ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাজার তৈরি করতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে: মাহবুবুর রহমান


বাজার তৈরি করতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে: মাহবুবুর রহমান

রংপুরে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ আয়োজন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য খাতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ওইডঋ) রংপুর জোনের উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর কলেজ রোডের পানশী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওইডঋ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওইডঋ-এর উপদেষ্টা এটিএম আজম খান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. এমদাদ হোসাইন, ওইডঋ-এর সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু এবং রংপুর জোনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি মো. মাহবুবুর রহমান (বেলাল) বলেন, "দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি উল্লেখ করেন, "স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাজার তৈরি করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।" তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রধান আলোচক মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, "আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ব্যবসার গুণগত মান উন্নয়নের পাশাপাশি সঠিক বিপণন কৌশল গ্রহণ জরুরি।" তিনি আরও বলেন, "ডিজিটাল মাধ্যম ও প্রচলিত বিপণন ব্যবস্থার সমন্বিত ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ করতে পারেন।" তিনি উল্লেখ করেন, "সঠিক কর্মপরিকল্পনা ও নিষ্ঠা থাকলে একটি ক্ষুদ্র উদ্যোগও ধীরে ধীরে বড় শিল্পে রূপ নিতে পারে।"

আরও পড়ুন: সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন

সমাবেশে বক্তারা রংপুরের স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের জন্য ‘মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি ফর এসএমইস’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসা পরিচালনায় আধুনিক বিপণন কৌশল, ক্রেতার মনস্তত্ত্ব, পণ্যের ব্র্যান্ডিং, বিক্রয় ব্যবস্থাপনা এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ওইডঋ-এর উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক মো. আল-মামুন জমাদ্দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওইডঋ-এর রংপুর জোনের সেক্রেটারি অধ্যাপক মো. জিল্লুর রহমান মুন্সি, কারমাইকেল কলেজের সাবেক জিএস আবুল কালাম আযাদ এবং সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রংপুর মহানগর সভাপতি প্রকৌশলী মো. আরিফুর রহমান।

সমাবেশে রংপুরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তা অংশ নেন। উদ্যোক্তারা ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন ও আধুনিক বিপণন কৌশল বিষয়ে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা বলেন, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের ব্যবসা আরও সুসংগঠিত ও সম্প্রসারণ করতে পারবেন।

আরও পড়ুন: ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশ্ববিদ্যালয় পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সেবা নির্বিঘ্ন রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেছে।

মতবিনিময় সভাটি সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য জরুরি সেবা দ্রুত নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ক্যাম্পাস এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

ক্যাম্পাস, ক্যাম্পাসসংলগ্ন এলাকা ও কুমিল্লা শহরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, এসআরবি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মেস মালিক, শিক্ষার্থী প্রতিনিধি, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ ছাড়া সভায় কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, বিদ্যুৎ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, ওয়াসা, কুমিল্লা মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), কুমিল্লা জাদুঘর, উপজেলা প্রশাসন ও এনএসআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি সেবাগুলো দ্রুত নিশ্চিত করার আশ্বাস দেন উপস্থিত প্রতিনিধিরা।

সভায় কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘কুমিল্লা নগরীকে একটি নিরাপদ নগরীতে রূপান্তরের জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত টমছম ব্রিজ এলাকায় আমাদের ছয়টি টিম কাজ করে। এছাড়া সম্প্রতি আমরা কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছি। কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি অন্যান্য অপরাধীদেরও আটক করা হচ্ছে। আশা করছি, কিশোর গ্যাংয়ের উৎপাত কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘ইদানীং আমরা একটি বিষয় লক্ষ্য করছি, শিক্ষার্থী বা সাধারণ মানুষ কোনো বিপদে পড়লে আইনি সহায়তা না চেয়ে ফেসবুকে পোস্ট করেন। তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ফেসবুকে পোস্ট করেন, সমস্যা নেই; তবে একই সঙ্গে পুলিশকেও অবহিত করবেন। আমাদের নম্বর সব জায়গায় দেওয়া আছে। আপনারা অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘এখানে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন। কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে রয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত হেনস্তা, হয়রানি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ সব সময় আমাদের হাতে থাকে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা আমার ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন।’

তিনি বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীদের যে আবেদন আপনাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তার। তাদের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা নিরাপত্তার ব্যবস্থা করা আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মানে শুধু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নয়, এটি পুরো কুমিল্লার নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। বিষয়টি বিবেচনা করে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

উপাচার্য আরও বলেন, ‘এখানে মেস মালিক যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের যাদের বাসায় আমাদের শিক্ষার্থীরা থাকে সেসব বাসার একটা তালিকা আমাকে দেন। তাহলে আমদেরও নিরাপত্তা নিশ্চিত করতে সহজ হবে এবং নীবন শিক্ষার্থীরা যখন আসবে তখন যারা হলে থাকবে না তাদেরকে আপনাদের মেসে থাকার জন্য আমরা পরামর্শ দিব। পরিশেষে আমাদের ডাকে সাড়া দিয়ে আজ যারা উপস্থিত হয়েছেন, আমাদের দাবিগুলো শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম

সিরাজগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে কারিগরি শিক্ষায় অসামান্য অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন হলরুমে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) হিসেবে নির্বাচিত হন।

তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬ অনুযায়ী কারিগরি শিক্ষায় উপজেলা, জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন।

২০১৯ সালে কারিগরি শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি জ্ঞান তাপস ডা. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন।

২০২২ সালে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড লাভ করেন এবং ২০২৩ সালের ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলমেন্ট রিসোর্স সেন্টারের উদ্যোগে দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড অর্জন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর মো. শরীফুল ইসলাম ২০০১ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায় ‘ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ’ প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল কারিগরি শিক্ষা ছড়িয়ে দেওয়া।

প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে ব্যাপক সুনাম অর্জন করে এবং শিক্ষার গুণগতমান বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় ২০০৪ সালের ১ মে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করে।

শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম মন্তব্য করেন, "শিক্ষক, কর্মচারীদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টা এবং সুশাসনের কারণে শিক্ষার মানোন্নয়নে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।" তিনি আরও বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতির অনুপ্রেরণা হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে শিক্ষার্থীদের জন্য খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


শেরপুরে শিক্ষার্থীদের জন্য খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র

শেরপুরে খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র শুরু হয়েছে, যা বিকাশ এবং সুস্থ সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে শেরপুর সরকারি কলেজের মাঠে এ পাঠচক্রের উদ্বোধন করা হয়, যেখানে ‘সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদয়াঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে’ এই প্রত্যয়কে সামনে রেখে কার্যক্রম শুরু হয়। শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পাঠচক্রের কার্যক্রম মো. রাহাতুল ইসলাম (আলো)-এর দিকনির্দেশনায় এবং সদস্য মাইমুনা মুমুর তত্ত্বাবধানে শুরু হয়। এতে সাহিত্য নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন মাইমুনা মুমু, সোহানা, শান্তা, হৃদয়, তানভীর, পপি, পারভেজ ও রেজাসহ অন্যান্যরা।

আয়োজকরা জানিয়েছেন, একটি ভালো বই কেবল জ্ঞানই দেয় না, বরং মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, মূল্যবোধ জাগ্রত করে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে শেরপুর সরকারি মহিলা কলেজে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়েছিল। এবার শেরপুর সরকারি কলেজের মাঠে এ আয়োজনের মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীকে বইপাঠ ও সাহিত্যচর্চায় সম্পৃক্ত করার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

আয়োজকরা আরও জানিয়েছেন, প্রতি মাসে দুই থেকে তিনটি পাঠচক্র আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন পাঠচক্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তাঁদের আশা, এর মাধ্যমে শেরপুরের শিক্ষাঙ্গনে জ্ঞান, সাহিত্য ও সুস্থ সংস্কৃতিচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের বিজয়

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় লাভ করেছে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী এবং নারী বিষয়ক সমন্বয়ক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিশা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮৯ শতাংশ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. শাহাদাত মাহমুদ তপু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. আবরার গালিব পেয়েছেন ৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্যানেলের ডা. মুশফিক ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. আতাউর রহমান পেয়েছেন ৮৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. জামিল আক্তার ১১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. ফিরোজ পেয়েছেন ১০৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. রাকিবুল ইসলাম ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. আহনাফ পেয়েছেন ১০০ ভোট।

নারী বিষয়ক সমন্বয়ক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ডা. রিশা ১২৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী ডা. বৃষ্টি পেয়েছেন ৪৯ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী ডা. ঐশি পেয়েছেন ৪৯ ভোট।

ফলে পাঁচটি পদের মধ্যে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—তিন পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্যানেল এবং নারী বিষয়ক সমন্বয়ক পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল “অধিকার আদায়ে, চিকিৎসকের সুরক্ষায়—আমাদের যাত্রা অপ্রতিরোধ্য” স্লোগান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দাবি সম্মিলিতভাবে তুলে ধরা এবং সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি।

উল্লেখ্য, ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল রিশার প্রতি সম্মান জানিয়ে নারী বিষয়ক সমন্বয়ক পদটি ফাঁকা রেখেছিল। দীর্ঘদিন সিআর হিসেবে দায়িত্ব পালন এবং ব্যাচের বিভিন্ন দাবি ও কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে নির্বাচনের আগেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল প্যানেলটি। শেষ পর্যন্ত ওই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন রিশা।

এর আগের দুই সেশনে ইন্টার্ন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে ৬০তম ব্যাচের ডা. আব্দুল্লাহ এবং ৬১তম ব্যাচের ডা. তানভীর আহমেদ তৌকির।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত আনুষ্ঠানিক এ নির্বাচনকে ঘিরে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল রামেকহা ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%