ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে


ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে

বাংলাদেশের একটি পরিবারে যখন কারও ক্যানসার ধরা পড়ে, তখন শুধু রোগীই নয়, পুরো পরিবার একটি কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়। চিকিৎসার জন্য কোথায় যেতে হবে, কোন হাসপাতালে যেতে হবে, খরচ কত হবে, চিকিৎসা শুরু করতে কত সময় লাগবে, এসব প্রশ্ন সামনে আসে। অনেক পরিবার চিকিৎসার খরচ মেটাতে জমিজমা বিক্রি করে এবং সঞ্চয় শেষ করে ফেলে। কিছু পরিবার অর্থের অভাবে চিকিৎসা মাঝপথে বন্ধ করতেও বাধ্য হয়।

যদিও সময়মতো রোগ শনাক্ত করা এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক ক্যানসার রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, তবে প্রশ্ন উঠছে, কেন আমরা এখনও দেশের সব মানুষের জন্য ক্যানসার চিকিৎসার একটি সহজ, সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারিনি?

এই বাস্তবতার প্রেক্ষিতে, বাংলাদেশে একটি জাতীয় ক্যানসার টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি।

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সের ধারাবাহিক ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ অর্জন

কেন এই উদ্যোগ জরুরি?

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা GLOBOCAN ২০২২ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হন এবং বছরে প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে।

দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ আগের তুলনায় বেড়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ছে। কিন্তু দেশের সব অঞ্চলের মানুষ সমানভাবে এসব সুবিধা পাচ্ছেন না।

বিশেষায়িত চিকিৎসার একটি বড় অংশ এখনো ঢাকা ও কয়েকটি বড় শহরে সীমাবদ্ধ। ফলে দিনাজপুর, পঞ্চগড়, ভোলা কিংবা প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য বারবার ঢাকায় আসতে হয়। চিকিৎসার পাশাপাশি যাতায়াত, থাকা ও খাওয়ার খরচও বহন করতে হয়। অনেকের পক্ষে এই চাপ সামলানো সম্ভব হয় না।

আরও পড়ুন: টানা ৫মবার বর্ষসেরা এয়ারলাইনের পুরস্কার পেল ইউএস-বাংলা

সমস্যা শুধু হাসপাতাল বা চিকিৎসকের স্বল্পতা নয়। কোথায় কী সুবিধা আছে, কোথায় কী প্রয়োজন এবং কীভাবে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায়, এসব বিষয়েও জাতীয় পর্যায়ে সমন্বয়ের ঘাটতি রয়েছে।

জাতীয় ক্যানসার টাস্কফোর্স কী করবে?

এটি একটি জাতীয় বিশেষজ্ঞ দলের গঠন হবে, যার মূল কাজ হবে দেশের ক্যানসার চিকিৎসার সমস্যাগুলো চিহ্নিত করা, সমাধানের পরিকল্পনা তৈরি করা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এতে সরকারি ও বেসরকারি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ, স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নার্স, চিকিৎসা প্রযুক্তিবিদ, গবেষক, স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং রোগীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা জরুরি।

আরও পড়ুন: মিসরে ট্রেন সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১১২

তবে শুধুমাত্র একটি কমিটি গঠন করলেই হবে না। এই টাস্কফোর্সকে নির্দিষ্ট দায়িত্ব, কাজের সময়সীমা এবং বাস্তবায়ন পর্যবেক্ষণের ক্ষমতা দিতে হবে।

কোন কাজগুলো আগে করতে হবে?

প্রথমত, দেশের ক্যানসার চিকিৎসার একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করতে হবে। কোন জেলায় কী চিকিৎসা সুবিধা আছে, কোথায় বিশেষজ্ঞের অভাব, কোথায় রেডিওথেরাপির মেশিন প্রয়োজন, কোন হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও ব্যবহার হচ্ছে না, এসব তথ্য সংগ্রহ করতে হবে। সঠিক তথ্য ছাড়া সঠিক পরিকল্পনা করা সম্ভব নয়।

দ্বিতীয়ত, চিকিৎসাসেবা ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে। প্রতিটি বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে নিরাপদ কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা, প্রাথমিক পরীক্ষা এবং রোগীদের সঠিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গড়ে তুলতে হবে। সব জেলায় একসঙ্গে বড় ক্যানসার হাসপাতাল নির্মাণের প্রয়োজন নেই। যেখানে যে সেবার চাহিদা বেশি, সেখানে সেই সুবিধা আগে চালু করতে হবে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত কুবির ছাত্র ইরফান তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন

তৃতীয়ত, রেডিওথেরাপি ও রোগ নির্ণয়ের সুযোগ বাড়াতে হবে। অনেক ক্যানসার রোগীর চিকিৎসায় রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এই সেবার সুযোগ সীমিত। নতুন মেশিন স্থাপনের পাশাপাশি সেগুলো চালানোর জন্য দক্ষ জনবল ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। একইভাবে ক্যানসার শনাক্তের জন্য মানসম্মত প্যাথলজি এবং প্রয়োজনীয় আধুনিক পরীক্ষার সুযোগ বাড়াতে হবে।

চতুর্থত, চিকিৎসার খরচ কমাতে হবে। ক্যানসার চিকিৎসায় সরকারি সহায়তা, স্বাস্থ্যবিমা এবং দরিদ্র রোগীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। অর্থের অভাবে কোনো রোগী যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

পঞ্চমত, দক্ষ জনবল তৈরি করতে হবে। শুধু ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক নয়, প্রশিক্ষিত নার্স, মেডিকেল ফিজিসিস্ট, রেডিওথেরাপি টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীও প্রয়োজন। তাঁদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

প্রতিরোধ ও গবেষণাকেও গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: রাজধানী থেকে হঠাৎ উধাও ব্যাটারিচালিত রিকশা, কারণ কী?

ক্যানসার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধেও গুরুত্ব দিতে হবে। তামাক নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তের ব্যবস্থা জোরদার করতে হবে।

দেশে ক্যানসার নিয়ে গবেষণার সুযোগও বাড়ানো জরুরি। কত মানুষ আক্রান্ত হচ্ছেন, কোন ধরনের ক্যানসার বেশি হচ্ছে, চিকিৎসায় কী ফল পাওয়া যাচ্ছে, এসব তথ্য নিয়মিত সংগ্রহ করতে হবে। দেশীয় গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো যেতে পারে।

প্রথম ১০০ দিনে কী করা সম্ভব?

টাস্কফোর্স গঠনের পর প্রথম ১০০ দিনের মধ্যে দেশের ক্যানসার চিকিৎসার বর্তমান অবস্থা ও প্রধান ঘাটতিগুলো চিহ্নিত করার কাজ শুরু করা সম্ভব। এরপর অগ্রাধিকার ঠিক করে তিন থেকে পাঁচ বছরের একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

আরও পড়ুন: বর্তমান বহরের রক্ষণাবেক্ষণেই হিমশিম, তবু আসছে ৩৫টি নতুন উড়োজাহাজ

কোন কাজ কে করবে, কত অর্থ প্রয়োজন এবং কত দিনের মধ্যে কাজ শেষ হবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। পাশাপাশি নিয়মিত অগ্রগতি প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষও জানতে পারেন কী পরিবর্তন হচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উদ্যোগ যেন সরকার পরিবর্তন বা প্রশাসনিক রদবদলের কারণে থেমে না যায়। ক্যানসার চিকিৎসার উন্নয়নকে একটি দীর্ঘমেয়াদি জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখতে হবে।

ক্যানসার চিকিৎসা পাওয়ার সুযোগ একজন মানুষের আর্থিক সামর্থ্য কিংবা তিনি কোন জেলায় বসবাস করেন, তার ওপর নির্ভর করা উচিত নয়।

বাংলাদেশে দক্ষ চিকিৎসক আছেন, চিকিৎসাপ্রতিষ্ঠান আছে, কাজ করার আগ্রহও আছে। এখন প্রয়োজন সবাইকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় নিয়ে আসা।

একটি কার্যকর জাতীয় ক্যানসার টাস্কফোর্স সেই কাজের সূচনা করতে পারে।

আমাদের লক্ষ্য হওয়া উচিত একটাই: ক্যানসার রোগীকে চিকিৎসার জন্য অসহায়ভাবে ঘুরতে হবে না। তিনি যেন নিজের দেশের মধ্যেই সময়মতো, মানসম্মত এবং সাশ্রয়ী চিকিৎসা পান।

সেই লক্ষ্য অর্জনের উদ্যোগ নেওয়ার সময় এখনই।

ডা. আরমান রেজা চৌধুরী

সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি

এভারকেয়ার হাসপাতাল ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট পদে মনোনীত ইলসে আইগনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট পদে মনোনীত ইলসে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এই মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছেন। যদি তার মনোনয়ন চূড়ান্ত হয়, তাহলে ৬১ বছর বয়সী এই রাজনীতিক জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মের্ৎস রোববার মধ্য ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে এই ঘোষণা দেন।

ইলসে আইগনার বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিডিইউর বাভারিয়াভিত্তিক সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন অনুমোদিত হলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

জার্মানির রাজনৈতিক রীতি অনুসারে, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থী মনোনীত করতে হয়। বর্তমান সরকার সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সমন্বয়ে গঠিত। এসপিডি ইতোমধ্যে প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে।

জার্মানিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন ফেডারেল কনভেনশন নামের একটি বিশেষ নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। এই কনভেনশন শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আহ্বান করা হয়। আগামী ৩০ জানুয়ারি এই নির্বাচকমণ্ডলী বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচন করবে।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তার পাঁচ বছর মেয়াদি দ্বিতীয় ও শেষ মেয়াদ আগামী ২০২৭ সালের মার্চে পূর্ণ হবে।

জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি আইনে স্বাক্ষর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ পান। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মনোনয়ন নিয়ে জোটে টানাপোড়েন

চলতি বছরের শুরুর দিকে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থী বিবেচনা করায় সিডিইউ তার মনোনয়নে সমর্থন দিতে দেরি করে। এতে দুই সহযোগী দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়।

আইগনার ১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে তিনি স্থানীয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের সময় তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান এবং ২০১৮ সালে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন। বর্তমানে তিনি সেই দায়িত্ব পালন করছেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাইলান্তরি খাল দখলে নৌ-চলাচল বন্ধ, কৃষকরা দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


কাইলান্তরি খাল দখলে নৌ-চলাচল বন্ধ, কৃষকরা দুর্ভোগে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শত বছরের পুরোনো কাইলান্তরি খাল দখল ও ভরাটের ফলে সংকুচিত হয়ে পড়েছে। খালটিতে বিভিন্ন স্থানে পাইলিং ও মাটি ভরাটের কারণে নৌ-চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর ফলে স্থানীয় কৃষকসহ শত শত একর ফসলি জমির বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। সময়মতো ফসল বাজারে নিয়ে যাওয়া, কৃষি উপকরণ পরিবহন এবং জরুরি প্রয়োজনে রোগী আনা-নেওয়া এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পান স্বপনদের বাড়ি থেকে বয়াতী বাড়ি হয়ে বারানি খাল ও বেলুয়া নদী পর্যন্ত বিস্তৃত এই জলপথটি দীর্ঘকাল ধরে কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

স্থানীয় কৃষক স্বপন জানান, উৎপাদিত ধানসহ বিভিন্ন কৃষিপণ্য নৌকায় করে বাজারে নিতে হয়। একইভাবে খেতের জমিতে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ পৌঁছানোর প্রধান মাধ্যমও এই খাল। কিন্তু বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় কৃষকদের কৃষিকাজ ও ফসল পরিবহনে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর পক্ষে দুলাল মিয়া বলেন, খালটি সংকুচিত হওয়ায় স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কোনো অসুস্থ রোগীকে জরুরি প্রয়োজনে দ্রুত নৌপথে পরিবহন করতে গিয়ে স্বজনদের চরম বিপাকে পড়তে হচ্ছে।

স্থানীয় কৃষকদের সুনির্দিষ্ট অভিযোগ, হারুন মিয়া খালের মুখসংলগ্ন কিছু জমি ক্রয়ের পর সেখানে বড় বড় গাছ ও বাঁশ দিয়ে খালের মাঝখানে পাইলিং করেছেন। এর ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও সব ধরনের নৌযান চলাচলের পথ পুরোপুরি বাধাগ্রস্ত হচ্ছে।

তবে আনীত অভিযোগের বিষয়ে হারুন মিয়া দাবি করেন, তিনি মূলত নিজের কেনা জমিই ভোগদখলে নিয়েছেন। তিনি জানান, মাপজোখে কেনা জমির সীমানা অনুযায়ী সম্পূর্ণ জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে তিনি পাইলিং দিয়েছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যাবেন বলেও জানান।

এ ব্যাপারে ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল বলেন, বিষয়টি আমি ইতোমধ্যে জানতে পেরেছি। আজ বেলা ১১টায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

শত বছরের ঐতিহ্যবাহী এই খাল পুনরুদ্ধারে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে খালের প্রকৃত সীমানা নির্ধারণ করা হলে নৌ-চলাচল স্বাভাবিক হবে এবং কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমান বহরের রক্ষণাবেক্ষণেই হিমশিম, তবু আসছে ৩৫টি নতুন উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


বর্তমান বহরের রক্ষণাবেক্ষণেই হিমশিম, তবু আসছে ৩৫টি নতুন উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান বহরের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠার মধ্যে নতুন করে ৩৫টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। দক্ষ প্রকৌশলীর অভাব, ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগের প্রেক্ষাপটে নতুন উড়োজাহাজগুলোর নিরাপদ পরিচালনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে ১৯টি উড়োজাহাজ পরিচালনায় বিভিন্ন সীমাবদ্ধতা বিদ্যমান, তাই বহর সম্প্রসারণের পরিকল্পনার বাস্তবসম্মততা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে নারিতা বিমানবন্দরে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব ঘটে। প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা পর বিমানের প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ বিভাগের কার্যক্রম পর্যালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, উড়োজাহাজটির গত তিন থেকে ছয় মাসের রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ক্যালিব্রেশন যথাযথভাবে হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একটি ফ্লাইটে স্পয়লার, ফ্ল্যাপ কমান্ড, বাম পাশের পিটোট হিট ও র‌্যাম ফ্যান-সংক্রান্ত একাধিক ত্রুটি একইসঙ্গে কিভাবে দেখা দিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিমানসংশ্লিষ্ট সূত্রের দাবি, সংস্থাটি জন্মলগ্ন থেকেই রাজনৈতিক প্রভাব ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। উড়োজাহাজ কেনা, রুট নির্ধারণ, নিয়োগ ও বরখাস্তের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে। ব্যতিক্রম ছিল কেবল ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময়। দীর্ঘ বিশ্লেষণ ও যথাযথ সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শেষে তারা বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সেগুলো দিয়ে বিমান এখনও পরিচালিত হচ্ছে।

পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় এসে চুক্তির কমিশন বা সুবিধা লাভের উদ্দেশ্যে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা আরো বাড়িয়ে দেয়। বিমানের প্রতিটি বিভাগকে রাজনীতিকীকরণ করে ফেলায় যারা ক্ষমতায় থাকত, তারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য উড়োজাহাজ কিনত এবং নতুন নতুন রুট ঘোষণা করত। নিয়োগ প্রক্রিয়াও রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হতো। বিমানের লাভ-ক্ষতি নিয়ে কারো মাথাব্যথা ছিল না; সবার উদ্দেশ্য ছিল নিজের আখের গোছানো। বর্তমানে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে।

প্রকৌশলী সংকট ও রক্ষণাবেক্ষণে ঘাটতি

বিমানসংশ্লিষ্ট সূত্রের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সংস্থাটির উড়োজাহাজে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বর্তমানে সংস্থাটিতে প্রায় ২৫০ জন প্রকৌশলী কর্মরত আছেন, তবে প্রয়োজনের তুলনায় প্রায় ১০০ জন প্রকৌশলীর ঘাটতি রয়েছে। ভালো বেতনের সুযোগে দক্ষ প্রকৌশলীদের অনেকেই বিদেশি এয়ারলাইনসে চলে যাচ্ছেন, ফলে রক্ষণাবেক্ষণ কার্যক্রমে চাপ বাড়ছে।

সূত্রের দাবি, বিমানে কর্মরতদের একটি অংশ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে সক্রিয়। কেউ কেউ কাজের চেয়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে বেশি সময় দেন। আবার অনেকে যথাযথ দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা পাচ্ছেন। ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কাজের জবাবদিহিতা নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

বিমানের প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ বিভাগ উড়োজাহাজের কারিগরি সক্ষমতা এবং উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি ফ্লাইটের আগে ও পরে উড়োজাহাজ পরীক্ষা করেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি কর্মীরা। তাদের অনুমোদন ছাড়া উড়োজাহাজ পরিচালনার সুযোগ নেই। ভিভিআইপি ফ্লাইটে সাধারণত অভিজ্ঞ প্রকৌশলীদের দায়িত্ব দেওয়া হয়।

তবে প্রধানমন্ত্রীর জাপান সফরে ভিভিআইপি ফ্লাইটের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী পাঁচজন প্রকৌশলী যাওয়ার কথা থাকলেও দায়িত্ব পালন করেন দুজন। এ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিমানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের ব্যাখ্যা

বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়। ভিভিআইপি ফ্লাইটের আগে বিশেষ পরিদর্শন করা হয় এবং প্রয়োজনীয় যন্ত্রাংশসহ একটি ফ্লাইট প্যাক রাখা হয়। সম্ভাব্য ত্রুটি মোকাবিলায় দক্ষ প্রকৌশলীদেরও দায়িত্ব দেওয়া হয়।

পাঁচজনের পরিবর্তে দুজন প্রকৌশলী দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, এসওপি তৈরির সময় বি১ ও বি২ লাইসেন্সিং ব্যবস্থা ছিল না। বর্তমানে এসব লাইসেন্সের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডের কাজ কাভার করা সম্ভব। জাপান সফরে দায়িত্ব পালনকারী দুজনের একজনের পূর্ণ বি২ এবং অন্যজনের পূর্ণ বি১ লাইসেন্স ছিল। ফলে কারিগরি দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয়সংখ্যক প্রকৌশলী পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

তিনি আরো বলেন, এসএসএফ কার্যালয়ের সমন্বয় সভায় অংশ নিতে ভিভিআইপি নিরাপত্তা ছাড়পত্র বাধ্যতামূলক নয়। তবে ভিভিআইপি উড়োজাহাজের পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজে নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হয় না।

নাম প্রকাশ না করার শর্তে বিমানের এক কর্মকর্তা আমার দেশকে বলেন, এ ঘটনায় প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। অনেককে নজরদারির আওতায় আনা হচ্ছে।

রাজনৈতিক প্রভাব ও পেশাদারিত্বের সংকট

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা কমিটির সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আমার দেশকে বলেন, বিমানে পেশাদারিত্বের অভাব রয়েছে। প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে পুরো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা উচিত।

তিনি বলেন, সব সরকারই বিমানে নিজেদের পছন্দের লোককে গুরুত্বপূর্ণ পদে বসায়। বড় পদগুলোতে অ্যাভিয়েশন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ না দিলে প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় আর্থিক ভারসাম্যও নেই। রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিমান লাভবান হতে পারে।

সূত্রের মতে, বর্তমানে বিমানের বহরে থাকা উড়োজাহাজগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে সেগুলো ২০ থেকে ২৫ বছর পর্যন্ত অনায়াসে চালানো সম্ভব। বিদেশি এয়ারলাইনসগুলোও দীর্ঘ সময় এভাবে উড়োজাহাজ পরিচালনা করে। নতুন উড়োজাহাজ কেনার চুক্তি ইতিবাচক উদ্যোগ হলেও এর আগে পরামর্শক নিয়োগ করে প্রয়োজনীয়তা যাচাই, বহর ও রুট পরিকল্পনা করা উচিত ছিল। পাশাপাশি ককপিট ক্রু, কেবিন ক্রু ও প্রকৌশলীদের প্রয়োজনীয় নিয়োগ আগেই সম্পন্ন করে প্রস্তুতি নেওয়া জরুরি।

বেতন বাড়ছে, বাড়ছে আর্থিক চাপ

বিমান সূত্রের দাবি, প্রত্যেক সরকারই বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘদিনেও সংস্থাটির সমস্যার সমাধান হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্থাটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপব্যবস্থাপনা পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে বহর সম্প্রসারণের জন্য বড় অঙ্কের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

সংস্থাটির প্রায় ৩৫০০ কর্মকর্তা-কর্মচারীর বেতন গড়ে ১৮৭ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি মাসে বেতন বাবদ ব্যয় হচ্ছে প্রায় ৪২ কোটি টাকা। অন্যদিকে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বেতনও দ্বিগুণ হয়েছে। তাদের বেতন অন্য যেকোনো সংস্থার তুলনায় বেশি বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রের দাবি, প্রতিষ্ঠানের রিজার্ভ কমার পাশাপাশি বেতন-ভাতা ও পরিচালন ব্যয় বাড়ছে। এ অবস্থায় দক্ষতা ও আয় না বাড়িয়ে বহর সম্প্রসারণ করা হলে আর্থিক চাপ আরো বাড়তে পারে।

৩৫ উড়োজাহাজ কেনার পরিকল্পনা

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর বিপরীতে নতুন করে ২৫টি বোয়িং ও ১০টি এয়ারবাস কেনার চুক্তি করেছে সরকার। গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি এবং ২৩ সেপ্টেম্বর আরো ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এ ছাড়া এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। শুধু ২৫টি বোয়িং কিনতেই ব্যয় হবে প্রায় ৬৪০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ হাজার ৭০০ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, যাত্রীচাহিদা, উড়োজাহাজের সক্ষমতা, দূরপাল্লার রুট ও ফ্লাইটের সংখ্যা বিবেচনায় নিয়ে বহর সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে দেশের বিমানবহর দুই শতাধিক উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তবে সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ১৯টি উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণেই জনবল, অবকাঠামো, দক্ষ ব্যবস্থাপনা এবং নিয়মিত কারিগরি পরিচর্যার সীমাবদ্ধতা রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি উড়োজাহাজে উড্ডয়নের পর ইঞ্জিনের সমস্যা এবং জরুরি অবতরণের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। ফলে নতুন উড়োজাহাজ কেনার আগে দক্ষ প্রকৌশলী, পাইলট, কেবিন ক্রু ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি। বহর সম্প্রসারণের পাশাপাশি রুট পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ সক্ষমতা ও আর্থিক সম্ভাব্যতাও বিবেচনায় নিতে হবে।

আগেও ঘটেছে যান্ত্রিক ত্রুটি

বিমান এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির ঘটনা নতুন নয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ হাঙ্গেরি যাওয়ার পথে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। ইঞ্জিনের তেলের চাপসংক্রান্ত সমস্যার কারণে এ ঘটনা ঘটে। তদন্তে ইঞ্জিনের লুব্রিকেশন ব্যবস্থায় একটি নাট ঢিলা থাকার বিষয়টি উঠে আসে। ২০২৩ সালের এপ্রিলে শেখ হাসিনাকে টোকিওতে নামিয়ে দিয়ে ঢাকায় ফেরার পথেও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে ত্রুটি দেখা দেয়। তবে ওই সময় প্রধানমন্ত্রী উড়োজাহাজে ছিলেন না।

সাম্প্রতিক ঘটনাসহ এসব সমস্যার পর বিমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও প্রকৌশল বিভাগের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানা গেছে।

সংসদীয় কমিটির ব্যাখ্যা তলব

এদিকে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। উড়োজাহাজ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি ব্যবস্থার দুর্বলতায় রাজস্ব ক্ষতি বন্ধেরও সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বিমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ—বিদ্যমান বহরের নিরাপদ পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি নতুন উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা তৈরি করা। শুধু উড়োজাহাজ কেনা নয়, দক্ষ জনবল, পেশাদার ব্যবস্থাপনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে বহর সম্প্রসারণই সংস্থাটির জন্য নতুন চাপ তৈরি করতে পারে। প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা এসব ঘাটতি পর্যালোচনার প্রয়োজনীয়তাকে আরো সামনে নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন।

দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর রোববার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রহনপুর পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আলহাজ আমিনুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন— আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম মোহাম্মদ মাসুম, নাচোল বিএনপি নেতা নুর কামাল, দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যে ভুল করেছেন, আজ তার খেসারত আপনাদের দিতে হচ্ছে।”

সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%