০৪:০৩ পি.এম
মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প আয়োজন করেছে। ২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিবিএল মানি ট্রান্সফার কেন্দ্রে এই ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সেবা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এই বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয় এবং প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ করা হয়। এছাড়া, বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়, যার মধ্যে ভ্রমণ অনুমতিপত্র বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্র প্রদান অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া, প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের নিয়মাবলি সম্পর্কে হাতে-কলমে পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: দালালের দৌরাত্ম্যে শ্রমবাজার বন্ধের শঙ্কা, মালয়েশিয়া যাওয়ার চুক্তি করছেন শ্রমিকরা
পেনাংসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়ে কাছাকাছি স্থানে প্রয়োজনীয় পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল। এর ফলে প্রবাসীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি, সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত জরুরি কার্যক্রম সহজে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়মিত এ ধরনের বিশেষ ক্যাম্প জরুরি কনস্যুলার সেবাকে আরও সহজলভ্য করে তুলবে। পাশাপাশি, প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা তৈরিতেও এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন: দুবাই গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন মহিন, পরিবারের সচ্ছলতা ফেরাতে চেষ্টার মধ্যে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন