১০:৩৬ এম
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
গেটসের মতে, এআইয়ের কারণে চাকরির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা পরিবর্তিত হতে পারে।
বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে কিছু ব্যক্তি লাভবান হবেন, আবার অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিবর্তনের ফলে সমাজকে দীর্ঘ সময় ধরে অস্থিরতা মোকাবেলা করতে হতে পারে।
আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের
তিনি মনে করেন, এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে। গেটস বলেন, তবে এটি নিশ্চিত কোনো পূর্বাভাস নয়। প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশের গতি নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপর সময়কাল কমবেশি হতে পারে।
গেটসের মতে, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রগুলি বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো বিভিন্ন কাজ করতে সক্ষম হবে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমে যেতে পারে। তবে কিছু কাজ যেমন শিশুর যত্ন, রান্না, শিল্পকলা ও খেলাধুলা মানুষ নিজেই করতে চাইবে।
স্বাস্থ্যসেবা ও কৃষিতে এআইয়ের সম্ভাব্য সুফল সম্পর্কে গেটস আলোচনা করলেও তিনি উল্লেখ করেন, প্রযুক্তিটির দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজ এখনও যথেষ্ট প্রস্তুত নয়। সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি প্রতিরোধে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। তার মতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলার দায়িত্ব শুধুমাত্র প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।
গেটস সতর্ক করে বলেন, সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের বিকাশ মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম পরিবর্তন ও অস্থিরতার সময় সৃষ্টি করতে পারে। তবে এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী
সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন