০৮:২২ পি.এম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের নিকটবর্তী ‘উলফ র্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় ১০০টি বাড়ি নির্মাণ করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের মধ্যে রয়েছে।
নির্মাণের পদ্ধতি সাধারণ বাড়ির তুলনায় ভিন্ন। কংক্রিটের একাধিক স্তর স্তুপ করে নির্মাণের ফলে বাড়িগুলোর দেয়াল ঢেউখেলানো এবং মজবুত হয়ে উঠেছে। প্রযুক্তি পেশাজীবী ড্যানিয়েলা গ্লেজ এবং তার স্বামী ঐতিহ্যবাহী কাঠের বাড়ির পরিবর্তে এই থ্রিডি প্রিন্টেড চার বেডরুমের বাড়িটি বেছে নিয়েছেন। তাদের বক্তব্য, কংক্রিটের নির্মাণের ফলে বাড়িগুলোতে তাপমাত্রা স্বাভাবিক থাকে, ফলে ঘর গরম বা ঠান্ডা রাখতে বিদ্যুৎ খরচ কম হয়। এছাড়া, খরা, ঝোড়ো হাওয়া বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় বাড়িগুলো অত্যন্ত নিরাপদ এবং টেকসই।
এই বাড়িগুলো নির্মাণ করেছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'আইকন'। তাদের তৈরি বিশেষ মেশিন 'ভলকান' টুথপেস্টের মতো করে কংক্রিট মিশিয়ে ধাপে ধাপে এসব দেয়াল তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে বাড়ি তৈরির সময় সাধারণ ঘরের তুলনায় প্রায় ৬ সপ্তাহ কম লাগে এবং খরচও গড়ে ৪০ শতাংশ কমে যায়। ঐতিহ্যবাহী ঘরের দেয়াল যেখানে ঘণ্টায় ৪০ মাইল বেগের বাতাস প্রতিরোধ করতে পারে, আইকনের থ্রিডি প্রিন্টেড দেয়াল ঘণ্টায় ১৭৫ মাইল বেগের ঝড় এবং ১৮০ মিনিট পর্যন্ত আগুন প্রতিরোধে সক্ষম।
আরও পড়ুন: শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারে প্রশাসনের সাফল্য তুলে ধরলেন ট্রাম্প
২০২৪ সালে বিশ্বজুড়ে থ্রিডি প্রিন্টেড বাড়ির বাজারের মূল্য ছিল প্রায় ৬ কোটি ডলার, যা ২০৩৩ সালের মধ্যে ৪৫০ কোটি ডলারের বেশি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আইকন সম্প্রতি ব্ল্যাকরক ও বেইলি জিফোর্ডের মতো প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। তারা শিগগিরই তাদের নতুন রোবট 'টাইটান' উন্মোচন করতে যাচ্ছে, যা ২৬ ফুট উঁচু পর্যন্ত কংক্রিটের দেয়াল তৈরি করতে সক্ষম হবে। আইকনের প্রত্যাশা, এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আবাসন সংকটের সমাধান করবে এবং সাশ্রয়ী মূল্যে মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন