প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে পুলিশের ২৭ সদস্যের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করেন কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে।
ডা. মমিনুর রহমান জিন্নাহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভাটিকাশর এলাকায় ডা. জিন্নাহর মালিকানাধীন নিরাময় ক্লিনিকে আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায়। ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে সেখান থেকে ডা. জিন্নাহকে আটক করা হয়। তবে অভিযোগ রয়েছে যে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে।
শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় তিনি একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।
অভিযোগ রয়েছে যে চলতি বছরের শুরুর দিকে মহানগর আওয়ামী লীগ নেতা রিপন মিয়াকে (মাল্টি রিপন) ডিবি পুলিশ গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছিল। কিন্তু পরবর্তীতে ওসি শিবিরুল ইসলাম অসুস্থতার অজুহাত দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেন।
স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদীন অভিযোগ করেন যে, ওসি শিবিরুল ইসলাম মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের বড় নেতাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে তাদের শেল্টার দিচ্ছেন এবং নিজের চাকরি বাঁচাতে নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করছেন। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতা ডা. জিন্নাহকে যদি গ্রেপ্তারই না করা হবে, তবে এত পুলিশ নিয়ে তালা ভেঙে অভিযান চালানো হলো কেন?
ঘটনা সম্পর্কে জানতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী কোতোয়ালি থানায় ওসির কক্ষে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। ডা. জিন্নাহকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তাঁর প্রাইভেট হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল আওয়ামী লীগ আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনে উত্থাপন করা হবে।
ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ সমকালকে বলেন, ‘ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।’ তিনি আরও বলেন, ‘ওসি এতো ক্ষমতা কোথায় পায়, তার খুটির জোড় কোথায় এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোনো আসামি ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে ওসির কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে যদি টাকা লেনদেনের মাধ্যমে ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন