বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৪৩ পি.এম
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সব জায়গায় ছোট-বড় অসংখ্য শামুক ছড়িয়ে পড়েছে। ফসলের ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। ঝাড়ু দিয়ে সরিয়ে কিংবা কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, বাড়ির দেয়াল, উঠান, গাছের গোড়া ও শাকসবজির বাগানে অসংখ্য শামুক ছড়িয়ে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দিনের বেলায় দেয়ালে লেগে থাকা এসব শামুক রাতের বেলায় ঘরের ভেতরে প্রবেশ করে। সরিয়ে দেওয়ার কিছুক্ষণ পর আবারও ফিরে আসে। দেশি শামুকের তুলনায় আকারে কয়েক গুণ বড় এসব শামুকের বিস্তার ঠেকাতে বাসিন্দারা হিমশিম খাচ্ছেন।
স্থানীয় এক গৃহবধূ বলেন, "ঘরের দেয়াল শামুকে ভরে গেছে। ঝাড়ু দিয়ে সরিয়ে দিলেও আবার ফিরে আসে। রান্নাঘর ও বিছানার আশপাশেও উঠে যাচ্ছে। এতে বাচ্চারা ভয় পাচ্ছে, দুর্গন্ধও হচ্ছে। এভাবে চলতে থাকলে ঘরে বসবাস করাই কঠিন হয়ে পড়বে।"
শামুকের উপদ্রবে কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলার সদর ইউনিয়নের সাচাইল গ্রামের কৃষক জানান, "লাউ, পুঁইশাক ও কচুর লতিসহ বিভিন্ন শাকসবজি খেয়ে নষ্ট করে দিচ্ছে শামুক। রাতে টর্চলাইট নিয়ে ক্ষেতে গেলে চারদিকে শামুক দেখা যায়। এভাবে চলতে থাকলে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।"
এদিকে শামুকের বিস্তার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব জানান, "কিছু প্রজাতির শামুকের মাধ্যমে বহন করা পরজীবী মানুষের শরীরে প্রবেশ করলে মেনিনজাইটিসসহ গুরুতর রোগের ঝুঁকি তৈরি হতে পারে।" তিনি এ কারণে শামুক খালি হাতে না ধরা এবং স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেন।
তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, "এটি আফ্রিকান জায়ান্ট শামুক হতে পারে। অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে এদের বংশবিস্তার বেড়ে থাকতে পারে।" তিনি এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে শামুক অপসারণের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, "গ্লাভস ব্যবহার করে শামুক সংগ্রহ করে নিরাপদ উপায়ে অপসারণ করতে হবে। আক্রান্ত এলাকায় কীটনাশক প্রয়োগের আগে কৃষি বিভাগের পরামর্শ নেওয়া জরুরি। শামুক দমনে এমন রাসায়নিক ব্যবহার করা যাবে না, যাতে মাটি, ফসল ও পরিবেশের ক্ষতি হয়।"
আফ্রিকান জায়ান্ট শামুকের বৈজ্ঞানিক নাম Lissachatina fulica। পূর্ব আফ্রিকায় উদ্ভূত এই প্রজাতি দ্রুত বংশবিস্তার ও বিস্তৃত খাদ্যাভ্যাসের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আক্রমণাত্মক প্রজাতি হিসেবে পরিচিত। শাকসবজি, ফল, চারা ও বিভিন্ন উদ্ভিদের পাতা খেয়ে এটি ফসলের ক্ষতি করতে পারে। কিছু পরজীবীর বাহক হিসেবেও মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই শামুকের বিস্তার নিয়ন্ত্রণে সতর্কতার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচন ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীকাল ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে।
মনোনয়ন প্রত্যাশীদের জন্য জানানো হয়েছে যে, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ফরম পূরণ করে পরদিন ১৭ অক্টোবর একই স্থানে ও সময়ে জমা দিতে হবে।
আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) উচ্চশিক্ষায় পিএইচডিধারী শিক্ষকের অভাব পূরণ এবং দেশের গবেষণার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এবং বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা করার পরিকল্পনা করছে।
এছাড়া, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় গবেষণার মানোন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকা অনুদান প্রদান করা হবে।
গতকাল সন্ধ্যায় সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্পের আওতায় এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই সিদ্ধান্তগুলো তুলে ধরেন।
ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদার তুলনায় পিএইচডিধারী শিক্ষক ও দক্ষ গবেষকের সংখ্যা এখনও যথেষ্ট নয়। এই ঘাটতি পূরণের জন্য চলতি বছর ইউজিসির পিএইচডি ফেলোশিপের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগামী বছর এই সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মান এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম গবেষক তৈরি করা অত্যন্ত জরুরি।
হিট প্রকল্পের ১ হাজার ২০০ কোটি টাকার গবেষণা অনুদান সম্পর্কে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, গবেষণা প্রস্তাবের গুণগত মান, উদ্ভাবনী চিন্তা এবং দেশের বাস্তব সমস্যার সমাধানে গবেষণার অবদানকে মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। সরকারি ও বেসরকারি—উভয় খাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন। সম্পূর্ণ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যোগ্য উপপ্রকল্প নির্বাচন করে অর্থায়ন নিশ্চিত করা হবে।
ইউজিসি চেয়ারম্যান আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে হিট প্রকল্পের মাধ্যমে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত মোট পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, উপাচার্য, উপ-উপাচার্য, ডিন ও কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রশিক্ষণ প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে গাজীপুরে একটি ‘উচ্চশিক্ষা প্রশিক্ষণ একাডেমি’ এবং ঢাকার বাইরে আরও একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, হিট প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের তিন থেকে ছয় মাসের আবাসিক প্রশিক্ষণ দিতে এই ব্যবস্থা অব্যাহত থাকবে। এসব একাডেমিতে শিক্ষক ও সরকারি নীতিনির্ধারকদের পাশাপাশি শিল্প খাতের নেতাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে, যাতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বিত যোগাযোগ বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, এ প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের সক্ষমতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে, যা উচ্চশিক্ষায় যুগোপযোগী পরিবর্তন আনবে।
গত ৯ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিত ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান, অ্যাডভান্স এইচইর জ্যেষ্ঠ পরামর্শক মার্ক ফিলিপ ও হারা, হিট প্রকল্পের চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামান এবং ইউজিসির সংযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনেকের কাছে শুক্রবারের দিন ছুটির দিন হিসেবে পরিচিত। তবে, বিশ্বের বিভিন্ন দেশে এই প্রচলিত নিয়মের অনুসরণ করা হয় না। বেশ কিছু দেশে সাপ্তাহিক ছুটির দিন ভিন্নভাবে নির্ধারিত হয়। কোথাও শনিবার ও রোববার সরকারি ছুটি, কোথাও সপ্তাহে দুই দিন ছুটি হলেও তা পরপর নয়, আবার কোথাও টানা তিন দিনের ছুটির ব্যবস্থা রয়েছে।
ধর্মীয় রীতিনীতি, সরকারি নীতিমালা এবং স্থানীয় কর্মসংস্কৃতির ভিত্তিতে এসব পার্থক্য সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাপ্তাহিক ছুটি কিভাবে পালিত হয়, তা জানার চেষ্টা করা যাক—
সৌদি আরব: শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি
দ্য ন্যাশনাল-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে সরকারি দপ্তরগুলো রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালন করা হয়।
২০১৩ সালের জুন মাসে এই ব্যবস্থা চালু করা হয়। এর আগে, সেখানে বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। আন্তর্জাতিক বাজার ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে এই পরিবর্তন আনা হয়েছিল।
কাতার: রোববার থেকে শুরু হয় কর্মসপ্তাহ
কাতারে সরকারি দপ্তরগুলোর কর্মসপ্তাহ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলে। শুক্রবার ও শনিবার সরকারি দপ্তরের সাপ্তাহিক ছুটি।
২০২৫ সালের আমিরি সিদ্ধান্ত নম্বর ৫৭-এর মাধ্যমে এই ব্যবস্থা পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে বেসরকারি খাতের কর্মীদের কর্মসূচি নিয়োগকর্তা এবং ব্যবসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।
বাংলাদেশ: শুক্রবার ও শনিবার সরকারি দপ্তর বন্ধ
বাংলাদেশে সরকারি দপ্তরগুলো সাধারণত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে, সরকারি চাকরিজীবীদের জন্য রোববার একটি স্বাভাবিক কর্মদিবস হিসেবে গণ্য হয়।
তবে, এই ব্যবস্থা সব কর্মক্ষেত্রে প্রযোজ্য নয়। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, কিছু বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান শনিবারও খোলা থাকে।
ব্রুনাই: পরপর নয়, সপ্তাহে দুই দিন ছুটি
ব্রুনাইয়ের সরকারি দপ্তরগুলোতে সাপ্তাহিক ছুটির ব্যবস্থা কিছুটা ভিন্ন। এখানে টানা দুই দিন ছুটির পরিবর্তে সরকারি কর্মচারীরা সাধারণত সোমবার থেকে বৃহস্পতিবার এবং শনিবার কাজ করেন। শুক্রবার ও রোববার তাদের সাপ্তাহিক ছুটি।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ: সরকারি কর্মীদের টানা তিন দিনের ছুটি
সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি শারজাহতে সরকারি কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু রয়েছে। সরকারি দপ্তরগুলো সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে। শুক্রবার, শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি। ২০২২ সালের জানুয়ারিতে এই ব্যবস্থা চালু করা হয়।
ইসরাইল: ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সাপ্তাহিক ছুটি নির্ধারিত হয়
সাধারণত শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি পালিত হয়—এমন দেশগুলোর তুলনায় ইসরাইলের সাপ্তাহিক বিশ্রামের ব্যবস্থা ভিন্ন। ইহুদি কর্মীদের জন্য শনিবার প্রধান সাপ্তাহিক বিশ্রামের দিন। এটি ইহুদি ধর্মের শাব্বাত পালনের সঙ্গে সম্পর্কিত।
কেন বিভিন্ন দেশে সাপ্তাহিক ছুটি ভিন্ন হয়?
দেশভেদে সাপ্তাহিক ছুটির ব্যবস্থায় পার্থক্য থাকার পেছনে রয়েছে বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রথা। ইসলামে শুক্রবার বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। অন্যদিকে, ইহুদি ধর্মে শনিবার ঐতিহ্যগত বিশ্রামের দিন। আবার খ্রিষ্টীয় ঐতিহ্য রয়েছে এমন বহু দেশে রোববারকে বিশ্রামের দিন হিসেবে পালন করা হয়।
অর্থনৈতিক বিবেচনাও কর্মসপ্তাহ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও আর্থিক বাজারের সঙ্গে সমন্বয় বাড়াতে কিছু সরকার তাদের সাপ্তাহিক ছুটির ব্যবস্থায় পরিবর্তন এনেছে।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সুপ্রিম কোর্ট মোদি সরকার এবং দিল্লি পুলিশের কাছে যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার সিদ্ধান্তের বিষয়ে জবাব চেয়েছে। যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই নোটিস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার, যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে বাতিল করার বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শীর্ষ আদালত জানায়, “আমরা কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়ে তাদের জবাব চেয়েছি। আগে তারা জবাব দেবে। যদি সেই জবাবে সন্তুষ্ট হওয়া না যায়, তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এছাড়াও, রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতাদের দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্যদের নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশির কাছে এ বিষয়ে জবাব চেয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ