প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একজন মানুষের প্রয়োজন কি কেবল চিকিৎসা এবং বেঁচে থাকার চেষ্টা? নাকি এর বাইরেও কিছু চাওয়া রয়েছে, যা জীবনের শেষ সময়কে অর্থপূর্ণ করে তুলতে পারে? মৃত্যুর আগে ব্যক্তিগত ইচ্ছা, মানসিক প্রশান্তি, প্রিয়জনদের সান্নিধ্য ও অনুভূতির গুরুত্ব তুলে ধরেছে মনোবিজ্ঞানবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডে।
নিবন্ধে উল্লেখ করা হয়েছে, শান্তিতে মৃত্যুবরণ করা মানে কেবল শারীরিক কষ্ট ছাড়া মারা যাওয়া নয়। বরং মৃত্যুর আগে একজন মানুষ যেন নিজের ইচ্ছা, অনুভূতি, সম্পর্ক ও জীবনের মূল্যবোধ অনুযায়ী সময় কাটাতে পারেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
মৃত্যু শুধু চিকিৎসার বিষয় নয়
ইতিহাসবিদ ফিলিপ আরিয়েসের পর্যবেক্ষণের ভিত্তিতে বলা হয়েছে, পশ্চিমা সমাজে একসময় মৃত্যু ছিল পারিবারিক ও সামাজিক জীবনের ঘনিষ্ঠ অংশ। সাধারণত মানুষ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মারা যেতেন। মৃত্যুর সময় ঘিরে থাকত নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আচার।
কিন্তু বিংশ শতাব্দীতে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যুর প্রক্রিয়াও ক্রমে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানকেন্দ্রিক হয়ে ওঠে। পরিবারের পরিবর্তে চিকিৎসকেরা মৃত্যুপথযাত্রী মানুষের পরিচর্যার প্রধান দায়িত্ব নিতে শুরু করেন। জীবন দীর্ঘায়িত করার জন্য নানা চিকিৎসা ও প্রযুক্তি যুক্ত হওয়ায় মৃত্যুর সময়ও অনেক ক্ষেত্রে চিকিৎসার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
ফলে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অনেক সময় রোগীর ব্যক্তিগত ইচ্ছা ও অনুভূতির চেয়ে চিকিৎসার মাধ্যমে জীবন দীর্ঘায়িত করার বিষয়টি বেশি গুরুত্ব পায়।
রোগ আর অসুস্থতার অনুভূতি এক নয়
নিবন্ধে রোগ (ডিজিজ) এবং অসুস্থতার ব্যক্তিগত অভিজ্ঞতার (ইলনেস) মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। রোগ হলো শরীরের এমন পরিবর্তন, যা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায়। অন্যদিকে অসুস্থতা একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে ভয়, ক্লান্তি, শোক, পরিচয় হারানোর অনুভূতি কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।
একই রোগে আক্রান্ত দুজন মানুষের কষ্টের অভিজ্ঞতা এক রকম নাও হতে পারে। একজনের কাছে শারীরিক ব্যথা সবচেয়ে বড় সমস্যা, অন্যজন হয়তো প্রিয়জনদের ছেড়ে যাওয়ার ভয় কিংবা নিজের পরিচিত জীবন হারানোর আশঙ্কায় বেশি ভুগতে পারেন।
আধুনিক চিকিৎসাবিজ্ঞান রোগ নির্ণয় ও চিকিৎসায় অনেক এগিয়েছে। কিন্তু রোগীর মানসিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতি সব সময় সমান গুরুত্ব দেওয়া হয় না। অথচ জীবনের শেষ সময়ে এসব বিষয়ই অনেকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
শেষ সময়ে মানুষের কী প্রয়োজন?
চিকিৎসক ও লেখক আতুল গাওয়ান্ডে গুরুতর অসুস্থ মানুষের জীবনের অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন। তাঁর মতে, মানুষের চাওয়া শুধু জীবন দীর্ঘায়িত করা নয়। তাঁরা চান কষ্ট কমাতে, মানসিকভাবে সচেতন থাকতে, প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং নিজের জীবনকে অর্থপূর্ণ ও পরিপূর্ণ বলে অনুভব করতে।
এ কারণে জীবনের শেষ সময়ে সব সময় আরও বেশি চিকিৎসা বা চিকিৎসা-প্রযুক্তিই মানুষের একমাত্র প্রয়োজন নয়। বরং প্রয়োজন হতে পারে মনোযোগ দিয়ে কথা শোনা, পাশে থাকা, মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া এবং রোগীর প্রকৃত চাওয়া বোঝার চেষ্টা করা।
ভালোভাবে মৃত্যুবরণ বলতে কী বোঝায়?
নিবন্ধে ফেনোমেনোলজিক্যাল বায়োএথিকস বা ব্যক্তির জীবনযাপনের অভিজ্ঞতাভিত্তিক চিকিৎসানৈতিকতার ধারণা তুলে ধরা হয়েছে। ফেনোমেনোলজি হলো মানুষের ব্যক্তিগত ও প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে দর্শনের একটি শাখা। এই দৃষ্টিভঙ্গিতে মৃত্যুপথযাত্রী প্রত্যেক মানুষকে আলাদা ব্যক্তি হিসেবে দেখার কথা বলা হয়েছে।
এ ক্ষেত্রে চিকিৎসক ও স্বজনদের কয়েকটি বিষয় বোঝার চেষ্টা করা জরুরি। যেমন—মানুষটি কোথায় মৃত্যুবরণ করতে চান? শেষ সময়ে কাদের পাশে পেতে চান? গুরুতর অসুস্থতা তাঁর আত্মপরিচয় ও ভবিষ্যৎ ভাবনায় কী পরিবর্তন এনেছে? তাঁর কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী? তাঁর কষ্টের প্রকৃত অর্থ কী?
এসব প্রশ্নের উত্তর কোনো রক্ত পরীক্ষা, স্ক্যান কিংবা চিকিৎসার প্রতিবেদন থেকে পাওয়া সম্ভব নয়। জানতে হলে মানুষটির সঙ্গে কথা বলতে হবে, তাঁর অনুভূতি বুঝতে হবে এবং তাঁর ইচ্ছাকে সম্মান করতে হবে।
পাশে থাকাটাও একধরনের যত্ন
শান্তিতে মৃত্যুবরণ করার অর্থ এই নয় যে মৃত্যুর সময় একজন মানুষকে সম্পূর্ণ শান্ত থাকতে হবে কিংবা তার কোনো ভয়, কষ্ট বা দুঃখ থাকবে না। বরং তিনি যেন নিজের পরিচয়, জীবনের ইতিহাস, সম্পর্ক ও মূল্যবোধ নিয়ে একজন পূর্ণ মানুষ হিসেবে সম্মান পান, সেটিই গুরুত্বপূর্ণ।
তবে এই ধরনের পরিচর্যা বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। হাসপাতালের ব্যস্ততা, সময় ও অর্থের সীমাবদ্ধতা এবং চিকিৎসাকর্মীদের অতিরিক্ত কাজের চাপের কারণে প্রত্যেক রোগীকে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হতে পারে।
তবু জীবনের শেষ সময়ে একজন মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁর ইচ্ছাকে গুরুত্ব দেওয়া এবং প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য সাইকোলজি টুডে-তে প্রকাশিত নিবন্ধটি লিখেছেন মার্ক শেলভক ও ড্যানিয়েল উইজনস্কি। তাঁদের বক্তব্যের মূল কথা হলো, মৃত্যুকে কেবল চিকিৎসার মাধ্যমে সামলানোর মতো একটি ঘটনা হিসেবে দেখলে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রয়োজনগুলো উপেক্ষিত থেকে যায়। তাই শান্তিতে মৃত্যুবরণ নিয়ে আলোচনা শুরু করা উচিত সংকটের মুহূর্তে নয়, বরং স্বাভাবিক সময়েই—নিজের ও প্রিয়জনদের সঙ্গে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন