ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ


পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

পটুয়াখালী, ২২ নভেম্বর ২০২৬ : ঘূর্ণিঝড় আকভান বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ আকারে ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশা গ্রামীণ জনপদকে ঢেকে রেখেছে। হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টির ফলে শীত ও কুয়াশায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

শীতের অনুভূতি বেড়ে যাওয়ার কারণে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এদিকে, টানা বৃষ্টির ফলে আমন ধান ও শীতকালীন সবজি চাষে কৃষকদের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এর ফলে সড়ক চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের উচ্চকক্ষ কর্মকর্তা মাসুদ রানা রুবেল আজ দুপুর ১২টায় বাসসকে জানান, দক্ষিণাঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে শুষ্ক ত্বকের যত্নে ৬টি ঘরোয়া স্ক্রাব প্রস্তুত করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


শীতে শুষ্ক ত্বকের যত্নে ৬টি ঘরোয়া স্ক্রাব প্রস্তুত করুন

শীতে অনেকের ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হয়ে যায়। তাপমাত্রা কমার সাথে সাথে বাতাসের আর্দ্রতা হ্রাস পাওয়ার কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এই সময় নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি হালকা এক্সফোলিয়েশনও কার্যকর হতে পারে। বাজারের দামি প্রসাধনীর পরিবর্তে ঘরে থাকা উপকরণ যেমন ওটস, মধু, দই, কফি বা চালের গুঁড়া দিয়ে স্ক্রাব তৈরি করা সম্ভব। চলুন, শুষ্ক ত্বকের যত্নে ছয় ধরনের ঘরোয়া স্ক্রাব তৈরির পদ্ধতি জেনে নেওয়া যাক।

১. ওটস ও মধুর স্ক্রাব

শুষ্ক ত্বকের জন্য ওটস এবং মধু দিয়ে তৈরি স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। ওটস ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, আর মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

যেভাবে তৈরি করবেন : দুই টেবিল চামচ মিহি গুঁড়া করা ওটসের সাথে এক টেবিল চামচ মধু মেশান। প্রয়োজন অনুযায়ী সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। ভেজা ত্বকে মিশ্রণটি লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. কফি ও নারকেল তেলের স্ক্রাব

কফির গুঁড়া ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং নারকেল তেল ত্বককে নরম রাখতে সহায়তা করে। বিশেষ করে হাত-পা ও শরীরের রুক্ষ অংশের যত্নে এই স্ক্রাব ব্যবহার করা যেতে পারে।

যেভাবে তৈরি করবেন : দুই টেবিল চামচ মিহি কফির গুঁড়ার সাথে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ভেজা ত্বকে মিশ্রণটি লাগিয়ে বৃত্তাকারভাবে আলতো ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখের সংবেদনশীল ত্বকে এই স্ক্রাব ব্যবহার না করাই ভালো।

৩. টক দই ও ওটসের স্ক্রাব

টক দইয়ে উপস্থিত ল্যাকটিক এসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ওটস ত্বককে আরাম দিতে পারে। দুই উপাদান মিশিয়ে তৈরি করা যায় সহজ এই স্ক্রাব।

যেভাবে তৈরি করবেন : এক টেবিল চামচ সাধারণ টক দইয়ের সাথে এক টেবিল চামচ মিহি গুঁড়া করা ওটস মেশান। ত্বকে পাতলা করে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর আলতোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধ বা দুগ্ধজাত উপাদানে অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করবেন না।

৪. চালের গুঁড়া ও দুধের স্ক্রাব

ত্বকের যত্নে চালের গুঁড়া ব্যবহারের প্রচলন রয়েছে। এটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, তবে চালের গুঁড়া খুব মিহি হতে হবে। মোটা দানার গুঁড়া ত্বকে ঘষলে অস্বস্তি বা জ্বালাপোড়া হতে পারে।

যেভাবে তৈরি করবেন : এক টেবিল চামচ মিহি চালের গুঁড়ার সাথে প্রয়োজনমতো দুধ মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ভেজা শরীরে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে জোরে ঘষবেন না।

৫. কলা ও ওটসের স্ক্রাব

কলা ও ওটস দিয়ে তৈরি স্ক্রাব শুষ্ক ত্বকের যত্নে ব্যবহার করা যেতে পারে। কলা ত্বকে নরম অনুভূতি দিতে পারে এবং ওটসের মিহি গুঁড়া ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে।

যেভাবে তৈরি করবেন : অর্ধেক পাকা কলা ভালোভাবে চটকে নিন। এর সাথে এক টেবিল চামচ মিহি ওটস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ভেজা ত্বকে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. ব্রাউন সুগার ও অলিভ অয়েলের স্ক্রাব

কনুই, হাঁটু ও গোড়ালির মতো শরীরের রুক্ষ অংশের যত্নে ব্রাউন সুগার ও অলিভ অয়েলের স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। ব্রাউন সুগার ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং অলিভ অয়েল ত্বককে নরম রাখতে সহায়তা করে।

যেভাবে তৈরি করবেন : এক টেবিল চামচ ব্রাউন সুগারের সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি কনুই, হাঁটু ও গোড়ালির মতো রুক্ষ অংশে আলতো হাতে ম্যাসাজ করুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। মুখে বা জ্বালাপোড়াযুক্ত ত্বকে এই স্ক্রাব ব্যবহার করবেন না।

স্ক্রাব ব্যবহারে কিছু সতর্কতা

শীতকালে ত্বক সাধারণত শুষ্ক ও সংবেদনশীল হয়ে যায়। তাই স্ক্রাব ব্যবহারের সময় জোরে ঘষাঘষি করা উচিত নয়। ত্বকে ক্ষত, লালচে ভাব, জ্বালাপোড়া বা অ্যালার্জি থাকলে স্ক্রাব ব্যবহার এড়িয়ে চলা উচিত। নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। স্ক্রাব ব্যবহারের পর ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার লাগানো উচিত। মনে রাখতে হবে, অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার তালিকায় নাম না থাকলে ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক বিবেচনা করা অনুচিত: সিএআইআর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


ভোটার তালিকায় নাম না থাকলে ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক বিবেচনা করা অনুচিত: সিএআইআর

ভারতের ভোটার তালিকা সংশোধন এবং কথিত অবৈধ বহিষ্কার কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) সতর্কবার্তাকে স্বাগত জানিয়েছে দেশটির বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।

সিএআইআর সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ভারত সরকারের বিরুদ্ধে কমিশনের এই সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থাটির অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে।

ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে বলে সিএআইআর জানায়। ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ মন্তব্য করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বিদেশি নাগরিক হিসেবে অভিযুক্ত করা এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সিএআইআরের বিবৃতিতে বলা হয়, ‘ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের কর্মকাণ্ডের ওপর দৃষ্টি দেওয়ায় আমরা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনকে স্বাগত জানাই। ধর্মীয় পরিচয়ের কারণে ভারতীয়দের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া মোদি সরকারের এমন একটি অভিযানের সর্বশেষ উদাহরণ, যার মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা কিংবা নিজেদের আবাসভূমি থেকে বিতাড়নের পথ তৈরি করা হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকার কারণে কোনো ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত নয়।

সিএআইআর বলেছে, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে সমান সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার মৌলিক মানবাধিকার। ভারতের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সিএআইআর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন। নাগরিক অধিকার রক্ষা, ইসলাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের মুসলিমদের ক্ষমতায়নে কাজ করে সংস্থাটি।

সূত্র: রয়টার্স ও সিএআইআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


বিএনপি নেতাকর্মীদের মূল্যায়নে ইউএনও-ডিসিকে চিফ প্রসিকিউটরের সতর্কতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের উদ্দেশে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে হুঁশিয়ারিমূলক বক্তব্য প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় মন্নার মেম্বারের বাড়িতে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই, আমার দলের রাজপথে যেসব নেতাকর্মী ছিলেন, অন্যায়ের শিকার হয়েছেন, জেল খেটেছেন—তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হন।”

এ সময় তিনি স্থানীয় পর্যায়ে ডিলার নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে প্রশ্ন করেন, সারের ডিলার কাকে দেওয়া হয়েছে? পাশ থেকে একজন জানান, এটি আওয়ামী লীগকে দেওয়া হয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে সংসদ সদস্যের উদ্দেশেও তিনি আহ্বান জানান, বিএনপির অনেক নেতাকর্মী এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করতে হবে।

রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সময়ে নিজ এলাকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ইউএনও, জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এ বিষয়ে সাবেক যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল মন্তব্য করেন, “আমিন ভাই সত্য কথাই বলেছেন। আসলে সবাইকে মূল্যায়ন না করলে একসময় তারা বিদ্রোহ করে বসেন, এতে দলের ক্ষতি হয়। আর প্রশাসনের উচিত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভারসাম্য বজায় রাখা।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরু

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত আসহাবুল ইয়ামিনের হত্যার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সহ মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার সূচনা বক্তব্য আগামী ১৫ ডিসেম্বর উপস্থাপন করা হবে।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করে।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলায় বর্তমানে গ্রেফতার রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া এবং মিজানুর রহমান।

সকালবেলা কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় কাঠগড়ায় তারা উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম এবং পলাতক অন্যান্য আসামির মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান এবং শরীফ আশরাফুল আলম বাবুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%