প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে দুই পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনিভাবে ধর্মঘটের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কারখানার গেটে নোটিশ টানানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) এবং শনিবার (২১ নভেম্বর) তারিখে কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়।
শ্রীপুর উপজেলার বেতজুরি (নতুন বাজার) এলাকার এসরোটেক্স লিমিটেড এবং গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (ভবানীপুর) এলাকার গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড এই দুই কারখানা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় কারখানার পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথাসময়ে নোটিশ দেওয়া হবে।
এসরোটেক্স লিমিটেডের মানবসম্পদ (এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) বিভাগের সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, "মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কর্তৃপক্ষ কারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে আসছে।" ১০ নভেম্বর, ১৭ নভেম্বর এবং ১৮ নভেম্বর নির্ধারিত সময়ে কারখানা খোলা হয়েছিল। কিন্তু শ্রমিকরা বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকে।
বাইরে থেকে অন্য কারখানার উশৃঙ্খল শ্রমিক ও বহিরাগতরা কারখানার প্রধান ফটকে ঢিল ছুড়ে ভাঙার চেষ্টা করে। এতে সাধারণ শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। ১৯ নভেম্বর এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ যথারীতি কারখানা খোলা রাখে। ওই দিন শ্রমিকরা হাজিরা নিশ্চিত করার পর উশৃঙ্খলভাবে কারখানা থেকে বের হয়ে যায়। রোববার (২২ নভেম্বর) এসরোটেক্স লিমিটেড কর্তৃপক্ষ আবারও কারখানা খোলা রাখে, কিন্তু সকল শ্রমিক বেআইনিভাবে কাজ বন্ধ করে বসে থাকে। এ সময় পার্শ্ববর্তী কারখানার উশৃঙ্খল শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে উশৃঙ্খল আচরণ শুরু করে, ফলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। শ্রমিকদের আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।
সাধারণ শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসরোটেক্স লিমিটেডের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম জানানো হবে। তবে নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগ বন্ধের আওতামুক্ত থাকবে।
অন্যদিকে, গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেডের কর্তৃপক্ষের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বেআইনিভাবে ধর্মঘটের কারণে ৯ নভেম্বর থেকে ১০ নভেম্বর, ১৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। ১৯ নভেম্বর শ্রমিকরা সকালে হাজিরা নিশ্চিত করার পর কর্মবিরতি শুরু করে উশৃঙ্খলভাবে কারখানা ত্যাগ করে। ২১ নভেম্বর সকালে হাজিরা নিশ্চিত করার পর অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে। শ্রমিকদের আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।
এমতাবস্থায় শ্রমিকদের জানমাল ও সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩(১) মোতাবেক কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর তারিখ ও পরবর্তী কার্যক্রম জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন