্মশালার প্রস্তাবের ধারাবাহিকতায় আইন ও বিচার বিভাগের মাধ্যমে ৫৫১টি পদ ক্যাডারভুক্তকরণ এবং কর্মকর্তাদের ওই ক্যাডারে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমি নিবন্ধন অটোমেশন: নিবন্ধন সেবাকে আধুনিক ও জনবান্ধব করতে গত ১০ নভেম্বর ২০২৫ ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ অনুমোদিত হয়, যার বাস্তবায়ন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এর মাধ্যমে দলিল উপস্থাপন, গ্রহণ ও নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল হবে এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে।
আইন সংশোধন: গত ১০ এপ্রিল ২০২৬ ‘নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৬’ গেজেট আকারে প্রকাশিত হয়। এর ফলে নিবন্ধনের সময়সীমা, বিদেশে সম্পাদিত দলিল দাখিল, নামজারি সাপেক্ষে দলিল নিবন্ধন এবং আপিলের সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন এসেছে। এ ছাড়া সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর সংশোধনীতে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক স্বতন্ত্র দানের বিধান যুক্ত হয়েছে।
আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বৃদ্ধির আহ্বান শিক্ষামন্ত্রীর
অবকাঠামো ও যানবাহন সুবিধা: নিবন্ধন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের জন্য ৫টি এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের জন্য ৬১টিসহ মোট ৬৬টি গাড়ি বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ঢাকার রমনার ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ ভবনে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরের পথ তৈরি হয়েছে।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের প্রত্যাশা, অর্জিত অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য আধুনিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত নিবন্ধন সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন