বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৮ পি.এম
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৪৩৩তম সভা, ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজুর রহমান।
সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সম্মানিত পরিচালক অশোক কুমার সাহা, এস এ এমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ অংশগ্রহণ করেন।
সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাবেদুল আলম, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএসও সভায় অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন জানিয়েছেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মী ও সমর্থকরা এনসিপিতে যোগদানের সুযোগ পাবেন।
তিনি বুধবার দুপুরে রাজশাহী জেলা এনসিপির এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ইমরান ইমন উল্লেখ করেন, "আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন- আওয়ামী লীগের যারা নিরপরাধ আছেন, জুলাইয়ে আমাদের পক্ষে ছিলেন, ছাত্রলীগের অনেকে জুলাইয়ে আমাদের আন্দোলনের পক্ষে ছিলেন, আওয়ামী লীগের ওই অংশটা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তাদের আমরা দলে নিতে চাই।"
সভায় প্রধান অতিথি হিসেবে ইমরান ইমন উপস্থিত ছিলেন। জেলা এনসিপির আহ্বায়ক এমএ সবুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান উপস্থিত ছিলেন। সভায় এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থী। তাঁরা হলেন—শামীম আহমেদ, রেজওয়ানুল ইসলাম গণি, নাজমুল হাসান ও কলি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এই তথ্য প্রকাশিত হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পন্ন করার পর তাঁরা সিভিল জজ পদে সাময়িকভাবে মনোনীত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শামীম আহমেদ, ২০১৭–১৮ শিক্ষাবর্ষের কলি এবং ২০১৮–১৯ শিক্ষাবর্ষের রেজওয়ানুল ইসলাম গণি ও নাজমুল হাসান।
সাফল্যের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান বলেন, “১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতে একজন বিচারক হিসেবে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।”
রেজওয়ানুল ইসলাম গণি বলেন, “বিজেএসে সুপারিশপ্রাপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল। ভবিষ্যতে বিচারক হিসেবে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”
উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হওয়া এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার পুলিশ তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার, এমপি গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা আক্তারের এক দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে মাকসুদা আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে গাজী নজরুল ইসলাম রিমান্ডে রয়েছেন।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী ন্যাম ভবনে এমপি নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর রাতেই এমপি নজরুল ও তার স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ।
এ ঘটনায় ২১ সেপ্টেম্বর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা ইসলাম এবং নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের ‘প্রত্যক্ষ প্ররোচনায়’ সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের (১৯) বিয়ে হয়।
৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকসুদার সঙ্গে থাকতেন মরিয়ম। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে জানিয়েছিলেন। এর মধ্যে ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইলে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
লাশ উদ্ধারের সময় মেয়ের বিছানার ওপর তার লেখা ‘সুইসাইড নোট’ দেখতে পান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আইয়ুব আলীর ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা এবং স্থায়ী সমাধানের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা তাদের দাবি জানান।
দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার করা এবং সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা; আইয়ুব আলীর ওপর হামলার সাথে জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
এছাড়া, চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় এবং নিয়মিত সংলাপের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। তারা বলেন, যদি কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হন, তাহলে দ্রুত অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করার জন্য জবাবদিহিমূলক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হন। ধারাবাহিক এই ঘটনার ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, একজন শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। তবুও স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এবং এর আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
শিক্ষার্থীরা আরও জানান, যদি কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হন, তাহলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর, জবাবদিহিমূলক এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় হেনস্তা বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে, যে ট্রেন থেকে এটি ঘটবে, সেই ট্রেন আটকিয়ে ট্রেনে কর্তব্যরত কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে পরিবহণ দপ্তরের গাছের সঙ্গে বেঁধে রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ