০৪:০৪ পি.এম
মাদারীপুরে এনসিপির জেলা শাখার সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগ বিএনপির সদস্য সচিব সোহেল রানার বিরুদ্ধে উঠেছে। এনসিপি জেলা শাখা এই ঘটনার পর সোহেল রানার বিচার ও দ্রুত মামলা গ্রহণের দাবি জানিয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় জেলা এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ১৮ নভেম্বর রাত ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশে ইয়াজ্জেম হোসেন রোমান যাচ্ছিলেন। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন অতর্কিতভাবে হামলা চালান। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে।
আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার
ইয়াজ্জেম হোসেন রোমান ২১ নভেম্বর শিবচর থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, তাপু চৌধুরী পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন, তবে তিনি সরে যাওয়ায় গুলি তার শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এনসিপির নেতারা সংবাদ সম্মেলনে বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়ার পরও যদি দ্রুত মামলা গ্রহণ না করা হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে। তাই তারা দাবি করেন, অভিযোগটি তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার করা এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
এনসিপির মাদারীপুর জেলার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব লায়ন আলমগীর হোসেন, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলার আহ্বায়ক রিশাদ রাব্বি, সদস্য সচিব তৌহিদ আমিন, জাতীয় ছাত্রশক্তি মাদারীপুর জেলার আরিয়ান সায়েম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শিবচর থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন