মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৫ পি.এম
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে বাংলাদেশের দল ‘জেডএআই বিডি’ চ্যাম্পিয়ন হয়েছে, যা বিশ্বের ৩৭টি দেশের বহু দলের মধ্যে প্রতিযোগিতা করে এই সাফল্য অর্জন করেছে। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।
আজ ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
ইউজিসি চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মামুন আহমেদ বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে বলেন, "তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি।"
তিনি আজ বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় এ মন্তব্য করেন।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয়ী দলের নেতৃত্ব দেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার।
গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) আয়োজিত ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে দলটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
দলটির তৈরি উন্মুক্ত উৎসের এআই প্ল্যাটফর্ম ‘ক্লজচেইন’ বর্তমানে ১১টি দেশের ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা বিশ্লেষণ করতে সক্ষম।
বিডিরেনের ডেটা সেন্টারে স্থাপিত এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক ব্যবহার করে এটি বিদেশি এপিআই নির্ভরতা ছাড়াই দেশের নিজস্ব অবকাঠামোতে তৈরি করা হয়েছে।
ইউএনএসকাপ প্ল্যাটফর্মটিকে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জকে অবরুদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগ নিজেদেরই অবরুদ্ধ করে ফেলেছে। বিএনপি করায় মুকসুদপুর রাজপাট গ্রামের চারটি হিন্দু বাড়ি শেষ হয়ে গেছে। গত দুই দিনে, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার, গোপালগঞ্জ, কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন স্থানে ছোটখাটো কিছু ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার খবর পাওয়া যায়নি, তবে চিকিৎসাসেবা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা গেছে।
গোপালগঞ্জের সাধারণ মানুষ বলছেন, "গোপালগঞ্জকে অবরুদ্ধ করতে গিয়ে আমরা নিজেরাই অবরুদ্ধ হয়ে পড়েছি।" আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। জেলা সদরসহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও ভাটিয়াপাড়া এলাকার প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এলাকার জানমাল রক্ষায় তারা মোটেও কার্পণ্য করছেন না। আলফাডাঙ্গার সংবাদকর্মী আবু বকর সিদ্দিক ইনকিলাবকে বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী যে এত ধৈর্য ধরতে পারে, তা গোপালগঞ্জের অবস্থা না দেখলে বুঝতাম না।"
দলের অভ্যন্তরীণ কোন্দল ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। কাশিয়ানী হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা মনির মিয়া বলেন, "আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা নিজেরাই।" দলের মধ্যে মিল নেই, সিনিয়র-জুনিয়র মান্যতা নেই। সবাই রাস্তায় নেমেছে একটি ইস্যু নিয়ে—হাসিনা আপাকে দেশে ফেরাতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলে তার দেশে আসার বিষয়টি নিশ্চিত করতে। অথচ তারা নিজেদের ঘরের সামনে থানা, ফাঁড়ি, হাসপাতাল ও ব্যাংক-বিমায় আগুন দিয়ে নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। সামান্য কথাও কারো গায়ে সয় না।
একজন আরেকজনের প্রতি তেড়ে আসছেন। নেতৃত্বের আগের সারিতে থাকতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার কারণে মিছিল-মিটিংয়ের অগ্রভাগে থাকার নিয়ে নিজেদের মধ্যে বিরোধ, সংঘর্ষ, হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটের ঘটনা ঘটছে। গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়ায় এই ঘটনার সূত্রপাত হয়।
এই ঘটনার পর একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় গোপালগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় কথা-কাটাকাটি নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও গোলাগুলি হয়। গুলি বিনিময়ের সময় চারজন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের দুই গ্রুপের ১৫ থেকে ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট ও বাড়িঘর।
অপরদিকে কোটালীপাড়ার সংঘর্ষের ঘটনায়ও কমপক্ষে ১০ জন আহত হয়। সেখানেও বাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে একই সময়ে পৃথক দুটি ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নেই, ভর্তির ব্যবস্থা নেই, সিট নেই, বেড নেই, এমনকি বিছানা-বালিশও কিছু নেই। গোলাগুলিতে আহত-নিহতদের অভিযোগ দেওয়ার থানাও নেই, পুলিশ নেই, চিকিৎসা দেওয়ার সিনিয়র ডাক্তারও নেই। হাসপাতাল বা ক্লিনিকে যাওয়ার বাহন পাওয়া যায় না। ভয়ে অটোরিকশা ডাকলেও আসে না। এই অবস্থার মধ্যে গোটা গোপালগঞ্জবাসী অবরুদ্ধ অবস্থায় আছেন।
চলমান আন্দোলনের টানা ১০ দিনে গোপালগঞ্জ জেলাসহ কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অথবা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো সাংঘর্ষিক ঘটনার খবর জানা যায়নি। এলাকাবাসী বলাবলি করছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পর এবার কোটালীপাড়ায়ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজেদের পাতানো ফাঁদে নিজেদেরই পা দিয়ে নিজেদের পায়ে কুড়াল মারছে। কথাগুলো শুনে গোপালগঞ্জের ছাত্রলীগ কর্মী মো. সোহানও এতে সায় দেন।
কী ঘটেছিল কোটালীপাড়ায়
বিক্ষোভ মিছিলে দাঁড়ানোকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে কোটালীপাড়া মোড়ের পান দোকানদার ইদ্রিস জানান। জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় আরমান ঢালী বলেন, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে মিছিলে দাঁড়ানো নিয়ে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যুবলীগ নেতা মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’
অন্যদিকে শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ভদ্রভাবে ছাত্রলীগ করে আসছি। আমার আপন ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের সাথে একটু আন্তরিকতার সাথে মেশেন। তার কাছে দলমত নেই, তিনি মানুষকে ভালোবাসেন। এই নিয়ে একটা ক্ষোভ এবং নেতৃত্বে আগানো নিয়েও রাগ ছিল। তাই মশিউর রহমান রাগান্বিত হয়ে আমার ওপর আগে হামলা করেন। হামলায় আমিসহ অনেকেই আহত হই। এ সময় আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।’
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করতে আমার কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়, যাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ। শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সাইফুল, আবুবকর ও লাবলু ইনকিলাবকে বলেন, ‘আমরাও সংবাদকর্মী। যা দেখেছি—আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় প্রথমে জড়ো হন। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হওয়ার খবরও জানা যায়। ভাঙচুর করা হয় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান।’
খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপি করায় চারটি হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবা ইনকিলাবকে বলেন, ‘প্রকৃতি কারো কথা শোনে না। এমন কিছু অন্যায় আছে যার প্রতিশোধ মানুষকে নিতে হয় না, নীরব প্রকৃতি নীরবেই তার প্রতিশোধ নেয়। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ঠিক এমনি ঘটনা ঘটতে যাচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ঠান্ডা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নেই, ওরাই ওদের জন্য যথেষ্ট। খুবই কষ্টের বিষয় হলো হিন্দুরা বিএনপি করেন তাই তাদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করতে হবে? আমি এর তীব্র নিন্দা জানাই।’
অপরদিকে গোপালগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আফরোজ্জামান তুষান বলেন, ‘বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাটি খুবই দুঃখজনক। দেশে সব হিন্দুরাই আওয়ামী লীগ করবেন—এটা চরম অন্যায়। নিশ্চয়ই এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী খোঁজখবর নেবেন এবং সরকারিভাবে বিচারের ব্যবস্থাও হবে ইনশাআল্লাহ।’
ঘটনাটি ঘটে গতকাল সোমবার (২৩ নভেম্বর)। জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়।
এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে চাননি।
সহিংসতার তাণ্ডবে হাসপাতাল ধ্বংস, বিনামূল্যে চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। গোপালগঞ্জের তাণ্ডবে হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবাও বন্ধ হয়ে গেছে। দুটি অপারেশন থিয়েটারসহ সবকিছু তছনছ করা হয়েছে। পাঁচতলা ভবনটির ভেতরে ঢুকতেই ধ্বংসযজ্ঞের চিহ্ন চোখে পড়ে। কোথাও পোড়া আসবাবের ছাই, কোথাও ভাঙা চিকিৎসা সরঞ্জাম ছড়িয়ে রয়েছে। ভবনের কোনো জানালা-দরজার কাচ অক্ষত নেই। ফ্রিজ, ওষুধ, কাগজপত্রসহ বিভিন্ন জিনিসের পোড়া ছাই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আগুনের তাপে টাইলস পর্যন্ত খসে পড়েছে।
গোপালগঞ্জ শহরের থানাপাড়ার এই ভবনে ছিল ‘আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির পরতে পরতে ধ্বংসের চিহ্ন চোখে পড়ে। গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩০ শয্যার এই হাসপাতালে তাণ্ডব চালান। পাঁচতলা ভবনের চারটি তলায় হাসপাতালের কার্যক্রম চলত এবং পঞ্চম তলায় এখনো কার্যক্রম শুরু হয়নি। হাসপাতালটির মালিকানায় ছিলেন সদর আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) ডা. কেএম বাবর।
গতকাল হাসপাতালের প্রথম তলায় ঢুকতেই বাম পাশে চোখে পড়ে ডা. কেএম বাবরের বসার কক্ষ, যেখানে সবকিছু ভাঙচুর ও আগুনে ভস্মীভূত হয়ে গেছে। কক্ষটি পার হওয়ার পর স্টোররুম, আল্ট্রাসনোগ্রামের কক্ষ, দুটি ওয়াশরুম, ডাক্তারদের তিনটি চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারের সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে। ভাঙচুর করা ফ্রিজ, ওষুধ, কাগজপত্র ও বিভিন্ন জিনিসের ছাই কক্ষে কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
দ্বিতীয় তলায় দুটি অপারেশন থিয়েটারের অপারেশন টেবিল ও অপারেশন লাইট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য যন্ত্রপাতি, ওষুধ ও মালামালসহ এই তলার আটটি কেবিন ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে, যাতে শয্যা ও আসবাব পুড়ে গেছে। তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন মিলে আটটি কক্ষের সবকটি ধ্বংস করা হয়েছে। চতুর্থ তলায় সবচেয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে এবং এসি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবন থেকে পোড়া গন্ধ এখনো দূর হয়নি।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. কেএম বাবর ও তাঁর স্ত্রী গাইনি চিকিৎসক রাবেয়া খাতুন প্রতিদিন প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন। স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান।
জানতে চাইলে ডা. কেএম বাবর বলেন, ‘আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এমন কর্মকাণ্ডে গোপালগঞ্জের উন্নয়নে ব্যাঘাত ঘটবে।’ তিনি আরও বলেন, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ চলাকালেও হাসপাতালে হামলা করা হয় না। হামলা হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং এতে মানবতা বিপন্ন হয়ে পড়ে। আমার হাসপাতাল থেকে সব দল ও শ্রেণি-পেশার মানুষ সেবা পেয়েছেন। আমি সাধারণ মানুষের সেবা ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য কাজ শুরু করেছিলাম।’
১৪ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন স্বামী-স্ত্রী। সংসদ সদস্য ডা. কেএম বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তাঁর স্ত্রী চেম্বারে রোগী দেখছেন এবং কোনো রোগীর কাছ থেকে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য টাকা নেননি। ২০২০ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়।
ডা. বাবর জানান, গত বছর শহরের থানা ঘাটের পূর্ব পাশে ৯ শতাংশ জমিতে নবনির্মিত ভবনে হাসপাতালটি স্থানান্তর করা হয়। ভবনের প্রতিটি তলার আয়তন ৩ হাজার ২০০ বর্গফুট। তাঁর স্ত্রী ডা. রাবেয়া খাতুন হাসপাতালটি পরিচালনা করতেন এবং তিনি প্রতিদিন ৫০ জন রোগী দেখতেন। পাশাপাশি ডা. বাবর নিজে ৬০ থেকে ৭০ জন রোগী দেখতেন। তারা রোগীদের কাছ থেকে কোনো ভিজিট নিতেন না এবং বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসাসেবা দিতেন। হাসপাতালটিতে দুইবার হামলা চালানো হয়।
ফায়ার সার্ভিসের বক্তব্য
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার বলেন, তারা আগুনের খবর পেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার অভাবে কাছে যেতে পারেননি।
মুকসুদপুর থানায় জ্বালানো আসামি নগরকান্দায় আটক হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে হলেও মুকসুদপুর উপজেলা সদরে তাদের আরেকটি বাড়ি রয়েছে। নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানি আজাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা থেকে রাজশাহী গামী চলন্ত ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেন থেকে এক যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে রেলওয়ে পুলিশ চারজনকে আটক করেছে, যার মধ্যে একজন নারীও রয়েছেন।
এই ঘটনা ঘটে সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায়।
নিহত ব্যক্তির নাম মোনারুল ইসলাম, যিনি পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।
আটককৃতদের মধ্যে রয়েছেন: কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হৃদয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের ছাদে উঠে রাজশাহী যাচ্ছিলেন। যখন ট্রেনটি কালিয়াকৈরের হাইটেক পার্ক এলাকায় পৌঁছায়, তখন তিনি কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে মোনারুলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে জানা গেছে।
এদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রেলওয়ে পুলিশ চারজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা ট্রেনে সংঘটিত ছিনতাই ও যাত্রীকে ফেলে দেয়ার ঘটনা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। পরে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান এই বিষয়ে জানান, ‘ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে। আমরা তাদের সহযোগিতা করছি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। এই পূর্ণিমার বিশেষ তিথির চাঁদটিকে ‘বিভার সুপারমুন’ বলা হচ্ছে।
নাসা, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, জানিয়েছে যে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর রাতের আকাশে সুপারমুনটি স্পষ্টভাবে দেখা যাবে। চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি (পেরিজি) অবস্থানে পৌঁছায় এবং সেই সময় পূর্ণিমা তিথি থাকে, তখনই এই সুপারমুনের দেখা মেলে।
নাসা আরও জানায়, আজকের সুপারমুনটি বছরের অন্যান্য পূর্ণিমার তুলনায় ১৪% পর্যন্ত বড় এবং ৩০% পর্যন্ত বেশি উজ্জ্বল দেখাতে সক্ষম। একইসাথে, পূর্ণ চাঁদের খুব কাছাকাছি অবস্থানে দেখা যাবে বিখ্যাত নক্ষত্রপুঞ্জ প্লাইয়াডিস বা সপ্তর্ষিমণ্ডলীর মতো পরিচিত সাত বোনের তারাগুচ্ছকেও।
এছাড়া, নভেম্বর মাসের আজকের বিভার মুন রাতের আকাশে ধারাবাহিকভাবে আরও একাধিক সুপারমুনের সূচনা করবে। এই সুপারমুনগুলো পর্যায়ক্রমে ২৪ ডিসেম্বর, ২২ জানুয়ারি এবং ২০ ফেব্রুয়ারিতে দেখা যাবে।
বিভার সুপারমুন দেখার সেরা সময়
মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যাস্তের পর থেকেই রাতের আকাশে বিভার মুন দেখা যাচ্ছে। এ পূর্ণিমার চাঁদ রাত ৮টা ৫৩ মিনিটে তার পূর্ণতম রূপে পৌঁছাবে।
কোথায় দেখা যাবে
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যা ও রাতে বিভার সুপারমুনের মহাজাগতিক দৃশ্য দেখা যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। যৌতুক সহিংসতার শিকার হয়েছেন ৬ হাজার ৮১৫ জন নারী। এছাড়া ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে ৩ হাজার ৫০৩ জন নারী ও শিশু যৌন হয়রানির শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন অধিকার নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সাত দফা দাবি জানিয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অধিকার এসব দাবি তুলে ধরেছে।
অধিকারকর্মী সানজিদা নূরের উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ২১ হাজার ৬২৭ জন নারী ও মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭১৫ জন মেয়ে শিশু এবং ৯ হাজার ৫০৯ জন নারী। বয়স জানা হয়নি এমন ভুক্তভোগী নারীর সংখ্যা ৪০৩ জন।
একই সময়ে ৬ হাজার ৮১৫ জন নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ জন নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে, ২ হাজার ৭৮৭ জন বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন এবং যৌতুক সহিংসতার নিপীড়ন সহ্য করতে না পেরে ২৮০ জন নারী আত্মহত্যা করেছেন।
এছাড়া ২০১১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মোট ৩ হাজার ৫০৩ জন নারী ও মেয়ে শিশু যৌন হয়রানির (উত্যক্তকরণ) শিকার হয়েছেন। একই সময়ে নারীর ওপর সংঘটিত যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ১৯৫ জন। তাদের মধ্যে ৯৭০ জন পুরুষ এবং ২২৫ জন নারী আক্রমণের শিকার হন।
আলোচনায় অধিকার পরিচালকের (অ্যাডভোকেসি) তাসকিন ফাহমিনার সভাপতিত্বে অংশ নেন নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন নাহার, সংসদ সদস্য নাজমুন নাহার, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, উবিনীগের লাবণী মণ্ডল, নারীগ্রন্থ প্রবর্তনার সীমা দাস সীমু, সোমবারের আড্ডার নিগার সুলতানা, তামাকবিরোধী নারী জোটের (তাবিনাজ) সৌরভী সরকার, নারী ও প্রাণবৈচিত্র্য নেটওয়ার্কের শারমিন কবীর বীনা এবং গুমের শিকার পরিবারের সদস্য আনিশা ইসলাম ইনশা প্রমুখ।
আলোচনায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের পাশাপাশি অনলাইন ও অফলাইনে নারী নেতৃত্বের ওপর বাড়তে থাকা সাইবার হয়রানি ও অপপ্রচারের চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের দীর্ঘস্থায়ী আর্থিক, সামাজিক ও মানসিক সংকটের বিষয় আলোচনায় গুরুত্ব পায়।
অধিকারের সাত দফা
সংস্থাটি নারীর প্রতি সহিংসতা বন্ধে সাত দফা দাবি পেশ করে। এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পারিবারিক সহিংসতা, যৌতুক সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ সব ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অনলাইন ও ডিজিটাল মাধ্যমে নারীর হয়রানি, সাইবার বুলিং, ব্ল্যাকমেইল, ডিপফেক এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা তথ্য প্রচারের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও আন্দোলনকারীদের অনলাইন নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে অধিকার। এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের নারী পরিবারের সদস্যদের জন্য আর্থিক, সামাজিক, আইনি ও মনোসামাজিক সহায়তার পাশাপাশি তাদের ও তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি এবং বৈষম্যমূলক আইন ও দৃষ্টিভঙ্গি বদলাতে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রতিরোধ কমিটি, হটলাইন সেবা ও আশ্রয়কেন্দ্রসহ স্থানীয় পর্যায়ের সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি সমতা প্রতিষ্ঠা ও ক্ষতিকর প্রথা পরিহারে পুরুষদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে নারীর প্রতি সব প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও)-এর ২ নম্বর অনুচ্ছেদ এবং ১৬(১)(গ) উপ-অনুচ্ছেদে বাংলাদেশের দেওয়া সংরক্ষণ প্রত্যাহার এবং সনদের বিধান অনুযায়ী প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ