১১:৫৫ এম
সৌদি আরবের কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এর মধ্যে ৬ হাজার ৯৭৬ জন আবাসন আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ১১০ জন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করার অভিযোগে এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৪৫০ জন সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া, সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২৭ জনকে আরও গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে যে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা প্রদান, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি, সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল বা প্রায় ২ লাখ ৬৭ হাজার ডলার জরিমানা এবং ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
আরও পড়ুন: রোববার রাতে পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
কর্তৃপক্ষ জানায়, সন্দেহজনক আইন লঙ্ঘনের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে জানানো যাবে। সৌদি কর্তৃপক্ষের এই সাম্প্রতিক অভিযান দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগের ধারাবাহিকতার অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন