ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বৈরী আবহাওয়ায় থমকে গেছে বঙ্গোপসাগরের শুটকি পল্লির কাজ, ৭ কোটি টাকা ক্ষতি


বৈরী আবহাওয়ায় থমকে গেছে বঙ্গোপসাগরের শুটকি পল্লির কাজ, ৭ কোটি টাকা ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লিতে কার্যক্রম থমকে গেছে। নতুন মাছ সাগর থেকে না আসায় এবং বৃষ্টির ফলে কাঁচা মাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্টরা প্রায় সাত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। একই সঙ্গে শ্রমিকদের বেতন ও খাবারের জন্য প্রতিদিন বড় অঙ্কের খরচ গুনতে হচ্ছে, ফলে ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ব্যাপক লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুবলার চরের চারটি শুঁটকি পল্লিতে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। প্রত্যেক ব্যবসায়ীর অধীনে গড়ে ২০ জন করে প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক কাজ করেন। মাছ ধরা বন্ধ থাকলেও প্রতিটি জেলে বা শ্রমিকের পেছনে বেতন ও খাবার বাবদ প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার টাকা ব্যয় হচ্ছে। সব মিলিয়ে এসব খরচে প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

আলোরকোল শুঁটকি পল্লীর মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, “এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই আবার দুর্যোগের কবলে পড়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছি।”

আরও পড়ুন: রায়গঞ্জে ৯ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

তিনি আরও জানান, মাছ না থাকায় শুঁটকি উৎপাদন বন্ধ রয়েছে, অথচ জেলে-শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য ব্যয় প্রতিদিন বহন করতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা নতুন করে ঋণের চাপে পড়ার শঙ্কায় রয়েছেন।

আলোরকোলের আরেক মালিক ও চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ বলেন, “একেকজন বহদ্দারের অধীনে গড়ে ২০ জন জেলে ও শ্রমিক রয়েছেন। শুঁটকি মৌসুমের পাঁচ মাসের জন্য একজন শ্রমিককে দেড় লাখ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে আনা হয়েছে। দৈনিক হিসাবে বেতন দিতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পারায় তাদের কোনো কাজ নেই। কিন্তু বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। খাবার খরচসহ প্রত্যেক মালিকের দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান হচ্ছে।”

ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, দেড় কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে, যা ফিড হিসেবে ব্যবহার ছাড়া আর কোনো উপায় থাকবে না।

জেলে পল্লির অন্য সদস্যরা জানান, প্রচুর পরিমাণ কাঁচা মাছ শুকানোর অভাবে নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও বিভিন্ন খরচ বহন করতে গিয়ে সব মিলিয়ে তাদের প্রায় ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে মালয়েশিয়ার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন এমটিসিপি অ্যালামনাই

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লির বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে দুবলার চরের জেলেরা বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরু হয়েছিল ঘূর্ণিঝড় অর্নবের মধ্য দিয়ে। ১৫ দিন যেতে না যেতেই আবার ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরতে পারছেন না। বৈরী আবহাওয়ায় চাতালে মাছ শুকানোও ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেকের কাঁচা মাছ নষ্ট হয়েছে। জেলে ও শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। এতে বহদ্দার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন।”

সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত দুবলার চরে শুঁটকি তৈরির কার্যক্রম চলে। মৌসুমের শুরুতেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় এবং রোদ না থাকায় শুকানোর কাজ এগোতে না পারায় ঋণ ও দাদনের টাকা পরিশোধের পাশাপাশি সংসার চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল এখন ইজিবাইক চালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল এখন ইজিবাইক চালক

যৌবনের সোনালি দিনের ২০টি বছর রাজপথে কাটিয়েছেন। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ছিলেন তিনি। গত ১৭ বছরের ফ্যাসিস্টদের রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলার ভয়াবহ দিনগুলোতে ৭টি মামলার বোঝা কাঁধে নিয়ে লড়াই চালিয়ে গেছেন। কিন্তু সময়ের নির্মম ক্যানভাসে সেই ত্যাগের মূল্য আজ কঠিন জীবিকার সংগ্রামে পরিণত হয়েছে। ছাত্রদলের একসময়ের সেই রাজপথ কাঁপানো সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল আজ দলের সুসময়েও বেঁচে থাকার তাগিদে ইজিবাইক চালাচ্ছেন।

হাসিনা সরকারের দুঃসময়ে হামলা-মামলার মুখোমুখি হয়ে জীবন বাঁচানো কঠিন হয়ে পড়লে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর এলাকা ছাড়তে বাধ্য হন মুকুল। বর্তমানে যশোরের টালিখোলায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি যশোর শহরের রাস্তায় নামেন ইজিবাইক নিয়ে।

দীর্ঘদিন ইজিবাইক চালাতে চালাতে দুর্ঘটনায় ভেঙে গেছে কোমর ও মেরুদণ্ডের হাড়। মারাত্মক শারীরিক যাতনা সত্ত্বেও অর্থের অভাবে সঠিক চিকিৎসা পাননি। যা কিছু উপার্জন করেন, তার পুরোটাই ঢেলে দেন সন্তানদের পড়াশোনায়। বড় ছেলে সাজিদ হাসান রিফাত (রিয়ান) সরকারি এমএম কলেজে ইংরেজিতে অনার্স করছেন এবং ছোট ছেলে সোয়াদ হাসান রাফিন পুলিশ লাইনস স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র।

রাজনীতিতে সৎ ও আদর্শবান হিসেবে পরিচিত এই সাবেক ছাত্রনেতার আত্মমর্যাদাবোধ অটুট রয়েছে। ইজিবাইক চালিয়ে সংসার চালানোয় তাঁর কাছে কোনো লজ্জা নেই, তবে মনের কোণে জমে আছে এক বুক নীরব কষ্ট ও বেঁচে থাকার আকুতি।

বাষ্পরুদ্ধ কণ্ঠে সাবেক এই ছাত্রনেতা বলেন, "ছাত্রদল আমাকে পরিচয় দিয়েছে, আমার পুরো যৌবন গেছে দলের পেছনে। ক্ষমতার রাজনীতি করিনি, অপকর্মে জড়াইনি, সব সময় সৎ পথে থেকেছি বলেই আজও মানুষ ভালোবাসে। জীবন তো শেষই হয়ে গেল, দলের কাছে আমার আর ব্যক্তিগত কিছু চাওয়ার বা পাওয়ার নেই। কেবল বড় ছেলেটার একটা চাকরি হলে আবার গ্রামে ফিরে রাজনীতিতে নামার ইচ্ছা আছে।"

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মুকুলের ভক্তি ও ভালোবাসার গভীরতা ফুটে ওঠে তাঁর এক স্মৃতিকথায়। তিনি জানান, ছেলের প্রাইভেট পড়ানোর জমানো সামান্য টাকা দিয়ে ঢাকায় গিয়ে তিনি মরহুম বেগম জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন। বড় ছেলে তাঁকে এই টাকা দিয়েছিল। বর্তমানে এই সাবেক ছাত্রনেতার চোখ জুড়ে একমাত্র স্বপ্ন-বড় ছেলের একটা গতি হওয়া। তিনি ছেলের জন্য একটি সরকারি চাকরি প্রত্যাশা করেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম (যিনি মুকুলের সময়ে উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন) স্মৃতিচারণ করে বলেন, "মুকুল অত্যন্ত সৎ এবং ত্যাগী একজন নেতা ছিল। বিগত আওয়ামী লীগের আমলে ডজনখানেক মামলার খড়্গ নিয়ে ওকে এলাকা ছাড়তে হয়। এত কষ্টের মধ্যেও এখনো যশোর থেকে এসে দলের কর্মসূচিতে যোগ দেয়। মুকুলের মতো নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতার পরিবারের পাশে দলের দাঁড়ানো উচিত। তাঁর যোগ্য সন্তানটির একটি কর্মসংস্থান হলে এই পরিবারটির চরম দুর্দশা ঘুচবে।"

এদিকে মুকুলের ইজিবাইক চালানোর খবর জানতে পেরে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাঁকে ডেকে এনে আর্থিক সহায়তা করেছেন। মুকুলের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর দুই ছেলের পড়ালেখার দায়িত্বও তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুগল এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষার জন্য কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


গুগল এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষার জন্য কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে

গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের নিরাপত্তা পরীক্ষা ও প্রশিক্ষণের উদ্দেশ্যে একটি বিশাল কৃত্রিম জগৎ তৈরি করেছে, যা বাস্তব ইন্টারনেটের আদলে নির্মিত। এই ব্যবস্থার নাম ‘মিরর ডাইমেনশন’, যেখানে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যাংকিং ড্যাশবোর্ডসহ বিভিন্ন সাইটের নকল সংস্করণ অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এআই এজেন্টের কার্যক্রম পরীক্ষা করতে পারবে, যা বাস্তব ওয়েবসাইট বা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ঝুঁকি সৃষ্টি করবে না।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে বলা হয়েছে, ক্রোম ব্রাউজারে যুক্ত হতে যাওয়া জেমিনি-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার নিরাপত্তা পরীক্ষায় এই কৃত্রিম ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। এআই এজেন্টকে দৈনন্দিন ওয়েবভিত্তিক কাজ শেখানোর জন্য শত শত ওয়েবসাইটে হাজার হাজার পরীক্ষা চালানো প্রয়োজন। বাস্তব ইন্টারনেটে এসব পরীক্ষা পরিচালনা করা কঠিন, কারণ ওয়েবসাইটগুলো নিয়মিত পরিবর্তিত হয়, ফলে একই পরীক্ষা বারবার একই পরিবেশে করা সম্ভব হয় না।

এছাড়া, পরীক্ষামূলক পর্যায়ে থাকা এআই এজেন্টকে বাস্তব ওয়েবসাইটে কাজ করতে দিলে ভুলের কারণে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সমস্যা সৃষ্টি হতে পারে বা বাস্তব ক্ষতি হতে পারে। আরেকটি সমস্যা হলো ‘ইভ্যালুয়েশন অ্যাওয়ারনেস’। যখন কোনো এআই মডেল বুঝতে পারে যে তাকে পরীক্ষা করা হচ্ছে, তখন সে স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যেতে পারে। এর ফলে পরীক্ষার ফল প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায় না। তাই গুগল নিশ্চিত করেছে যে এআই যেন বুঝতে না পারে যে সে একটি পরীক্ষার পরিবেশে রয়েছে।

গুগল জানিয়েছে, ‘মিরর ডাইমেনশন’ তৈরি করা হয়েছে ‘জিভাইজর’ (gVisor) নামের প্রযুক্তির সাহায্যে, যা সুরক্ষিত ডিজিটাল পরিবেশে কাজ করে। যখন এআই এজেন্ট কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে, তখন একটি স্থানীয় ব্যবস্থা তাকে ওই সাইটের কৃত্রিম সংস্করণে পাঠিয়ে দেয়, তবে ক্রোমের ঠিকানার ঘরে ওয়েবসাইটের স্বাভাবিক ঠিকানাই দেখা যায়। এই ব্যবস্থায় ক্রোমের নিরাপত্তা সতর্কবার্তা এড়াতে পরীক্ষার পরিবেশের ভেতরে বিশেষভাবে তৈরি ওয়েব সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে।

গুগলের দাবি, সাধারণ ক্রোম ব্যবহারকারীদের জন্য বাইরের কোনো ব্যক্তি এভাবে ওয়েবসাইটের ঠিকানা পরিবর্তন করতে পারবে না। কারণ, পুরো ব্যবস্থাটি কেবল গুগলের নিয়ন্ত্রিত ব্যক্তিগত পরীক্ষার নেটওয়ার্কে কাজ করে। প্রতিটি পরীক্ষা নতুন করে শুরু হয়, যাতে পূর্ববর্তী পরীক্ষার কোনো কাজ পরবর্তী পরীক্ষায় প্রভাব না ফেলে। হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট তৈরি করা কঠিন। তাই এ কাজেও একাধিক এআই এজেন্ট ব্যবহার করছে গুগল।

প্রথমে গবেষণায় যুক্ত এআই এজেন্টগুলো একটি ওয়েবসাইটে কী কী সুবিধা থাকা প্রয়োজন তা নির্ধারণ করে, যেমন অনলাইন কেনাকাটার সাইটে পণ্যের কার্ট ও প্রোমো কোড ব্যবহারের ব্যবস্থা। এরপর নির্মাণকারী এআই এজেন্টগুলো ওয়েবসাইটের কোড তৈরি করে। অন্যদিকে, সমালোচক বা পরীক্ষক এজেন্টগুলো ক্রোমের ডেভেলপার টুল ব্যবহার করে বিভিন্ন বাটনে ক্লিক করে, স্ক্রিনশট নেয় এবং কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের জন্য জানায়।

এভাবে অনলাইন দোকান, রেসিপির ওয়েবসাইট, স্থানীয় পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম এবং ব্যাংকিং ড্যাশবোর্ডসহ নানা ধরনের কৃত্রিম ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ‘মিরর ডাইমেনশন’ তৈরির অন্যতম উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ আক্রমণ থেকে এআই এজেন্টকে সুরক্ষিত রাখা। এ ধরনের আক্রমণে হ্যাকাররা ওয়েবপেজের লেখা বা ছবির মধ্যে গোপন ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে। যদি এআই এজেন্ট সেই নির্দেশনা অনুসরণ করে, তাহলে তার নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে চলে যেতে পারে।

প্রাথমিক পরীক্ষায় গুগলের এআই অস্বাভাবিক ওয়েব ঠিকানা দেখে বুঝতে পেরেছিল যে তাকে পরীক্ষা করা হচ্ছে। পরে প্রকৌশলীরা আক্রমণের সংকেত ওয়েবপেজের অদৃশ্য হেডারের মধ্যে লুকিয়ে রাখার ব্যবস্থা করেন। গুগলের তথ্য অনুযায়ী, এই স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে একজন নিরাপত্তা প্রকৌশলী প্রতিদিন এক হাজারের বেশি আক্রমণের পরীক্ষার পরিস্থিতি তৈরি করতে সক্ষম হন। মানুষের হাতে একই কাজ করার তুলনায় এ সংখ্যা ৩০ গুণেরও বেশি। তবে এসব পরীক্ষায় এআই কতবার সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ক্রোমের এআই নিরাপত্তা প্রকৌশলী চার্লস কিয়ান জানিয়েছেন, উন্মুক্ত ইন্টারনেট নানা ধরনের ঝুঁকিতে ভরা। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কাজ না করার বিষয়ে এআই এজেন্টের বিচারবোধ আরও পরিণত হচ্ছে। গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক ডগ টার্নার জানিয়েছেন, এআই প্রযুক্তির সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে মিরর ডাইমেনশনকেও আরও বাস্তবসম্মত করে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের রাফাল বহরে চারটি যুদ্ধবিমান কম: ফ্লাইট ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ভারতের রাফাল বহরে চারটি যুদ্ধবিমান কম: ফ্লাইট ইন্টারন্যাশনাল

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর, যা ২০২৫ সালের মে মাসে ঘটে, ভারতের বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ব্রিটিশ প্রকাশনা ফ্লাইটগ্লোবালের ২০২৭ সালের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ তালিকায় ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি হিসেবে উল্লেখ করা হয়েছে। ফ্রান্সের কাছ থেকে ভারত মোট ৩৬টি রাফাল সংগ্রহ করেছিল।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, ফ্লাইটগ্লোবালের পূর্ববর্তী সংস্করণে ভারতের সক্রিয় রাফালের সংখ্যা ৩৫টি ছিল। নতুন তালিকায় সেই সংখ্যা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। এর মানে হচ্ছে, আগের তালিকার তুলনায় সক্রিয় বিমানের সংখ্যা তিনটি হ্রাস পেয়েছে। আর ভারতের কেনা মোট ৩৬টি বিমানের সঙ্গে তুলনা করলে, চারটি বিমানের ব্যবধান দেখা যাচ্ছে।

তবে, এই সংখ্যা হ্রাসের কারণ তালিকায় ব্যাখ্যা করা হয়নি। কোন বিমানগুলি সক্রিয় বহরের বাইরে রয়েছে, সেগুলো যুদ্ধের সময় ধ্বংস হয়েছে, নাকি রক্ষণাবেক্ষণ, মেরামত বা আধুনিকায়নের জন্য রয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয়নি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তালিকার তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, এই পরিসংখ্যান মন্ত্রণালয় বা ভারতীয় বিমানবাহিনীর কাছ থেকে সরবরাহ করা হয়নি। এদিকে, অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারিও তালিকার তথ্যকে ভুল বলে মন্তব্য করেছেন এবং তথ্যের উৎস পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।

ভারত ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তির মাধ্যমে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত চলাকালীন দুই দেশের বিমানবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। ওই সংঘাতে পাকিস্তান দাবি করে যে, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারতীয় বিমানবাহিনী ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও, কতটি বা কোন ধরনের বিমান হারিয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

ফলে, ফ্লাইটগ্লোবালের তালিকায় সক্রিয় রাফালের সংখ্যা কমে যাওয়াকে পাকিস্তানের চারটি রাফাল ভূপাতিত করার দাবির প্রমাণ হিসেবে দেখা যায় না। তালিকাটি বিমানের বহর নিয়ে একটি স্বাধীন হিসাব; এতে বিমান কমে যাওয়ার কারণ বা কোনো যুদ্ধবিমানের ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে ঘরেই তৈরি করুন জনপ্রিয় জাপানি মিসো স্যুপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


শীতে ঘরেই তৈরি করুন জনপ্রিয় জাপানি মিসো স্যুপ

শীতকালীন দিনে গরম স্যুপের স্বাদ আলাদা। ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে জাপানের জনপ্রিয় খাবার মিসো স্যুপ তৈরি করা যেতে পারে। জাপানি ঘরোয়া রান্নার একটি পরিচিত পদ হিসেবে এটি ডাশি স্টক, ফারমেন্টেড মিসো পেস্ট, নরম টোফু এবং সামুদ্রিক শৈবালের মিশ্রণে গঠিত। স্বাদে হালকা হলেও এর মধ্যে উমামির সমৃদ্ধ স্বাদ বিদ্যমান। এই স্যুপটি অল্প সময়ের মধ্যে প্রস্তুত করা সম্ভব।

যেসব উপকরণ লাগবে

পানি ৩ কাপ

ডাশি গ্রানিউল ১ চা-চামচ অথবা ৪ ইঞ্চি লম্বা কম্বু

মিসো পেস্ট ৩ টেবিল চামচ

সিল্কেন টোফু আধা কাপ, ছোট টুকরা করে কাটা

শুকনা ওয়াকামে সামুদ্রিক শৈবাল ১ টেবিল চামচ

স্প্রিং অনিয়ন ২টি, কুচি করা

মাশরুম আধা কাপ, পাতলা করে কাটা

যেভাবে তৈরি করবেন

১. ওয়াকামে ভিজিয়ে নিন

প্রথমে শুকনা ওয়াকামে কিছুটা গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। নরম হয়ে গেলে পানি ঝরিয়ে আলাদা করে রাখতে হবে।

২. ডাশি স্টক তৈরি করুন

একটি পাত্রে ৩ কাপ পানি নিয়ে হালকা আঁচে গরম করতে হবে। এরপর ডাশি গ্রানিউল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডাশি গ্রানিউলের পরিবর্তে কম্বু ব্যবহার করলে সেটি পানিতে দিয়ে ৫ মিনিট হালকা আঁচে ফুটিয়ে তুলে ফেলতে হবে।

৩. মাশরুম দিন

এখন গরম স্টকে কাটা মাশরুম দিয়ে ২ মিনিট রান্না করতে হবে।

৪. টোফু ও ওয়াকামে মেশান

পাত্রে টোফু ও ভিজিয়ে রাখা ওয়াকামে দিয়ে আরও ১ থেকে ২ মিনিট গরম করতে হবে। টোফু যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৫. মিসো পেস্ট মেশান

চুলার আঁচ কমিয়ে দিতে হবে। একটি ছোট বাটিতে পাত্র থেকে সামান্য গরম স্টক নিয়ে মিসো পেস্ট ভালোভাবে গুলে নিতে হবে। এরপর মিশ্রণটি স্যুপের পাত্রে ঢেলে নেড়ে দিতে হবে। মিসো পেস্ট দেওয়ার পর স্যুপ আর জোরে ফুটতে দেওয়া যাবে না।

৬. পরিবেশন করুন

চুলা বন্ধ করে ওপরে কুচি করা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে হবে। গরম গরম পরিবেশন করা উচিত জাপানের জনপ্রিয় মিসো স্যুপ।

শীতের বিকেল কিংবা রাতের খাবারে ভিন্ন স্বাদের এই স্যুপটি দারুণ সংযোজন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%