০৩:০২ এম
বিশ্বকাপের মহারণ শুরু হতে চলেছে। আর্জেন্টিনা ও কেপ ভার্ডে মুখোমুখি হতে যাচ্ছে। মাঠে উত্তাপ যখন ফুটবলপ্রেমীদের ছুঁয়ে যাচ্ছে, তখন প্রকৃতি বাগড়া দিয়েছে। রাউন্ড অব থার্টি-টুর এই ম্যাচটি মাঠে গড়ানোর মাত্র কয়েক ঘণ্টা আগে মায়ামি শহরে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
সব ঠিক থাকলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় আজ রাত ৪টা) রেফারি শুরুর বাঁশি বাজাবেন। কিন্তু ফুটবলারদের পায়ের জাদুর আগেই মায়ামির আকাশে শুরু হয়েছে মেঘ-রোদের কানামাছি খেলা। আজ সকাল থেকেই শহরটির আকাশ ছিল মেঘলা, মাঝেমধ্যে ধূসর মেঘের চোখ রাঙানিও দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকালে আর্দ্রতা বাড়ার পাশাপাশি সাময়িক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আসল ভয়ের কারণ বৃষ্টি বা ঝড় নয়, আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মূলত ‘বজ্রপাত’।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান গুমোট পরিস্থিতির কারণে ম্যাচের আগের সময়টায় আবহাওয়ার ওপর কড়া নজর রাখছে কর্তৃপক্ষ। মার্কিন প্রশাসনের প্রোটোকল বেশ কঠোর। স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি একবারও বিজলি চমকায় বা বজ্রপাত শনাক্ত হয়, তবে সঙ্গে সঙ্গে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত করতে হবে। মাঠ থেকে ফুটবলারদের সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্যালারির দর্শকদেরও পাঠানো হবে নিরাপদ আশ্রয়ে।
আরও পড়ুন: পিএসজির গোল উৎসবে ভিয়ারিয়ালকে ৬-০ ব্যবধানে হারাল
ভয়াবহতার এখানেই শেষ নয়। ওই ৩০ মিনিটের মধ্যে যদি দ্বিতীয়বার বজ্রপাত ঘটে, তাহলে সময় গণনা (ক্লক) আবার শূন্য থেকে শুরু হবে। অর্থাৎ, ম্যাচ ঠিক কতক্ষণ বন্ধ থাকবে, তা বলা পুরোপুরি অসম্ভব। সবকিছু তখন প্রকৃতির ইশারায় ঝুলতে পারে। স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে খেলা যদি আবার শুরু হয়, তবে মাঠে নামার আগে ফুটবলারদের গা গরম করার জন্য মাত্র ৫ মিনিট সময় দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন