মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৯ পি.এম
গাজীপুর শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও উত্তেজনার কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন কারখানায় এই ছুটি প্রদান করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকাল আটটা থেকে গাজীপুরের বিভিন্ন তৈরি পোশাক কারখানা সচল হয়ে যায় এবং শ্রমিকেরা যথারীতি কর্মস্থলে যোগ দেন। তবে সকালের দিকে কোনাবাড়ি এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড ও কাশিমপুর এলাকার মণ্ডল গ্রুপের শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ পর ইসলামপুর এলাকায় ‘নর্প ইন্ডাস্ট্রিজ’-এর শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ সেটিতে ছুটি ঘোষণা করে।
এ সময় আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এসে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন এবং আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। একপর্যায়ে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে যোগ দিতে আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছুটি পাওয়ার পর অনেক শ্রমিক বাড়ি ফিরে গেলেও একটি অংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা নাওজোড় থেকে শুরু করে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, সকালের দিকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের মুখে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিল্প ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শোবিজ অঙ্গন থেকে শুরু করে সর্বত্র এই বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
এখন এই ঘটনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই পরিচিত। তিনি পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শও দেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধনী বা সমাপনী আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
হিরো আলম গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, "আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না। এই মিডিয়ার কারণেই আজকে আমি হিরো আলম হয়েছি।"
তিনি পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে আরও যোগ করেন, "আমাদের মাঝে যারা সেলিব্রিটি ও মিডিয়াপারসন আছেন, তাদের সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিক ভাইকে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।"
এই কন্টেন্ট ক্রিয়েটর পরীমনিকে অনুরোধ জানিয়ে বলেন, "আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে! তাই আপনার কাছে অনুরোধ, এই ঘটনা নিয়ে দেশজুড়ে যে তোলপাড় চলছে, তার অবসান ঘটান এবং আর কোনো কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন।"
এছাড়া, পরীমনি ও সাংবাদিকদের মধ্যকার এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে বর্তমানে বিনোদন অঙ্গনে যথেষ্ট আলোচনা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ করেছে ইরান। দেশটির অভিযোগ, বিভিন্ন দেশের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় গ্রোসি একই ধরনের অবস্থান গ্রহণ করছেন না। ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি নিন্দা জানালেও, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং দেশটির পরমাণুবিজ্ঞানীদের হত্যার ঘটনায় নিন্দা জানাননি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিয়েনায় অবস্থিত ইরানের প্রতিনিধিদল একটি বিবৃতিতে গ্রোসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় গ্রোসি কেন কঠোর নিন্দা জানিয়েছেন, অথচ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা কিংবা ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যার ঘটনায় একই অবস্থান নেননি?
গ্রোসি বিভিন্ন ঘটনায় ‘কঠোর নিন্দা’ শব্দবন্ধ ব্যবহার করেছেন উল্লেখ করে ইরানের প্রতিনিধিদল প্রশ্ন তুলেছে, ‘কিন্তু সব পরিস্থিতিতে কেন এই অবস্থান একইভাবে প্রয়োগ করা হচ্ছে না?’
বিবৃতিতে গ্রোসির বিরুদ্ধে ‘বাছাই করা ক্ষোভ’ প্রকাশের অভিযোগও আনা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পেশাদারত্বের জন্য ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।’
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে উপজেলা সদরে অবস্থিত ৫৭ নম্বর কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ ভবন, ছাদ থেকে পলেস্তারা খসে পড়া, সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ তলিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে চরম দুর্ভোগে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরাও।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে দুই শিফটে পরিচালিত হচ্ছে। এখানে ১৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন ছয়জন শিক্ষক। তবে পাঠদানের পাশাপাশি এখন বিদ্যালয়ের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এর জরাজীর্ণ অবকাঠামো।
বিদ্যালয়ের শিক্ষকদের বসার স্থান ও লাইব্রেরি কক্ষটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ চুইয়ে পানি পড়ার পাশাপাশি প্রায়ই পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ভবনের পলেস্তারা ধসে শিক্ষক ও অভিভাবকদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে আতঙ্ক নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠগ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বেশি বাড়লেই বিদ্যালয়ের চারপাশ পানিতে ডুবে যায় এবং যাতায়াত ব্যাহত হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে বিদ্যালয়টি পানিবন্দি হয়ে পড়ে।
এ ছাড়া পর্যাপ্ত খেলার মাঠ না থাকা এবং বাথরুমের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত একটি ঊর্ধ্বমুখী নতুন ভবন নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে নিজেদের ভয়ের কথা জানিয়ে শিক্ষার্থী নুহাস বলে, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে। কখন কী ঘটে যায়, সেই আতঙ্কে সবসময় থাকতে হয়।
উদ্বেগ প্রকাশ করে অভিভাবক কাকলি রহমান বলেন, “বিদ্যালয়ের পুরোনো ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সন্তানদের স্কুলে পাঠাতে আমাদের বুক কাঁপে। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা বলেন, “ঝুঁকিপূর্ণ লাইব্রেরি ও ভবনে আমাদের অত্যন্ত ভয় নিয়ে বসতে হয় এবং কার্যক্রম পরিচালনা করতে হয়। পুরোনো ভবনের সমস্যার বিষয়টি ইতোমধ্যে একাধিকবার উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিদ্যালয়ের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণের মাধ্যমে আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছে। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই উল্লেখ করেছেন যে, এসব শর্ত পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়। ইরানের এই অবস্থান স্পষ্ট করে যে, চলমান যুদ্ধে তেহরান নিজেদের বিজয়ী মনে করছে।
যুক্তরাষ্ট্র ইরানের কাছে আত্মসমর্পণ করবে কি না, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জন্য ‘আত্মসমর্পণ’ শব্দটি অত্যন্ত অপমানজনক। তাই ইরানের কাছে আত্মসমর্পণ করার সম্ভাবনা খুবই কম বলে মনে হচ্ছে।
এদিকে, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের আশা দেখাচ্ছেন, কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। এর ফলে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
যুদ্ধ বন্ধে ইরানের সাত শর্ত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও তেহরান সাতটি শর্তে অনড় রয়েছে। মোহসেন রেজাই আলজাজিরাকে জানিয়েছেন, ওয়াশিংটনকে এসব শর্ত মেনে নিতে হবে। শর্তগুলো হলো—
লেবাননসহ সব ফ্রন্টে সামরিক ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ ও অর্থ ছাড় করতে হবে।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে।
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
ইরানের বিপ্লববিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা বন্ধ করতে হবে।
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ট্রাম্প বলেছেন, "ইরানে আবারও হামলা হলে তা আগের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী হবে।"
এদিকে, নতুন করে ইরানের সঙ্গে সংঘাত শুরু হলে আগের হামলার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে উপসাগরীয় দেশগুলো যুদ্ধ আরও বিস্তৃত করার পরিবর্তে বর্তমান সামরিক অবস্থান বজায় রাখার পক্ষে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সিএসপ্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়, যদিও প্রকাশ্যে তারা তা স্বীকার করছে না।
ট্রাম্প বলেন, "আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা—সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।"
তিনি আরও বলেন, ইরান সমঝোতা করতে চায়। তবে দেশটি যদি পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো কার্যক্রম চালায়, তাহলে সেখানে হামলা চালাতে হতে পারে। যদিও এখন পর্যন্ত সেখানে তেমন কিছু দেখা যায়নি।
ট্রাম্প ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে তা ব্যবহার করবে।
তিনি জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এসব দেশ নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিবর্তে বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে।
তার ভাষায়, নতুন করে হামলা হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ