সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:২৫ পি.এম
চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতিকালে পুলিশ সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। এই গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নুরুল হাকিম রাব্বি (২৫), আসিফ মাহমুদ (১৬), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০) এবং শারমিন বেগম (২৭)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নুরুল হাকিম রাব্বি, যিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী, বায়েজিদ এলাকার একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে পুলিশ তাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাঁচলাইশ এলাকা থেকে অন্য ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে উদযাপনের পরিকল্পনা করছিলেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সাতজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আজ আদালতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে অলরেডি ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন।’
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দলের কার্যালয়ে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, আজকে জনগণের সামনে স্পষ্ট যে, দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক নেই। এটার জন্য বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ এই স্লোগানে ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহেশপুরের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের মূল স্লোগান ছিল ‘Stronger Together’।
আলোচনা সভায় জলাতঙ্ক রোগের ভয়াবহতা, এর প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জলাতঙ্ক প্রতিরোধের জন্য সময়মতো টিকা গ্রহণ, কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় টিকা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্টাফরা।
বিশ্ব জলাতঙ্ক দিবস প্রতিবছর ২৮ সেপ্টেম্বর পালিত হয়। এই দিবসের লক্ষ্য হলো জলাতঙ্ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং রোগটি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেড় হাজার ইসরাইলি দখলদার প্রবেশ করেছেন। এই ঘটনা ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোতের দ্বিতীয় দিনে ঘটেছে। এর পরেই ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ আল-মাগারিবা ফটকটি বন্ধ করে দেয়। এই ফটকটি ডাং গেট নামেও পরিচিত।
জেরুজালেম গভর্নরেটের পক্ষ থেকে জানানো হয়েছে, দখলদাররা দলে দলে মাগারিবা ফটক দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। দখলদার পুলিশ তাদের কঠোর নজরদারি করেছে।
দখলদাররা মসজিদের প্রাঙ্গণে তালমুদীয় রীতি পালন করেছেন এবং প্রার্থনা করেছেন। বিশেষ করে, মসজিদের একটি প্রবেশপথ আল-কাত্তানিন ফটকের কাছে এসব কার্যক্রম সংঘটিত হয়েছে। একই সময়ে তথাকথিত ‘উদ্ভিদ নৈবেদ্য’ প্রাঙ্গণে আনা হয়েছে।
দখলদার বাহিনী আল-কাত্তানিন বাজারের কয়েকটি দোকানের মালিককে দোকান বন্ধ করতে বাধ্য করেছে। এই বাজারটি আল-আকসার দিকে চলে গেছে। বাজারের ভেতরেও দখলদাররা তালমুদীয় রীতি পালন করেছেন। তখন পুরোনো শহরে সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরও বৃদ্ধি পেয়েছে।
মসজিদের বাইরের একটি ফটক আল-হুত্তা ফটক। এর বাইরেও দখলদাররা প্রার্থনা করেছেন। সুক্কোতের দ্বিতীয় দিনেও এই অনুপ্রবেশ ও ধর্মীয় আচার চলতে থাকে।
আল-আকসা মসজিদ ও পুরোনো শহরের আশপাশে দখলদার কর্তৃপক্ষ সামরিক ব্যবস্থা জোরদার করেছে। মুসল্লিদের প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেরুজালেম গভর্নরেটের মতে, এসব পদক্ষেপ নতুন বাস্তবতা তৈরির প্রচেষ্টার অংশ।
এর মাধ্যমে ঐতিহাসিক আইন পরিবর্তনের চেষ্টা চলছে। লক্ষ্য হলো ওই স্থানের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা এবং সময় ও স্থান ভাগ করে দেওয়া।
আল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম তীর্থস্থান। ইহুদিরা এই স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে, তাদের দাবি অনুযায়ী এই স্থানে পূর্বে ২টি ইহুদি মন্দিরের অবস্থান ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬ : বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মালয়েশিয়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া নির্ধারিত হয়েছে।
ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে।
২০২২ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও মালয়েশিয়া একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ঐ উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয়লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।
সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিরুদ্ধে একটি সিরিজ খেলে।
এদিকে, নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা ছিল, কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। ফলে মালয়েশিয়া দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে।
গ্রুপ রানার্সআপ হিসেবে দুই পয়েন্ট নিয়ে হংকং স্থান করে নিয়েছে। এক পয়েন্ট পাওয়া ওমান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি স্থান নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়। ফলে নেপাল গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে। জাপান বাদ পড়ে যায়।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা করে নিয়েছিল।
আজ পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত ম্যাচের প্রথম দুটি কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ও ভারত সেমিফাইনালে উঠে যায়।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
যদি বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মন্তব্য করেন, “বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।”
লিটন পদক নিয়ে এখনই না ভেবে প্রথম ম্যাচের দিকে মনোনিবেশ করছেন। তিনি বলেন, “দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।”
অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।”
এছাড়া নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ