ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর কাউখালীর ডলফিন চত্বর


ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর কাউখালীর ডলফিন চত্বর

টানা সরকারি ছুটি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাশকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর তীরে নবনির্মিত ‘ডলফিন চত্বর’ ও বেকুটিয়া সেতু এলাকা এখন ভ্রমণপিপাসু মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা এ বিনোদনকেন্দ্রে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও নবদম্পতিদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
ঈদুল ফিতর, ঈদুল আজহা, শারদীয় দুর্গাপূজা কিংবা টানা ছুটির সময় কাউখালীসহ আশপাশের বিভিন্ন উপজেলা এবং দূরদূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসেন। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কঁচা নদীর তীর, নদীর বিস্তীর্ণ জলরাশি, ডলফিনের মুখ থেকে পানির ফোয়ারা এবং নদীর বুক থেকে বয়ে আসা মৃদু বাতাস দর্শনার্থীদের মুগ্ধ করছে। বিশেষ করে নদীর তীরঘেঁষা কাশবনের দোল খাওয়া আর খোলা পরিবেশে শিশু-কিশোরদের ছোটাছুটি পুরো এলাকায় সৃষ্টি করেছে প্রাণবন্ত আবহ।
দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় নদীর পাড় ও চত্বর এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি খাবারের হোটেল ও রেস্তোরাঁ। সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি খাবারের স্বাদ নিতেও ভিড় করছেন অনেকে। কাউখালীর পাশাপাশি ভাণ্ডারিয়া, নেছারাবাদ, রাজাপুর, কাঁঠালিয়া ও পিরোজপুর সদর থেকেও প্রতিদিন বহু মানুষ এখানে ঘুরতে আসছেন।
পূজার ছুটিতে বেড়াতে আসা মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুরভী বলেন, পূজার ছুটিতে গ্রামের বাড়িতে এসে বেকুটিয়া সেতুর নিচে ডলফিন চত্বরে ঘুরে ভীষণ ভালো লেগেছে। শহরের যান্ত্রিক কোলাহল ও ব্যস্ততার মধ্যে এখানকার খোলা বাতাস ও নদীর স্নিগ্ধ দৃশ্য মন জুড়িয়ে দিয়েছে। বারবার এখানে আসতে ইচ্ছে করে।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাফিদ ও কাউখালীর গৃহবধূ আইরিন বলেন, কাউখালীতে বিনোদনের জায়গার বেশ সংকট রয়েছে। বেকুটিয়া সেতুর নিচে ডলফিন চত্বর এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি মানসম্মত ইকোপার্ক গড়ে তোলা হলে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে কাউখালীসহ আশপাশের এলাকার সব শ্রেণি-পেশার মানুষ পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর সুযোগ পাবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, উপজেলা প্রশাসনের এই উদ্যোগ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা এবং বিনোদনকেন্দ্রটির পরিধি বাড়ানো গেলে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ডলফিন চত্বর স্থানীয় পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলিমাজানি নদীর সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ এম


কলিমাজানি নদীর সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে কলিমাজানি নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ দুবছরের কাজ পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি। সেতুর কাজ কবে নাগাদ শেষ হবে, তা নিয়ে দুই পারের মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে ৯ কোটি ৪৫ লাখ ১৮ হাজার ৬৮৮ টাকা ব্যয়ে কলিমাজানি নদীর ওপর সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ অ্যান্ড আব্দুস সালাম খান’ ২০২১ সালের ৩ জানুয়ারি কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। তবে মূল কাজের অর্ধেক শেষ হওয়ার আগেই তারা কাজ বন্ধ করে দেয়।

উপজেলা প্রকৌশল অফিসের তাগিদে মাঝে মাঝে কাজ চললেও তা আবার থমকে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২০২৫ সাল থেকে প্রতিষ্ঠানের অংশীদার মো. শাজাহানের তত্ত্বাবধানে পুনরায় কাজ শুরু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই সোহাগপুর থেকে পিচঢালা একটি রাস্তা কলিমাজানি নদীর পাড় পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে নদীর উত্তরপাড় থেকে খেয়া নৌকায় পার হয়ে কলিমাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পথহারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করছে। একইভাবে দক্ষিণপাড় থেকে খেয়া পার হয়ে গোড়াই ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা যাতায়াত করছেন। সেতুটি চালু হলে কলিমাজানি, নয়াপাড়া ও ভানুয়াবহ গ্রামের মানুষ কালিয়াকৈরের আড়াইগঞ্জ হয়ে ধামরাই, মানিকগঞ্জ ও ঢাকার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।

সাব-কনট্রাক্টর মো. পারভেজ জানিয়েছেন, আগের ঠিকাদারি প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে একাধিক কাজ পাওয়ার কারণে এবং আর্থিক সংকটে পড়ায় কাজের গতি কমে গিয়েছিল। তবে বর্তমানে কাজ চলমান রয়েছে এবং দ্রুত মূল কাজ শেষ করার চেষ্টা চলছে।

মির্জাপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেছেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানটি হঠাৎ করে কাজে গাফিলতি করায় বিলম্ব হয়েছে। তবে আমাদের অফিস থেকে সার্বক্ষণিক চাপ দেওয়া হচ্ছে। আশা করা যায়, দ্রুতই কাজ শেষ করে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ করা সম্ভব হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীমণির জন্মদিন উদ্‌যাপন পারিবারিক আবহে, সন্তানদের সঙ্গে কেক কাটলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ এম


পরীমণির জন্মদিন উদ্‌যাপন পারিবারিক আবহে, সন্তানদের সঙ্গে কেক কাটলেন

আজ শনিবার (২৪ অক্টোবর) চিত্রনায়িকা পরীমণির জন্মদিন উদ্‌যাপনের দিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহরে নায়িকা সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে, পরী নিজের জন্মদিন উপলক্ষ্যে ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। ১১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, লাল রঙের খোলা গাউনে আনন্দময় পরিবেশে দুই সন্তানকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ এবং সেখানে লাল হৃদয় ও ফুলের ইমোজি যুক্ত করেছেন।

সামাজিক মাধ্যমে নায়িকার এই পোস্ট প্রকাশিত হওয়ার পর থেকেই কমেন্ট বক্সে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তুলছেন।

অতীতে ঢাকাই শোবিজের এই আলোচিত নায়িকা জমকালো আয়োজনে নিজের জন্মদিন উদ্‌যাপন করলেও, মা হওয়ার পর তিনি এখন সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনেই বিশেষ দিনটি উদ্‌যাপনে স্বাচ্ছন্দ্য অনুভব করেন। সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পুরো সময় কাটাতে তিনি ভালোবাসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে অক্টোবরে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা রেকর্ড ২৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ এম


হরমুজ প্রণালিতে অক্টোবরে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা রেকর্ড ২৮

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে এ মাসে অন্তত ২৮টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালিতে হামলার সংখ্যা বেড়ে ১১৩টিতে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের ভিত্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির হিসাব আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের সঙ্গে মোটামুটি মিল রয়েছে। আইএমওর হিসাবে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে মোট ১২০টি হামলা ও সংশ্লিষ্ট ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আরো বেশি ঘটনার খবর পেয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা ১৩৫টি ঘটনার তথ্য সংগ্রহ করেছে। ইউকেএমটিও সতর্ক করে বলেছে, প্রকাশিত তথ্যের হিসাবে সব হামলার ঘটনা উঠে না-ও আসতে পারে।

আইএমওর তথ্যের ভিত্তিতে রয়টার্সের করা হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে বিশ্বের সুপারট্যাংকার বহরের ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে। বিশ্বে এ ধরনের জাহাজের সংখ্যা ৯০০টির বেশি।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এ পথে জাহাজে হামলার ঘটনা বাড়তে থাকায় বাণিজ্যিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই নিয়ে সর্তক, আসছে বড় বিপর্যয়: বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৬ এম


এআই নিয়ে সর্তক, আসছে বড় বিপর্যয়: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

গেটসের মতে, এআইয়ের কারণে চাকরির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে কিছু ব্যক্তি লাভবান হবেন, আবার অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিবর্তনের ফলে সমাজকে দীর্ঘ সময় ধরে অস্থিরতা মোকাবেলা করতে হতে পারে।

তিনি মনে করেন, এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে। গেটস বলেন, তবে এটি নিশ্চিত কোনো পূর্বাভাস নয়। প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশের গতি নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপর সময়কাল কমবেশি হতে পারে।

গেটসের মতে, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রগুলি বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো বিভিন্ন কাজ করতে সক্ষম হবে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমে যেতে পারে। তবে কিছু কাজ যেমন শিশুর যত্ন, রান্না, শিল্পকলা ও খেলাধুলা মানুষ নিজেই করতে চাইবে।

স্বাস্থ্যসেবা ও কৃষিতে এআইয়ের সম্ভাব্য সুফল সম্পর্কে গেটস আলোচনা করলেও তিনি উল্লেখ করেন, প্রযুক্তিটির দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজ এখনও যথেষ্ট প্রস্তুত নয়। সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি প্রতিরোধে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। তার মতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলার দায়িত্ব শুধুমাত্র প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

গেটস সতর্ক করে বলেন, সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের বিকাশ মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম পরিবর্তন ও অস্থিরতার সময় সৃষ্টি করতে পারে। তবে এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%