মোহাম্মদ নুর : স্টাফ রিপোর্টার
০১:৩২ এম
সুনামগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। অভিনব কায়দায় গাঁজার গন্ধ যাতে বাইরে না ছড়ায়, সেজন্য মাদক কারবারিরা বস্তায় উন্নতমানের পারফিউম ব্যবহার করেছিল।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ পিপিএম জানান,শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে ঢাকাগামী মামুন পরিবহন-এর ওই বাসে অভিযান চালান। বাসটিতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাঁজার তীব্র গন্ধ ঢাকতে সুগন্ধি বা পারফিউম ব্যবহার করেছিল। এ ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে বাসটির হেল্পারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িত মূল চক্রকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের জন্য সম্ভাব্য বিশাল অর্থনৈতিক সুযোগের দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি বা টোল আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন হলে, দেশটি বিশ্বের অন্যতম লাভজনক জলপথের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ পেতে পারে।
মার্কিন থিঙ্কট্যাংক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যবস্থা কার্যকর হলে ইরান বছরে প্রায় ১৩৫ বিলিয়ন ডলার পর্যন্ত নিট মুনাফা অর্জন করতে সক্ষম হবে।
এই বিশাল অংকের রাজস্ব আয়ের ফলে মধ্যপ্রাচ্যের দেশটি বিশ্বের প্রযুক্তি জায়ান্টদের পেছনে ফেলে দিতে পারে। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের বড় বড় বহুজাতিক কোম্পানিগুলোর বাৎসরিক মুনাফাকেও ছাড়িয়ে যাবে ইরানের এই সম্ভাব্য আয়। এমনকি সৌদি আরবের তেল জায়ান্ট আরামকোর মুনাফাকেও পেছনে ফেলতে পারে তেহরানের এই নতুন অর্থনৈতিক উৎস।
সাম্প্রতিক বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে, মার্কিন সামরিক বাহিনীর দীর্ঘপাল্লার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ইন্টারসেপটর প্রায় ফুরিয়ে আসার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দীর্ঘস্থায়ী কোনো সংঘাতে জড়ানোর মতো সক্ষমতা বা জোরালো কৌশলগত অবস্থান এই মুহূর্তে ওয়াশিংটনের নেই। এমন বাস্তবতায়, মার্কিন প্রশাসনের সাথে তেহরানের সম্ভাব্য যেকোনো সমঝোতা বা চুক্তি স্বাভাবিকভাবেই ইরানের অনুকূলে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
এরই ধারাবাহিকতায়, গত জুন মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বা এমওইউ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ওই চুক্তির শর্ত অনুযায়ী, প্রাথমিক একটি নির্দিষ্ট সময় পর হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও সামুদ্রিক সেবার বিষয়ে ওমানসহ উপসাগরীয় অন্যান্য দেশের সাথে আলোচনা করার কথা রয়েছে। এই ব্যবস্থার সুযোগ নিয়ে ইরান প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে সার্ভিস ফি বা টোল আদায়ের পথ প্রশস্ত করছে।
হরমুজ বিশ্ব বাণিজ্যের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি রুট। বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় একপঞ্চমাংশ এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের সিকিভাগ এই প্রণালী দিয়েই যাতায়াত করে। ফলে এখানে সামান্য নিয়ন্ত্রণ বা টোল আদায়ের সুযোগ পেলেই তা যেকোনো দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে। আন্তর্জাতিক আইন বা জলসীমা সংক্রান্ত বিধানের প্রশ্ন থাকলেও, তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অনেক দেশই এই ফি পরিশোধ করতে রাজি হচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই টোল ব্যবস্থার কারণে তেলের দাম ও সামুদ্রিক বিমার খরচ আরও বেড়ে যেতে পারে। আর তেলের দাম বাড়লে কার্গোর মূল্য অনুপাতে ইরানের আদায় করা ৫ থেকে ৭ শতাংশ ফি-এর পরিমাণও আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ তেলের বর্ধিত মূল্যের সাথে সাথে তেহরানের রাজস্ব আয়ও দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে, যা দেশটির অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।
শুধু জলপথের টোল আদায়ই নয়, বরং জুনের ওই সমঝোতা স্মারকের আওতায় ইরানের জন্য আরও বড় আর্থিক সহায়তার সংস্থান রাখা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক অংশীদারদের সাথে মিলে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে আটকে থাকা ইরানের অবরুদ্ধ তহবিলও পর্যায়ক্রমে উন্মুক্ত করার শর্ত রয়েছে।
সূত্র: ইউরোশিয়ান টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর উদ্দেশ্যে বেশ কিছু দালাল একতাবদ্ধ হয়েছিল। স্থানীয় জনতার তোপের মুখে পড়ার কারণে তারা পালিয়ে যায়। ৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে, যখন বড়জোড়া গ্রামের ‘ধ্বংসের মোড়’ এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছিল। জনতা বাধা দেওয়ার সময় চক্রের সদস্যরা ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং সরঞ্জাম রেখে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের খুঁটি স্থানান্তর করতে গেলে প্রায় ৩৫ হাজার টাকা সরকারি ফি দেওয়ার নিয়ম রয়েছে এবং অফিসিয়াল প্রক্রিয়া শেষ হতে সময় লাগে কমপক্ষে এক মাস। এই দীর্ঘ প্রক্রিয়া ও মোটা অঙ্কের টাকা ফাঁকি দেওয়ার জন্য বড়জোড়া গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে স্থানীয় ইলেকট্রিশিয়ান তসলিম মিয়ার ২০ হাজার টাকার একটি রফাদফা হয়। চুক্তি অনুযায়ী গতকাল শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে খুঁটি স্থানান্তরের কাজ শুরু করে তসলিম মিয়া পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে। দালাল চক্রটি প্রথমে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় সহজ পন্থায় খুঁটিটি সরানোর জন্য। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় এলাকার মানুষের মনে সন্দেহ জন্মায় এবং তারা ঘটনাস্থলে গিয়ে চক্রটির অবৈধ কর্মকাণ্ড হাতে ধরে বাধা দেয়। জনতার বাধার মুখে খুঁটির নিচে থাকা দুই দালাল তাৎক্ষণিকভাবে দৌঁড়ে পালিয়ে যায়। ওই সময় খুঁটির ওপরে কাজ করা এক লাইনম্যান আটকা পড়লেও পরে সে অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দ্রুত পৌঁছে গিয়ে দালাল চক্রের ফেলে যাওয়া মোটরসাইকেলসহ খুঁটি স্থানান্তরের কিছু সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসে। ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্ধন বলেন, ‘রাতের আঁধারে খুঁটি স্থানান্তরের কোনো নিয়ম নেই। ঘটনা কীভাবে ঘটেছে, সেখানে আমাদের কোনো লোক দায়িত্বে ছিল কি না এবং খুঁটি স্থানান্তরের অনুমোদন ছিল কি না- এসব বিষয় যাচাই করা হচ্ছে। তদন্তে যদি কারো অনিয়মের প্রমাণ মিলে, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, এই অবৈধ চক্রের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আমিরাত এই ঘটনাকে শত্রুভাবাপন্ন ইরানি হামলা ও জলদস্যুতা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, হরমুজ প্রণালি পার হওয়ার সময় এডনকের জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্যাংকারটির নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণও প্রকাশ করা হয়নি।
এদিকে, ইরান এ হামলার দায় এখনও স্বীকার করেনি এবং এ বিষয়ে তেহরানের কোনো মন্তব্যও করেনি।
চলমান মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটিতে নৌ-চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা অবাধ নৌ-চলাচল সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী।
তারা ইরানের রেভল্যুশনারি গার্ডসের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালিকে অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে এবং অবিলম্বে এই পথ সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে, তেহরানের শত্রুদের সাথে সম্পৃক্ত বা তাদের নির্দেশনা অমান্যকারী যেকোনো জাহাজের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আবুধাবির রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনক জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের মোট ১৫টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এসব হামলায় এখন পর্যন্ত একজন ক্রু সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এডনক বর্তমানে চরম প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিরপুর গাবতলী দীপনগর মাছের আড়তের নিকটে একটি মাছবাহী ফ্রিজিং গাড়ি মেরামত করার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে ইমরান (২৫) নামে এক যুবক মারা গেছেন, যিনি কোল্ড স্টোরেজের কর্মী ছিলেন।
ঘটনাটি শনিবার (৮ আগস্ট) রাতে ঘটেছে। এই ঘটনার কারণে কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৩৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি দারুস সালাম থানাকে জানানো হয়েছে।
নিহত ইমরান নড়াইলের লোহাগড়া উপজেলার সারোয়ার মোল্লার ছেলে।
ইমরানকে হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ জানিয়েছেন, দীপনগর এলাকার কোল্ড স্টোরিজের সামনে মাছ বহনকারী একটি ফ্রিজিং গাড়ি মেরামত করা হচ্ছিল। সেখানে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই গাড়ির সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে, ফলে সেখানে উপস্থিত বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা গুরুতর আহত ইমরানকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলাম, যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ