বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০১:৩৯ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজায় চলমান গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে, লেবাননের দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমা হামলার বিরোধিতা করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে আনোয়ার ইব্রাহিম বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচারের দাবিতে মালয়েশিয়া অবিচল রয়েছে। গাজায় গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে নির্বিচার বোমা হামলার বিরোধিতা করছে তার দেশ।
মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সংকট যাতে আরো বিস্তৃত না হয়, সে জন্য দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি জানান, এ পরিস্থিতিতে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে।
আনোয়ার ইব্রাহিমের ভাষ্য, আঞ্চলিক নেতাদের সঙ্গে এসব আলোচনা চলমান সংকটের গুরুত্ব এবং সংঘাতের বিস্তার ঠেকানোর জরুরি প্রয়োজনীয়তাকেই তুলে ধরে।
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। গাজায় ইসরাইলি সামরিক অভিযান এবং ফিলিস্তিনি বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে দেশটির সরকার বারবার উদ্বেগ প্রকাশ করেছে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন আনোয়ার ইব্রাহিম। তার বক্তব্যে ফিলিস্তিনিদের ন্যায়বিচারের দাবির পাশাপাশি লেবাননের বেসামরিক মানুষের সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে নিজের পছন্দের দুইটি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করেন।
এছাড়া, সরকারের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে দলের অন্যান্য নেতাদের সম্ভাব্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও তিনি নিজের মতামত তুলে ধরেন। এনসিপির এই নেতা জানান, "আমাদের যদি সরকার আমরা যখন গঠন করবো আমাদের মধ্যে কমরেডশিপটা অনেক বেশি আরকি। অর্থাৎ প্রত্যেকে আলোচনা এখানে কোন একজন ব্যক্তি কোন কিছু নিয়ন্ত্রণ করে না। এবং যদি আসি ইনশাল্লাহ সেখানে আমার দুইটা জায়গায় আমি বেশি খেদমত করতে পারবো বলে ধারণা করি।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা পলিটিক্যাল কমিউনিটিকে ডিল করতে হয়। এবং সেই পলিটিক্যাল কমিউনিটির এক্সপেরিয়েন্সটা আমার আছে।"
অন্যদিকে, ব্যবসায় শিক্ষার পটভূমি এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখার কারণে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনার জন্য তিনি উপযুক্ত বলে মনে করেন। পাটওয়ারী বলেন, "আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি এবং জব করেছি। এবং বাংলাদেশের সকল বিজনেস সম্পর্কে আমি নলেজ প্রতিদিন রাখার চেষ্টা করি ফলেতো বাণিজ্য মন্ত্রণালয় আমি চালাইতে পারব।"
সাক্ষাৎকারে এনসিপির অন্যান্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব নিয়েও আলোচনা করেন পাটওয়ারী। তার মতে, হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেন আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। পরিবহণ খাতেও দলের এক নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।
দলের মহাসচিব কে হবেন এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, "দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চাই। রাজনীতি থেকে আগেভাগেই অবসরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে একটু আগেভাগেই অবসরে যেতে চাই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন, তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতদের মধ্যে একজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং অপরজন একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন যাত্রী নিহত হন। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে। গুরুতর আহত চালককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে, "নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে। দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত হওয়ার জন্য বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি সকালে ভৈরব বাসস্ট্যান্ডের সামনে অবস্থিত নিসচা কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভাটি নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।
এ সময় নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, যুববিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, জামাল মিয়া, এনামুল হক, হাজী কুদ্দুস, লোকমান মিয়া, সদস্য জুয়েল মিয়া, খালেদা বেগম, আঁখি নূর আক্তার, মোশাদ মিয়া ও ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চেম্বার পরিচালক, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে নিসচা ভৈরব শাখা ১ অক্টোবর থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল-কলেজে জনসচেতনতামূলক অনুষ্ঠান, রোড ক্যাম্পেইন, রচনা, বিতর্ক, সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, পরিবহন চালকদের প্রশিক্ষণ এবং পুরস্কার বিতরণ।
সড়ক দুর্ঘটনা হ্রাস, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এসব কর্মসূচি পরিচালনা করা হয়। নিসচা ভৈরব শাখা ইতিমধ্যে পরপর চারবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার অর্জন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ