শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৮ এম
ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে হুন্দাই গাড়ির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির উদ্দেশ্য হলো হুন্দাই গাড়ির গ্রাহকদের জন্য সহজ ও সাশ্রয়ী অটো লোন সুবিধা নিশ্চিত করা।
সম্প্রতি ঢাকায় ট্রাস্ট ব্যাংকের করপোরেট হেড অফিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, হুন্দাই গাড়ির গ্রাহকেরা কোনো প্রসেসিং ফি ছাড়াই প্রতিযোগিতামূলক সুদের হারে ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
এ উদ্যোগের ফলে সম্ভাব্য হুন্দাই ক্রেতাদের জন্য গাড়ি কেনার অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে, এমন প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবীন এবং ফেয়ার টেকনোলজি লিমিটেডের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্মাণাধীন সেতুর লোহার অ্যাঙ্গেল খালের পানির নিচে পড়ে রয়েছে। এটি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু পণ্যবাহী বোট চলাচলের জন্য এটি একটি মরণফাঁদ হিসেবে কাজ করছে। ওই লোহার কাঠামোয় ধাক্কা লেগে একের পর এক বোটডুবি ও দুর্ঘটনা ঘটছে। পূর্বে কয়েক দফা দুর্ঘটনায় বোটডুবির ঘটনা ঘটেছে। এবার একই দিনে দুটি লবণবোঝাই বোট দুর্ঘটনার শিকার হয়েছে। একটি লবণসহ ডুবে গেছে, অন্যটির তলা ফেটে গেছে। ব্যবসায়ীদের দাবি, দুই ঘটনায় প্রায় ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের পটিয়া উপজেলার চানখালী খালের নাইখাইন এলাকায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, সেতু নির্মাণকাজে ব্যবহৃত লোহার অ্যাঙ্গেল ও অন্যান্য নির্মাণসামগ্রী খালের তলদেশ থেকে অপসারণ না করার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। একের পর এক দুর্ঘটনার পরও নৌপথটি নিরাপদ করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পেকুয়ার মগনামা থেকে নৌপথে পটিয়ার ইন্দ্রপোল লবণশিল্প এলাকায় নিয়মিত লবণের কাঁচামাল পরিবহন করা হয়।
বৃহস্পতিবার দুর্ঘটনায় নুরুল আবছার ওরফে মনু কোম্পানির মালিকানাধীন প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি বোট লবণসহ ডুবে যায়। বোটটিতে প্রায় ১০ লাখ টাকার লবণ ছিল। ফলে বোট ও পণ্য মিলিয়ে প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, একই ঘটনায় আবদুর শুক্কুর ওরফে শুক্কুর কোম্পানির মালিকানাধীন অন্য একটি বোটের তলা ফেটে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ী জানিয়েছেন। সবমিলিয়ে এক দিনের দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ লাখ টাকা।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, নির্মাণাধীন সেতুর নিচে পানির তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেলে ধাক্কা লেগে এর আগেও অন্তত ১০ থেকে ১২টি বোটডুবির ঘটনা ঘটেছে। কয়েকবার দুর্ঘটনার পরও লোহার কাঠামো অপসারণ না করায় একই স্থানে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের প্রশ্ন, একের পর এক বোটডুবির পরও কেন খালের তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেল সরানো হচ্ছে না, নৌপথে চলাচলকারী বোটগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার, আরও বড় কোনো দুর্ঘটনা ঘটার পরেই কি সংশ্লিষ্টদের টনক নড়বে?
চানখালী খাল দক্ষিণ চট্টগ্রামের লবণ ব্যবসা ও পণ্য পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ। পেকুয়ার মগনামা থেকে ইন্দ্রপোলের লবণশিল্প এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ লবণের কাঁচামাল আনা-নেওয়া হয় এই খাল দিয়ে। এই নৌপথের ওপর নির্ভরশীল রয়েছেন বোট মালিক, শ্রমিক, মাঝি ও ব্যবসায়ীরা। কিন্তু নির্মাণাধীন সেতুর আশপাশে পানির নিচে থাকা লোহার কাঠামোর কারণে এখন প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে বোট চালাতে হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বোট মালিকের পুঁজি, শ্রমিকদের জীবিকা এবং পুরো পরিবহনব্যবস্থার ওপর বড় ধরনের চাপ পড়ছে।
অপরদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া লবণ মিল মালিক সমিতির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। এ সময় ব্যবসায়ীরা খালের তলদেশে পড়ে থাকা লোহার অ্যাঙ্গেল ও নির্মাণসামগ্রী দ্রুত অপসারণের দাবি জানান। বারবার দুর্ঘটনার পরও যদি একই স্থানে বিপজ্জনক লোহার কাঠামো পড়ে থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বোটের শ্রমিক ও মাঝিদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা অবিলম্বে চানখালী খালের তলদেশ থেকে নির্মাণকাজে ব্যবহৃত সব লোহার অ্যাঙ্গেল ও অন্যান্য সামগ্রী অপসারণ, দুর্ঘটনাস্থল চিহ্নিত করে সতর্কসংকেত স্থাপন এবং নৌপথ নিরাপদ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তাঁরা। এ সমস্যা সমাধানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংসদ সদস্যের উদ্যোগে সংশ্লিষ্ট সেতু নির্মাণ কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. এমরানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের সীমান্ত এলাকায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের দেশে প্রবেশের সম্ভাব্য পথ পর্যবেক্ষণের খবরের পর কুমিল্লার বিবিরবাজার সীমান্তে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে বিএনপি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সীমান্ত এলাকায় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। অন্যদিকে, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি এবং পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বিবিরবাজার স্থলবন্দরের বিপরীতে ভারতের সীমান্তেও বিএসএফ সতর্ক অবস্থানে ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেনি যে সীমান্তের ওপারে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অবস্থান করছেন কি না।
বিক্ষোভস্থলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ইতোমধ্যে আমরা খবর পেয়েছি, তাদের কেউ কেউ সীমান্তের ওপারে ঘোরাফেরা করছেন। এ কারণে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য কুমিল্লার সব সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।”
ওয়াসিম আরও জানান, আগামী ডিসেম্বর মাসজুড়ে তাদের এ কর্মসূচি চলবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তে নজরদারি রাখার আহ্বান জানান তিনি। যাতে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।
এ সময় বিএনপির নেতারা বিবিরবাজার স্থলবন্দরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে বিজিবি ও এসআরবির সদস্যদের পাশাপাশি কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান সমকালকে জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। তবে সীমান্তের ওপারে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এসেছেন—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।
রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সমকালকে বলেন, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায়। দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। দুপুরে তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধি দলে আরও সাত থেকে আটজন নেতা ছিলেন। বিকেলে তারা আগরতলা স্থলবন্দর পরিদর্শন করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল চারটার দিকে আখাউড়া স্থলবন্দরে প্রতিবাদ ও বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে পুলিশের ২৭ সদস্যের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করেন কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে।
ডা. মমিনুর রহমান জিন্নাহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভাটিকাশর এলাকায় ডা. জিন্নাহর মালিকানাধীন নিরাময় ক্লিনিকে আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায়। ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে সেখান থেকে ডা. জিন্নাহকে আটক করা হয়। তবে অভিযোগ রয়েছে যে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে।
শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় তিনি একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।
অভিযোগ রয়েছে যে চলতি বছরের শুরুর দিকে মহানগর আওয়ামী লীগ নেতা রিপন মিয়াকে (মাল্টি রিপন) ডিবি পুলিশ গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছিল। কিন্তু পরবর্তীতে ওসি শিবিরুল ইসলাম অসুস্থতার অজুহাত দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেন।
স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদীন অভিযোগ করেন যে, ওসি শিবিরুল ইসলাম মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের বড় নেতাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে তাদের শেল্টার দিচ্ছেন এবং নিজের চাকরি বাঁচাতে নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করছেন। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতা ডা. জিন্নাহকে যদি গ্রেপ্তারই না করা হবে, তবে এত পুলিশ নিয়ে তালা ভেঙে অভিযান চালানো হলো কেন?
ঘটনা সম্পর্কে জানতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী কোতোয়ালি থানায় ওসির কক্ষে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ডা. জিন্নাহকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তাঁর প্রাইভেট হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল আওয়ামী লীগ আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনে উত্থাপন করা হবে।
ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ সমকালকে বলেন, ‘ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।’ তিনি আরও বলেন, ‘ওসি এতো ক্ষমতা কোথায় পায়, তার খুটির জোড় কোথায় এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোনো আসামি ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে ওসির কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে যদি টাকা লেনদেনের মাধ্যমে ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান নিজেদের দুটি প্রধান পরমাণু সাইটের মধ্যবর্তী স্থানে দ্রুতগতিতে একটি ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা আইএসআইএস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেছে।
আইএসআইএস জানিয়েছে, ভেন্টর টেকনোলজির স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করার পর তারা দেখতে পায় যে, ইরান পিকঅ্যাক্স পাহাড় এবং ইস্ফাহান পারমাণবিক সাইটের ঠিক মাঝখানে এই স্থাপনাটি নির্মাণ করছে। উল্লেখযোগ্যভাবে, এটি অস্বাভাবিক দ্রুতগতিতে নির্মিত হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, নতুন ভূগর্ভস্থ স্থাপনাটি তৈরির বিষয়টি প্রথম নজরে আসে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে। এরপর চলতি বছরের জানুয়ারিতে একটি টানেলের দিকে নতুন সড়ক এবং জুনে একটি নতুন টানেল দেখা যায়।
তবে, স্থাপনাটি কিসের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইএসআইএস বলেছে, এটি পারমাণবিক কাজের জন্য ব্যবহৃত হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
সম্প্রতি, ইরান এই স্থাপনাটির চারপাশে নিরাপত্তা বেষ্টনি বসানোর কাজও শুরু করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি।
যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে। তবে, ইরান বরাবরই দাবি করে আসছে যে, তারা শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রকল্প পরিচালনা করছে। তবুও, গত বছরের জুনে এবং এ বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
তালাশ বিডি/মিডিয়া লিঃ