১০:৪১ এম
ভারতে বয়স্ক মানুষের একাকীত্ব দূর করার উদ্দেশ্যে নতুন ধরনের ব্যবসার উদ্ভব ঘটছে। প্রবীণদের জন্য সময় ব্যয় করা, গল্প করা, হাসপাতাল নিয়ে যাওয়া কিংবা মন্দির ও পার্কে ঘুরতে যাওয়ার জন্য ভাড়াটে নাতি-নাতনি পাওয়া যাচ্ছে অর্থের বিনিময়ে। দেশের বিভিন্ন শহরে এই ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছু মানুষ এই কর্মীদের ‘ভাড়াটে সন্তান’ হিসেবে অভিহিত করছেন, আবার কেউ ‘ভাড়াটে নাতি-নাতনি’ বলছেন। যেসব প্রবীণ একাকিত্বের শিকার, তাদের সঙ্গ দেওয়া এই প্রতিষ্ঠানগুলোর প্রধান উদ্দেশ্য।
ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে গুরুগ্রামের বাসিন্দা এস বুধিরাজার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ফলে, স্ত্রীকে নিয়ে বাজারে কিংবা বাইরে যেতে হলে ২৬ বছর বয়সী রনি রাজু তার পাশে থাকেন। বুধিরাজা দম্পতির কাছে তিনি ভাড়াটে নাতির মতো।
আরও পড়ুন: রুবিও: ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে
সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রিধারী রাজু একটি প্রতিষ্ঠানের হয়ে গত কয়েক মাস ধরে তাদের দেখাশোনা করছেন। বুধিরাজা জানান, প্রথম সাক্ষাতেই রাজুর সঙ্গে তার স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছিল। তিনি রাজুকে একজন এমন ব্যক্তি হিসেবে দেখেন যে তার মনের কথা বোঝেন।
রাজুও বুধিরাজা দম্পতিকে নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করেন। তার ভাষায়, তারা তাকে শুধু সেবাদানকারী হিসেবে নয়, বরং নিজেদের সন্তানের মতো দেখেন।
সময় যতো গড়িয়েছে, সম্পর্কটি ততোই গভীর হয়েছে। অস্ত্রোপচারের জন্য বুধিরাজা হাসপাতালে ভর্তি হলে রাজু চিকিৎসক ও ওষুধের খোঁজখবর রেখেছেন। কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ফোন করে তাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
রাজুর নিয়োগকর্তা গৌরব মিত্তাল জানান, অনেক গ্রাহক তাদের কর্মীদের নিজেদের নাতি-নাতনির মতো আপন করে নেন। তার প্রতিষ্ঠানে মাসে ১০ ঘণ্টা সেবা নিতে ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি এবং ২৫ ঘণ্টার প্যাকেজে ঘণ্টাপ্রতি ৪০০ রুপি দিতে হয়। অব্যবহৃত সময় পরের মাসে ব্যবহারের সুযোগও রয়েছে।
আরও পড়ুন: মিসরে ট্রেন সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১১২
ভারতে মাথাপিছু গড় বার্ষিক আয় প্রায় ২ লাখ ২০ হাজার রুপি। সেই তুলনায়, এই সেবা মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোর মধ্যে সীমাবদ্ধ।
মিত্তাল জানান, নিজের পরিবার থেকেই এই ব্যবসার ধারণা পেয়েছিলেন তিনি। চার বছর আগে বাবার মৃত্যুর পর তার মাকে নিজের কাছে নিয়ে আসতে হয়েছিল। মা সামাজিকভাবে মিশুক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হলেও কোথাও যেতে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো। সেখান থেকেই প্রবীণদের সঙ্গ দেওয়ার প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা আসে তার।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের ভারত বার্ধক্যবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দেশটির মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশ ৬০ বছরের বেশি বয়সী ছিলেন। ২০৫০ সালের মধ্যে এই হার বেড়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে। তখন ভারতে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় ৩৪ কোটি ৭০ লাখ হতে পারে।
ভারত সরকার দেশটির প্রবীণদের সেবাসংশ্লিষ্ট বাজারের আকার প্রায় ৭ বিলিয়ন ডলার বলে অনুমান করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন নতুন প্রতিষ্ঠান এগিয়ে আসছে।
আরও পড়ুন: জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট পদে মনোনীত ইলসে আইগনার
২০১৭ সালের এক প্রতিবেদনে প্রবীণদের সঙ্গ দেওয়ার সেবা চালু করা অন্তত পাঁচটি নতুন প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছিল। ২০২২ সালে প্রয়াত রতন টাটাও মুম্বাইভিত্তিক এমন একটি নতুন প্রতিষ্ঠানের প্রচারে যুক্ত হয়েছিলেন।
এসব প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া কর্মীদের কাজে যোগ দেওয়ার আগে পুলিশের মাধ্যমে পরিচয় যাচাই করা হয়। এককভাবে দায়িত্ব পালনের আগে অভিজ্ঞ কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কাজ শেখেন তারা। তাদের অনেকের মনোবিজ্ঞান, সমাজকর্ম কিংবা আতিথেয়তা বিষয়ে প্রশিক্ষণ রয়েছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৩ সালের প্রতিবেদন বলছে, ২০৪৬ সালের মধ্যে ভারতে শিশুর তুলনায় প্রবীণ মানুষের সংখ্যা বেশি হবে। এরই মধ্যে দেশটির বিপুলসংখ্যক বয়স্ক মানুষ একাকিত্বে ভুগছেন।
২০২২ সালে ৭২ হাজারের বেশি মানুষের ওপর পরিচালিত ভারতের এক জাতীয় জরিপে দেখা যায়, মধ্যবয়সী ও প্রবীণদের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার নিঃসঙ্গতায় ভুগছেন। আর ১৩ দশমিক ৩ শতাংশের নিঃসঙ্গতা গুরুতর পর্যায়ের। একা বসবাসকারী ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩৭ শতাংশ নিঃসঙ্গ বোধ করার কথা জানিয়েছেন।
আরও পড়ুন: ইরানে স্থলপথেও যুক্তরাষ্ট্রের অবরোধ, গঠন হলো ‘আয়রন গেট’ বাহিনী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতি ছয়জনের একজন নিঃসঙ্গতায় ভুগছেন। এ সমস্যার সঙ্গে বছরে প্রায় ৮ লাখ ৭১ হাজার মৃত্যুর সম্পর্ক রয়েছে।
হায়দরাবাদভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সন্তোষ আব্রাহাম বলেন, প্রবীণদের স্বজনেরা সাধারণত চিকিৎসা বা বাজারে যাওয়ার মতো বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকেন। কিন্তু বয়স্ক ব্যক্তিদের সবচেয়ে বড় চাহিদা অনেক সময়ই অন্য কিছু— তাদের সঙ্গে কথা বলার মতো একজন মানুষ।
তিনি জানান, অনেক প্রবীণ অসুস্থতার কথা বলে কর্মী ডেকে আনেন। কিন্তু গিয়ে দেখা যায়, শারীরিক কোনো সমস্যা নেই। তারা মূলত কারও সঙ্গে বসে এক ঘণ্টা গল্প করতে চান।
প্রতিষ্ঠানটির কর্মী বিনয় কুমার বলেন, প্রবীণদের সঙ্গে সময় কাটানোই তাদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কেউ তাদের সঙ্গে তাস বা ঘরোয়া খেলা খেলতে চান, কেউ সিনেমা দেখতে কিংবা মন্দির ও পার্কে যেতে চান।
আরও পড়ুন: ট্রাম্প: ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চাইছি না
কখনো কখনো পরিবারের সদস্যদের চেয়ে অপরিচিত কারও কাছে মনের কথা বলা সহজ মনে করেন প্রবীণরা। কারণ, তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে পারিবারিক প্রত্যাশা কিংবা পুরোনো কোনো জটিলতা থাকে না।
কর্মীদের সঙ্গে প্রবীণদের সম্পর্ক অনেক সময় পেশাগত সীমা ছাড়িয়ে যায়। হায়দরাবাদের এক প্রবীণ ব্যক্তি প্রথমদিকে ভাষাগত সমস্যার কারণে বিনয় কুমারকে বাড়িতে ঢুকতে দিতে চাইতেন না। পরে তার গাড়ি চালানো শেখার খরচ দেন এবং পরিচিতদের কাছে তাকে নিজের সৌভাগ্যে পাওয়া ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। ২০২৩ সালে ওই ব্যক্তির মৃত্যু হলে তার ছেলে বিনয়কে বাবার শেষকৃত্যেও অংশ নিতে অনুরোধ করেন।
তবে এ ধরনের কাজে পেশাগত সীমারেখা বজায় রাখার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, সঙ্গীরা প্রবীণদের সহযোগিতা করবেন, কিন্তু চিকিৎসক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের বিকল্প হতে পারবেন না।
নয়াদিল্লির কাছাকাছি জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিলপা বন্দ্যোপাধ্যায় মনে করেন, প্রবীণদের জন্য অর্থের বিনিময়ে সঙ্গী নিয়োগ করাকে পরিবারের ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়।
আরও পড়ুন: কারাগারে মাদুরোর ধর্মচর্চা, বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ
তার মতে, প্রবীণদের প্রয়োজন শুধু খাবার, বাসস্থান, চিকিৎসা কিংবা শারীরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের কথা শোনা, অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং সামাজিকভাবে যুক্ত রাখাও জরুরি।
গুরুগ্রামের বুধিরাজার কাছে ফিরে আসেন রাজু। তাকে প্রশ্ন করা হয়, কোনো দিন রাজু কাজে না এলে তার কেমন লাগবে? উত্তরে বুধিরাজা বলেন, কেন আসেননি তা জেনে তাকে আসার ব্যবস্থা করবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনও বাড়তে থাকে। আর তার এখন রাজুকে প্রয়োজন।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন