ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানের আধা সামরিক বাহিনীকে অনলাইনে তৎপরতা বাড়ানোর নির্দেশ আইআরজিসির


ইরানের আধা সামরিক বাহিনীকে অনলাইনে তৎপরতা বাড়ানোর নির্দেশ আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের অনলাইনে কার্যক্রম বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়েছে, চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। বাহিনীটি অভিযোগ করেছে যে, ইরানের শত্রুরা জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য কাজ করছে।

আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বাসিজ বাহিনীকে ডিজিটাল মাধ্যমে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা প্রদান করেছেন।

এ তথ্য ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ইজাদি এই আহ্বান জানান। তিনি অনলাইন জগতে সতর্ক থাকার পাশাপাশি বাহিনীর উপস্থিতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: আদালতের আদেশ অমান্য করে আইওয়ায় বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

ইজাদি বলেন, “বর্তমানে গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হলো বাস্তবতাকে বিকৃত করার এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করা।”

তিনি আরও দাবি করেন যে, বিভিন্ন উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর, ইরানের প্রতিপক্ষরা এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা দুর্বল করার কৌশল গ্রহণ করেছে।

এই আহ্বানটি এসেছে এমন এক সময়ে, যখন তেহরান অব্যাহত অর্থনৈতিক চাপের সম্মুখীন রয়েছে এবং ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

এএম

আরও পড়ুন: ইরান নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, আমদানির প্রয়োজন নেই: ডিএই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ এম


পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, আমদানির প্রয়োজন নেই: ডিএই

ব্যাপক ফলন এবং সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশ বর্তমানে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। এর ফলে আমদানি নির্ভরতা এড়িয়ে অফ-সিজনেও স্থানীয় বাজারে পেঁয়াজের নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানাচ্ছে, দেশে বার্ষিক ৩৬ লাখ টন চাহিদার বিপরীতে ৫০.৯০ লাখ টনেরও বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা চাহিদার তুলনায় ৪১.৩৯ শতাংশ বেশি।

একই সময়ে, সরকারের উদ্যোগে আধুনিক সংরক্ষণাগার স্থাপনের ফলে স্থানীয় বাজারে অপেক্ষাকৃত কম দামে রান্নার অন্যতম প্রধান এই উপাদানটির ব্যাপক সরবরাহ নিশ্চিত হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অফ-সিজনে ফসল সংগ্রহোত্তর অপচয় ১০ শতাংশ কমিয়ে আনার মাধ্যমে বার্ষিক সংকট মোকাবিলার পথ সুগম হয়েছে।

সাধারণত দেশে ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ হয়ে থাকে, যা তীব্র পচন বা বৈরী আবহাওয়ার সময় ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার কারণে অফ-সিজনেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

এই অপচয়ের ফলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মৌসুমি সরবরাহ সংকট তৈরি হয়। এতে দাম বাড়ায় আমদানির ওপর নির্ভরতা বেড়ে যায়। তবে ব্যাপক ফলন এবং তৃণমূল পর্যায়ে ‘এয়ার-ফ্লো’ মেশিন বিতরণের মাধ্যমে কৃষকদের আধুনিক সংরক্ষণ সুবিধায় দেশে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা সম্ভব হয়েছে।

এমনকি আমদানি বন্ধ রাখার মাধ্যমে এ সময়ে দেশে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৭৬৪ কোটি টাকারও বেশি) সাশ্রয় হয়েছে। মূলত সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে দেশীয় পেঁয়াজের মজুত শেষ হয়ে গেলে এই আমদানির প্রয়োজন হতো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন উৎপাদনের বিপরীতে পেঁয়াজ আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানির পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ টনে দাঁড়িয়েছিল।

ডিএই’র মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, ‘আমাদের এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আমরা ইতোমধ্যে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক সংরক্ষণ সুবিধা গড়ে তুলেছি। এটি অফ সিজনে বার্ষিক সরবরাহ সংকট মেটাতে যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই।

তিনি জানান, এ পর্যন্ত কৃষক পর্যায়ে মোট ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।

এই ব্যবস্থার আওতায় কৃষকদের মুনাফার বিষয়ে ডিএই কর্মকর্তা বলেন, পেঁয়াজ একটি লাভজনক ফসল। কারণ এখন কৃষকরা প্রতি বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ১০০ মণ পেঁয়াজ পাচ্ছেন এবং তা ১ লাখ টাকায় বিক্রি করছেন। তাই কৃষকরা নিজেদের লাভের জন্যই স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ চাষ করছেন।

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া বলেন, আমি গত ছয় মাস ধরে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছি। কারণ এই প্রযুক্তি পেঁয়াজের সামগ্রিক ঘাটতি কমিয়ে এনেছে।

তিনি বলেন, প্রচলিত সংরক্ষণ পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে যেত, যেখানে নতুন সংরক্ষণ পদ্ধতিতে তা মাত্র ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে নেমে এসেছে।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, আধুনিক সংরক্ষণ সুবিধা কৃষকদের লাভবান করেছে। কারণ এপ্রিল মাসে ফসল সংগ্রহের পরপরই প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে তা বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় ওঠে।

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, কৃষকদের আর্থিক লাভের জন্য সরকারের এখন পেঁয়াজ রপ্তানির দিকে মনোযোগ দেওয়া উচিত, তা না হলে কৃষকরা লাভবান হবেন না। কারণ বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ৪০ টাকা খরচ হচ্ছে।

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করে দিয়েছে। ফলে চলতি বছরে দেশে আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে মাত্র ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি করা হয়।

এমনকি চলতি বছর দেশে ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে ৫০ লাখ ৯০ হাজার টন উদ্বৃত্ত পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা গত বছরের উৎপাদনের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি।

ফসল সংগ্রহের দুই সপ্তাহ আগে মার্চের শেষে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর প্রতি বিঘা জমিতে পেঁয়াজের উৎপাদন ৭০ মণের পরিবর্তে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে।

একই সময়ে সংরক্ষণ সক্ষমতা বাড়াতে সরকার কৃষকদের মাঝে ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করেছে। এই প্রযুক্তি বা যন্ত্রটি মূলত দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু চলাচল নিশ্চিত করে, যা শেষ পর্যন্ত সারা বছর বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখে।

বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনশীল এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের মাঝে পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ পেঁয়াজ আমদানি বন্ধ রাখতে ভূমিকা রেখেছে।

আধুনিক এই সংরক্ষণ প্রযুক্তি স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে— যেখানে এয়ার-ফ্লো মেশিন কেনার জন্য ১৯ হাজার টাকা, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার টাকা এবং কৃষকের বাড়িতে একটি সাইনবোর্ড লাগানোর জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল।

এই প্রযুক্তি বিতরণের ফলে কৃষকরা ইতোমধ্যে ৩ লাখ টন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করেছেন। কেননা প্রতিটি মেশিনের প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬টি জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

এ ছাড়া, প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ জন কৃষক কারিগরি প্রশিক্ষণ পাচ্ছেন।

ড. মাহফুজ জানান, দেশের পেঁয়াজ উৎপাদনকারী ১৭ জেলায় মোট ২ লাখ পেঁয়াজ চাষি রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ৫০ হাজার কৃষকের মাঝে এই প্রযুক্তি বিতরণ করা হয়েছে।

গ্রীষ্মকালীন বা মুড়িকাটা জাতের পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ৪০টি জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি)-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে।

এর আগে গৃহীত ১৩৭ দশমিক ৪২ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান রয়েছে।

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী প্লট (পলিশেড) এবং দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত, যেমন বারি-৫ পেঁয়াজ এই প্রকল্পের মাধ্যমে সম্প্রসারণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ এম


ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ঘটনা। অনেক কিছু উদ্ভাবিত ও উন্মোচিত হয়। জন্মের পাশাপাশি অনেকের মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মাঝে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ী দাগ ফেলে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় স্থান করে নেয়।

সোমবার (২৩ নভেম্বর) এক নজরে দেখা যাক তেমন কিছু ঘটনা।

ঘটনাবলি

১৭৪৪ সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।

১৭৮৩ সালে অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়।

১৮৭৩ সালে ফরাসী সেনাবাহিনী ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।

১৮৯০ সালে নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে প্রত্যাহার করে নেয়।

১৯১৬ সালে প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসনে আরোহণ করেন।

১৯১৯ সালে দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯২২ সালে রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৩৬ সালে লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯৬৪ সালে ব্রিটেনে প্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।

১৯৯৫ সালে বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম

১৫৫৩ সালে ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি জন্মগ্রহণ করেন।

১৭৬০ সালে ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, যিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও সমাজকর্মী।

১৮০৪ সালে ফ্রাংক্লিন পিয়ের্স, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি ছিলেন।

১৮৩৭ সালে ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, যিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।

১৮৬০ সালে ইয়ালমার ব্রান্তিং, যিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।

১৮৯৭ সালে নীরদচন্দ্র চৌধুরী, যিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। তিনি একজন খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

১৯০৭ সালে রুন রুন শাও, যিনি ছিলেন চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠাতা।

১৯২২ সালে ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, যিনি ছিলেন স্প্যানিশ রাজনীতিবিদ।

১৯২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৩৫ সালে ভ্লাডিস্লাভ ভোল্কভ, যিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৪১ সালে ফ্রাঙ্কো নিরো, যিনি ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।

১৯৫৫ সালে লুডোভিকো ইনাউডি, যিনি ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।

১৯৬৬ সালে ভিনসেন্ট ক্যাসেল, যিনি ফরাসি অভিনেতা ও প্রযোজক।

১৯৭১ সালে খালেদ আল-মুয়াল্লিদ, যিনি সৌদি আরবের ফুটবলার।

১৯৯১ সালে আহমেদ শেহজাদ, যিনি পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু

১৩১৮ সালে জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি মৃত্যুবরণ করেন।

১৪৫৭ সালে লাডিস্লাউস পুস্থুমউস, যিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা।

১৫১১ সালে ৫২ বছর শাসনের পর গুজরাটের শাসক মাহমুদ শাহ্ মৃত্যুবরণ করেন।

১৫৭২ সালে ব্রনযিনো, যিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও কবি।

১৬৮২ সালে ক্লাউডে লরাইন, যিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।

১৮৮৩ সালে প্যারীচাঁদ মিত্র, যিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।

১৯৩৭ সালে জগদীশ চন্দ্র বসু, যিনি ছিলেন বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা।

১৯৭০ সালে তুন ইউসুফ বিন ইসহাক, যিনি ছিলেন সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৭৬ সালে ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন।

১৯৯০ সালে রুয়াল দাল, যিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক।

১৯৯৫ সালে লুই মালে, যিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০০৬ সালে ফিলিপ নইরেট, যিনি ছিলেন ফরাসি অভিনেতা।

২০১০ সালে ইংরিড পিট, যিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।

২০১৪ সালে ডরোথি চেনি, যিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনী নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের দায়িত্ব নিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ এম


সেনাবাহিনী নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের দায়িত্ব নিল

বাংলাদেশ সেনাবাহিনী টেকনাফে যৌথ অভিযানের সময় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে।

রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়া, মো. তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নের জন্য বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্বও গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

তদুপরি, তার স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সময় গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে দুই পোশাক কারখানা শ্রমিক অসন্তোষে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ এম


গাজীপুরে দুই পোশাক কারখানা শ্রমিক অসন্তোষে বন্ধ

গাজীপুরে দুই পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনিভাবে ধর্মঘটের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কারখানার গেটে নোটিশ টানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এবং শনিবার (২১ নভেম্বর) তারিখে কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়।

শ্রীপুর উপজেলার বেতজুরি (নতুন বাজার) এলাকার এসরোটেক্স লিমিটেড এবং গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (ভবানীপুর) এলাকার গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড এই দুই কারখানা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় কারখানার পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশ দেওয়া হবে।

এসরোটেক্স লিমিটেডের মানবসম্পদ (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) বিভাগের সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, "মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কর্তৃপক্ষ কারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে আসছে।" ১০ নভেম্বর, ১৭ নভেম্বর এবং ১৮ নভেম্বর নির্ধারিত সময়ে কারখানা খোলা হয়েছিল। কিন্তু শ্রমিকরা বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকে।

বাইরে থেকে অন্য কারখানার উশৃঙ্খল শ্রমিক ও বহিরাগতরা কারখানার প্রধান ফটকে ঢিল ছুড়ে ভাঙার চেষ্টা করে। এতে সাধারণ শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। ১৯ নভেম্বর এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ যথারীতি কারখানা খোলা রাখে। ওই দিন শ্রমিকরা হাজিরা নিশ্চিত করার পর উশৃঙ্খলভাবে কারখানা থেকে বের হয়ে যায়। রোববার (২২ নভেম্বর) এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ আবারও কারখানা খোলা রাখে, কিন্তু সকল শ্রমিক বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকে। এ সময় পার্শ্ববর্তী কারখানার উশৃঙ্খল শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে উশৃঙ্খল আচরণ শুরু করে, ফলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। শ্রমিকদের আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।

সাধারণ শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসরোটেক্স লিমিটেডের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম জানানো হবে। তবে নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগ বন্ধের আওতামুক্ত থাকবে।

অন্যদিকে, গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেডের কর্তৃপক্ষের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনিভাবে ধর্মঘটের কারণে ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ১৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। ১৯ নভেম্বর শ্রমিকরা সকালে হাজিরা নিশ্চিত করার পর কর্মবিরতি শুরু করে উশৃঙ্খলভাবে কারখানা ত্যাগ করে। ২১ নভেম্বর সকালে হাজিরা নিশ্চিত করার পর অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে। শ্রমিকদের আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।

এমতাবস্থায় শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) মোতাবেক কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%