০৪:১০ পি.এম
পার্বত্য অঞ্চলে শান্তি, সংহতি ও টেকসই উন্নয়নের ধারাকে বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে পাহাড়ের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে পাহাড়ি ও বাঙালি নারীদের আর্থসামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালা।
রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৮ বীর (কাপ্তাই জোন)-এর অধীনস্থ বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এই কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তূজা রাসেল সাইফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, প্রশিক্ষণ কর্মশালাটিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ২০ জন নারী অংশগ্রহণ করছেন। তাঁদের হস্তশিল্প ও কুটিরশিল্পবিষয়ক বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, "এই প্রশিক্ষণ কর্মসূচি পাহাড়ি-বাঙালি নারীদের সুপ্ত প্রতিভার বিকাশ, স্বাবলম্বী হওয়া এবং সৃজনশীল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এটি বিশেষ সহায়ক হবে।"
অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির যাত্রা ত্বরান্বিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন