মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৯ পি.এম
রাজধানীর উত্তরা এলাকার হোটেল অ্যাম্বাসেডর থেকে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক মডেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তিন সহকর্মীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এই আদেশ প্রদান করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আবজাল হোসাইন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন রিসান, মীম চৌধুরী ও আমিরা খান।
এজাহারের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল অ্যাম্বাসেডর ভবন থেকে পড়ে মৃত্যু ঘটে সিয়ামের। ওইদিনই তার সঙ্গে হোটেলে অবস্থানরত তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী ও আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। যদিও তারা দাবি করেছেন, ছবি তুলতে গিয়ে সিয়াম পড়ে যান। পরদিন অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়।
সিয়ামের বাবা সেলিম মিয়া ১০ নভেম্বর রিসান, মীম চৌধুরী ও আমিরা খান ছাড়াও হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে বিমানবন্দর থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
পরে ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তিন আসামিকে ১২ নভেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ১৪ নভেম্বর তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ এবং বাদীপক্ষে মো. আবজাল হোসাইন মৃধা রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, রিসান ও মীম চৌধুরীর পক্ষে আমির উদ্দিন মাহমুদ (বায়েজিদ) এবং আমিরা খানের পক্ষে ফয়সাল মাহমুদ শাওন রিমান্ড বাতিলের জন্য জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিয়াম পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন এবং শুটিংয়ের জন্য উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে অবস্থান করতেন। ৩ নভেম্বর থেকে তিনি হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর রুম ভাড়া নিয়ে শুটিংয়ের কাজ করছিলেন। ৭ নভেম্বর রাতে পরিবার জানতে পারে, বিকেলে জানালা দিয়ে পড়ে সিয়াম মারা গেছেন। উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে স্বজনেরা তার লাশ দেখতে পান।
পরে বিমানবন্দর থানায় গিয়ে সেলিম মিয়া আটক তিনজনের কাছে ছেলের মৃত্যুর বিষয়ে জানতে চান। তার অভিযোগ, তারা এলোমেলো ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন, একেকজন একেক রকম কথা বলেন এবং বিভিন্ন তথ্য গোপন করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বশত্রুতার কারণে এই তিনজন ও অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছেন, অথবা মেরে ফেলেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জন্ম নিয়ন্ত্রণের জন্য নারীদের স্বাস্থ্যকেন্দ্রে প্রতি তিন মাস পরপর যাওয়ার প্রয়োজন আর নেই। নারীরা এখন নিজেদের প্রয়োগে গর্ভনিরোধক ইনজেকশন নিতে পারবেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারে এনেছে এ ধরনের একটি ইনজেকশন। ‘মেডোজেন সাবকিউ’ নামের ইনজেকশনটি ১২ থেকে ১৪ সপ্তাহ পরপর ত্বকের নিচে প্রয়োগ করতে হবে।
প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক এবং বাংলাদেশের প্রথম স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন। এর ফলে নারীদের জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীর ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে নিজেদের প্রজননস্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগও বাড়বে।
ইনজেকশনটিতে মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট (ডিএমপিএ) ১০৪ মিলিগ্রাম রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রচলিত মাংসপেশিতে প্রয়োগযোগ্য ইনজেকশনের তুলনায় এতে প্রায় ৩০ শতাংশ কম মাত্রার ওষুধ ব্যবহার করা হয়েছে। জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা নিয়ন্ত্রণেও এটি কার্যকর। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইনজেকশনটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম মন্তব্য করেন, স্ব-প্রয়োগযোগ্য এ পদ্ধতি নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তিনি জানান, জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় এটি ব্যবহারের ফলে চিকিৎসাব্যয় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
অধ্যাপক ফিরোজা বেগম আরও বলেন, নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, এর সুফল প্রান্তিক নারীদের কাছে পৌঁছাতে হবে। এজন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য দিতে হবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির জানান, ১৩ থেকে ১৪ বছর গবেষণার পর পণ্যটি তৈরি করা হয়েছে। বর্তমানে এটি বিশ্বের ১০০টির বেশি দেশে রপ্তানি ও বিক্রি হচ্ছে।
তিনি বলেন, ইনজেকশন তৈরির ডিভাইসের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের কারখানায় ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এজন্য ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। অনুষ্ঠানে পাঁচ শতাধিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একজন মানুষের প্রয়োজন কি কেবল চিকিৎসা এবং বেঁচে থাকার চেষ্টা? নাকি এর বাইরেও কিছু চাওয়া রয়েছে, যা জীবনের শেষ সময়কে অর্থপূর্ণ করে তুলতে পারে? মৃত্যুর আগে ব্যক্তিগত ইচ্ছা, মানসিক প্রশান্তি, প্রিয়জনদের সান্নিধ্য ও অনুভূতির গুরুত্ব তুলে ধরেছে মনোবিজ্ঞানবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডে।
নিবন্ধে উল্লেখ করা হয়েছে, শান্তিতে মৃত্যুবরণ করা মানে কেবল শারীরিক কষ্ট ছাড়া মারা যাওয়া নয়। বরং মৃত্যুর আগে একজন মানুষ যেন নিজের ইচ্ছা, অনুভূতি, সম্পর্ক ও জীবনের মূল্যবোধ অনুযায়ী সময় কাটাতে পারেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
মৃত্যু শুধু চিকিৎসার বিষয় নয়
ইতিহাসবিদ ফিলিপ আরিয়েসের পর্যবেক্ষণের ভিত্তিতে বলা হয়েছে, পশ্চিমা সমাজে একসময় মৃত্যু ছিল পারিবারিক ও সামাজিক জীবনের ঘনিষ্ঠ অংশ। সাধারণত মানুষ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মারা যেতেন। মৃত্যুর সময় ঘিরে থাকত নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার।
কিন্তু বিংশ শতাব্দীতে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যুর প্রক্রিয়াও ক্রমে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানকেন্দ্রিক হয়ে ওঠে। পরিবারের পরিবর্তে চিকিৎসকেরা মৃত্যুপথযাত্রী মানুষের পরিচর্যার প্রধান দায়িত্ব নিতে শুরু করেন। জীবন দীর্ঘায়িত করার জন্য নানা চিকিৎসা ও প্রযুক্তি যুক্ত হওয়ায় মৃত্যুর সময়ও অনেক ক্ষেত্রে চিকিৎসার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
ফলে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অনেক সময় রোগীর ব্যক্তিগত ইচ্ছা ও অনুভূতির চেয়ে চিকিৎসার মাধ্যমে জীবন দীর্ঘায়িত করার বিষয়টি বেশি গুরুত্ব পায়।
রোগ আর অসুস্থতার অনুভূতি এক নয়
নিবন্ধে রোগ (ডিজিজ) এবং অসুস্থতার ব্যক্তিগত অভিজ্ঞতার (ইলনেস) মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। রোগ হলো শরীরের এমন পরিবর্তন, যা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায়। অন্যদিকে অসুস্থতা একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে ভয়, ক্লান্তি, শোক, পরিচয় হারানোর অনুভূতি কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।
একই রোগে আক্রান্ত দুজন মানুষের কষ্টের অভিজ্ঞতা এক রকম নাও হতে পারে। একজনের কাছে শারীরিক ব্যথা সবচেয়ে বড় সমস্যা, অন্যজন হয়তো প্রিয়জনদের ছেড়ে যাওয়ার ভয় কিংবা নিজের পরিচিত জীবন হারানোর আশঙ্কায় বেশি ভুগতে পারেন।
আধুনিক চিকিৎসাবিজ্ঞান রোগ নির্ণয় ও চিকিৎসায় অনেক এগিয়েছে। কিন্তু রোগীর মানসিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতি সব সময় সমান গুরুত্ব দেওয়া হয় না। অথচ জীবনের শেষ সময়ে এসব বিষয়ই অনেকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
শেষ সময়ে মানুষের কী প্রয়োজন?
চিকিৎসক ও লেখক আতুল গাওয়ান্ডে গুরুতর অসুস্থ মানুষের জীবনের অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন। তাঁর মতে, মানুষের চাওয়া শুধু জীবন দীর্ঘায়িত করা নয়। তাঁরা চান কষ্ট কমাতে, মানসিকভাবে সচেতন থাকতে, প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং নিজের জীবনকে অর্থপূর্ণ ও পরিপূর্ণ বলে অনুভব করতে।
এ কারণে জীবনের শেষ সময়ে সব সময় আরও বেশি চিকিৎসা বা চিকিৎসা-প্রযুক্তিই মানুষের একমাত্র প্রয়োজন নয়। বরং প্রয়োজন হতে পারে মনোযোগ দিয়ে কথা শোনা, পাশে থাকা, মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া এবং রোগীর প্রকৃত চাওয়া বোঝার চেষ্টা করা।
ভালোভাবে মৃত্যুবরণ বলতে কী বোঝায়?
নিবন্ধে ফেনোমেনোলজিক্যাল বায়োএথিকস বা ব্যক্তির জীবনযাপনের অভিজ্ঞতাভিত্তিক চিকিৎসানৈতিকতার ধারণা তুলে ধরা হয়েছে। ফেনোমেনোলজি হলো মানুষের ব্যক্তিগত ও প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে দর্শনের একটি শাখা। এই দৃষ্টিভঙ্গিতে মৃত্যুপথযাত্রী প্রত্যেক মানুষকে আলাদা ব্যক্তি হিসেবে দেখার কথা বলা হয়েছে।
এ ক্ষেত্রে চিকিৎসক ও স্বজনদের কয়েকটি বিষয় বোঝার চেষ্টা করা জরুরি। যেমন—মানুষটি কোথায় মৃত্যুবরণ করতে চান? শেষ সময়ে কাদের পাশে পেতে চান? গুরুতর অসুস্থতা তাঁর আত্মপরিচয় ও ভবিষ্যৎ ভাবনায় কী পরিবর্তন এনেছে? তাঁর কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী? তাঁর কষ্টের প্রকৃত অর্থ কী?
এসব প্রশ্নের উত্তর কোনো রক্ত পরীক্ষা, স্ক্যান কিংবা চিকিৎসার প্রতিবেদন থেকে পাওয়া সম্ভব নয়। জানতে হলে মানুষটির সঙ্গে কথা বলতে হবে, তাঁর অনুভূতি বুঝতে হবে এবং তাঁর ইচ্ছাকে সম্মান করতে হবে।
পাশে থাকাটাও একধরনের যত্ন
শান্তিতে মৃত্যুবরণ করার অর্থ এই নয় যে মৃত্যুর সময় একজন মানুষকে সম্পূর্ণ শান্ত থাকতে হবে কিংবা তার কোনো ভয়, কষ্ট বা দুঃখ থাকবে না। বরং তিনি যেন নিজের পরিচয়, জীবনের ইতিহাস, সম্পর্ক ও মূল্যবোধ নিয়ে একজন পূর্ণ মানুষ হিসেবে সম্মান পান, সেটিই গুরুত্বপূর্ণ।
তবে এই ধরনের পরিচর্যা বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। হাসপাতালের ব্যস্ততা, সময় ও অর্থের সীমাবদ্ধতা এবং চিকিৎসাকর্মীদের অতিরিক্ত কাজের চাপের কারণে প্রত্যেক রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হতে পারে।
তবু জীবনের শেষ সময়ে একজন মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁর ইচ্ছাকে গুরুত্ব দেওয়া এবং প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য সাইকোলজি টুডে-তে প্রকাশিত নিবন্ধটি লিখেছেন মার্ক শেলভক ও ড্যানিয়েল উইজনস্কি। তাঁদের বক্তব্যের মূল কথা হলো, মৃত্যুকে কেবল চিকিৎসার মাধ্যমে সামলানোর মতো একটি ঘটনা হিসেবে দেখলে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রয়োজনগুলো উপেক্ষিত থেকে যায়। তাই শান্তিতে মৃত্যুবরণ নিয়ে আলোচনা শুরু করা উচিত সংকটের মুহূর্তে নয়, বরং স্বাভাবিক সময়েই—নিজের ও প্রিয়জনদের সঙ্গে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ ত্যাগ করে।
এর আগে সকাল সাড়ে ১১টায় স্বর্ণদ্বীপে হেলিকপ্টারটি অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।
২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। আজ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহড়া পরিদর্শন শেষে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ঢাকার পথে রওনা হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬: বাংলাদেশ ও কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। ২০২৫ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ৪০০ কোটি কানাডীয় ডলার অতিক্রম করার ফলে উভয় দেশ অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন সুযোগ খুঁজে দেখছে।
আজ ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে এই অঙ্গীকার করা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।
এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের দ্রুত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়।
বৈঠকে কৃষি, জ্বালানি, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
দুই দেশ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক পর্যায়ে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ ও টেকসই উত্তরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সফল উত্তরণ নিশ্চিত করতে দুই দেশ কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। কানাডা ২০৩২ সাল পর্যন্ত তাদের প্রাসঙ্গিক অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশের পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করে।
অর্থনৈতিক সুশাসন জোরদার, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ ও বেসরকারি খাতের বিকাশের অনুকূল পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয়।
দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব পর্যালোচনায় কানাডা জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে।
গত অক্টোবরে বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের উন্নয়ন সহায়তা ঘোষণার বিষয়টিও উল্লেখ করে কানাডার পক্ষ।
এই সহায়তার লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে উভয়ের জন্য লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবন।
দক্ষতা উন্নয়নে টিভিইটি, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর সুযোগও খুঁজে দেখছে দুই দেশ।
বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশ ও কানাডা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং বাংলাদেশে আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দুই দেশ বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি স্বীকার করে। একই সঙ্গে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে কানাডার ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি অবদানের কথা উল্লেখ করে।
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ।
গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানায় দুই দেশ। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট মোকাবিলার প্রচেষ্টায় এ রায়ের গুরুত্বও তুলে ধরে তারা।
বাংলাদেশ-কানাডা সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে আস্থা প্রকাশ করে দুই পক্ষ। অর্থনৈতিক, উন্নয়ন, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে তারা একমত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ