ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মতলবে মেঘনায় সরকারি নির্দেশ উপেক্ষা করায় ১০ জেলে আটক, জেল-জরিমানা


মতলবে মেঘনায় সরকারি নির্দেশ উপেক্ষা করায় ১০ জেলে আটক, জেল-জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনায় সরকারি নির্দেশ অমান্য করার কারণে ১০ জন জেলে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর-২০২৬) দিবাগত রাতে উপজেলা মৎস্য বিভাগ এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সাত জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে, একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দেয়। আদালতের বিচারকার্য পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

রোববার (১১ অক্টোবর) সকালে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন জানান, উপজেলা মৎস্য বিভাগ ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে

আরও পড়ুন: আওরাবুনিয়ায় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন

নিষিদ্ধ কারেন্ট জাল ও দুটি মাছ ধরার নৌকাসহ ১০ জন জেলে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাত জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই শিশুকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জনসম্মুখে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—আবু সাঈদ (২৮), কাজল (৩০), জুয়েল (৪০), লোকমান (২৭), জীবন সরকার (৪০), রাসেল মৃধা (৪০) ও ইমরান (২১)। তাঁদের সবার বাড়ি মতলব উত্তর উপজেলায়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক জেলেদের সাজা প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে সোপর্দ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকারি নিষেধ অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


সরকার ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

সরকার উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির দিকে গুরুত্ব দিচ্ছে, এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনা এবং গবেষণার জন্য বাজেট বৃদ্ধির কথাও তিনি উল্লেখ করেন।

রবিবার (১১ অক্টোবর) গাজীপুরের বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ।

এ অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূরসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদও উপস্থিত ছিলেন। তারা গ্র্যাজুয়েটদের সততা বজায় রাখার, আজীবন শেখার মানসিকতা ধারণ করার এবং অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য অঞ্চলে নারীদের জন্য কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালা, স্বাবলম্বিতার নতুন দিগন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


পার্বত্য অঞ্চলে নারীদের জন্য কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালা, স্বাবলম্বিতার নতুন দিগন্ত

পার্বত্য অঞ্চলে শান্তি, সংহতি ও টেকসই উন্নয়নের ধারাকে বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে পাহাড়ের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে পাহাড়ি ও বাঙালি নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালা।

​রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৮ বীর (কাপ্তাই জোন)-এর অধীনস্থ বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এই কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তূজা রাসেল সাইফ।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রশিক্ষণ কর্মশালাটিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ২০ জন নারী অংশগ্রহণ করছেন। তাঁদের হস্তশিল্প ও কুটিরশিল্পবিষয়ক বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, "এই প্রশিক্ষণ কর্মসূচি পাহাড়ি-বাঙালি নারীদের সুপ্ত প্রতিভার বিকাশ, স্বাবলম্বী হওয়া এবং সৃজনশীল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এটি বিশেষ সহায়ক হবে।"

​অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির যাত্রা ত্বরান্বিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে দেশে মৃত্যু হলো আরও ৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


হাম উপসর্গে দেশে মৃত্যু হলো আরও ৭ জনের

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা এক হাজার ২৭৩ জনে পৌঁছেছে।

রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের বিমানবন্দরে হামলায় আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


রিয়াদের বিমানবন্দরে হামলায় আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার ফলে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

আহত চার বাংলাদেশি বর্তমানে রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন, এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, "হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

প্রতিমন্ত্রী আরও জানান, সৌদির বিমানবন্দরে হামলার ফলে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং চার বাংলাদেশি আহত হয়েছেন, যাঁরা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, "আমরা সবার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি।"

গতকাল শনিবারের এই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছে। বাংলাদেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%