ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত


মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সুমন সভাপতি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সাংবাদিকতা, প্রকাশনা, শিক্ষকতা ও প্রাতিষ্ঠানিক জনসংযোগ কার্যক্রমে দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সামছুল আলম শিবলী ২০০৫ সালের ১৭ অক্টোবর মাভাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রায় ১৭ বছর সাংবাদিকতা, তিন বছর প্রকাশনা সম্পাদনা এবং ছয় বছর শিক্ষকতায় যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি সহকারী পরিচালক ও উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপপরিচালক পদে কর্মরত রয়েছেন।
সামছুল আলম শিবলীর সাংবাদিকতা জীবনের সূচনা ছাত্রাবস্থায়। ১৯৮৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে জাতীয় দৈনিক ইনকিলাব-এর সম্পাদকীয় পাতার চিঠিপত্র কলামে লেখালেখির মাধ্যমে তাঁর সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে দৈনিক জনতা, দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তিনি গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে ৭ বছর সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিক সমিতির নেতৃত্ব দিয়েছেন।
শিক্ষাজীবন ও পেশাগত দক্ষতা উন্নয়নেও তাঁর রয়েছে ধারাবাহিক অগ্রযাত্রা। তিনি ধর্মতত্ত্বে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি আইন বিষয়ে স্নাতক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দ্বিতীয় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন শেষে সম্প্রতি চূড়ান্ত ফলাফলে দুইটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে প্রথম এবং দুইটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। সাংবাদিকদের সম্পর্কে গণমানুষের ভাবনা শিরোনামে তার গবেষণাও রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা, গণমাধ্যম, জনসংযোগ ও তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ২৫টির বেশি প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট ছিলেন , বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবার সংগঠনটির নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলী বলেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ কর্মযাত্রা আমার জীবনের এক অনন্য অধ্যায়। জনসংযোগবিদ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে উপলব্ধি করেছি, জনসংযোগ কেবল সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আস্থা, সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন। নতুন দায়িত্বে বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার করে তোলা এবং সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করতে চাই।”
উল্লেখ্য, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) যাত্রা শুরু করে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা কমিটি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিএমইউজে, ফেনী জেলা কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তব্য রাখেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মনির হোসেন, বিএমইউজে ফেনী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান পলাশ, সহদপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সিনিয়র সদস্য আলাউদ্দিন সবুজ, আমির হোসেন তানভীর, প্রচার সম্পাদক আরাফাত হোসেন এবং সদস্য এসএইচ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নিহত হন। তিনি একটি বেসরকারি আইপি টিভিতে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

মানববন্ধন থেকে বিএমইউজে নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সব দুর্বৃত্ত ও মূল পরিকল্পনাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং মফস্বলসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলার ফলে অন্তত আটজন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। হামলার ফলে দুটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) সংঘটিত ওই হামলায় ইউক্রেনের অন্তত নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, হামলার ফলে তিনটি জেলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১২ জন।

দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন।

পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলের গভর্নর রোমান রোমানিউক জানিয়েছেন, একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিয়েভ থেকে পোল্যান্ডমুখী কোভেল শহরে একটি কাস্টমস টার্মিনালে ড্রোনের আঘাতে অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায়।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার হামলার পর শুক্রবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল; এর মধ্যে অন্তত ১ লাখ পরিবারের কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান দেখে বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান দেখে বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এক চিকিৎসককে তার নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি ওই চিকিৎসকের কক্ষের অপরিচ্ছন্ন অবস্থাও লক্ষ্য করেন। এই ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে, প্রধানমন্ত্রী আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান। এই সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের এক পর্যায়ে, হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে প্রধানমন্ত্রী তাকে ধূমপান করতে দেখেন। এ সময় ওই চিকিৎসকের কক্ষের অপরিচ্ছন্নতা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।

এই ঘটনার পর, তিনি হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর, চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর হকারদের নিবন্ধনের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


রাজধানীর হকারদের নিবন্ধনের ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক

রাজধানীকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুল সালাম কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে, মূল সড়কে কোনো হকারকে বসতে দেয়া হবে না।

তিনি উল্লেখ করেন, নিবন্ধনের আওতাভুক্ত হকার ছাড়া অন্য কাউকে ব্যবসা পরিচালনা করার অনুমতি দেয়া হবে না। একইসাথে, অনুমোদন ছাড়া ফুটপাত বা মূল সড়ক দখল করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে। নির্দিষ্ট স্থান ও নিবন্ধন প্রক্রিয়ার বাইরে কোনো হকারকে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। অননুমোদিতভাবে কেউ ফুটপাত কিংবা মূল সড়ক দখল করে দোকান বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে এবং নগরবাসীকে যানজটমুক্ত সুশৃঙ্খল নগরী উপহার দিতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%