০৪:৪৯ পি.এম
মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে। তবে অভিযানের সময় ওই বাসার ভাড়াটিয়া সাব্বির হোসেন হৃদয় (২৬) পালিয়ে গেছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আবদুল জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার হয়।
মাদারীপুর জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ভবনটির তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের ভাড়াটিয়া সাব্বির হোসেন হৃদয়ের বসতকক্ষ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
অভিযানের সময় সাব্বির হোসেন হৃদয় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ আরও নিশ্চিত করেছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন