রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:০৮ পি.এম
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের চা খাতের অর্থনৈতিক সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
তিনি উল্লেখ করেন, চা শিল্পকে শুধুমাত্র ঋণনির্ভর খাত হিসেবে না রেখে রাজস্ব, কর ও ভ্যাটের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে নিয়মিত অবদান রাখতে সক্ষম একটি কার্যকর শিল্পে রূপান্তরিত করতে হবে।
আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে গঠিত পরামর্শক কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, চা শিল্পের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের জীবন-জীবিকা জড়িত রয়েছে। কোনো বাগান বন্ধ হলে বা দেউলিয়া হলে তার সরাসরি প্রভাব শ্রমিক পরিবার ও স্থানীয় সমাজের ওপর পড়ে। তাই শ্রমিকদের সুরক্ষা, পরিবেশগত ভারসাম্য এবং জাতীয় অর্থনীতির স্বার্থে এ খাতকে টেকসই ও লাভজনক করা জরুরি।
তিনি সতর্ক করে বলেন, একসময় বাংলাদেশ চা রপ্তানি করলেও উৎপাদন ব্যাহত হলে দেশ আবার আমদানিনির্ভর হয়ে পড়তে পারে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চা শিল্পের সংকট কাটিয়ে একে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
সভায় চা বাগানের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে অনাবাদি ও অব্যবহৃত জমিতে নির্দিষ্ট মেয়াদে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন, কৃষি ও বিকল্প বনায়ন এবং ক্লাস্টার বা নেট মিটারিংয়ের মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরির প্রস্তাবও দেওয়া হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত অনুমোদনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বক্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে চা প্রবেশ এবং নিলামের বাইরে সরাসরি বিক্রির কারণে বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারাচ্ছে। নিলামে প্রতি কেজি চায়ের দাম ২৯০ থেকে ৩০০ টাকা হলেও চোরাই চা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কার্যকর নজরদারি বৃদ্ধির পাশাপাশি ভ্যাট ও অগ্রিম আয়কর যৌক্তিক করার প্রস্তাব দেওয়া হয়।
সভায় আরো বলা হয়, শুধু সরকারি প্রণোদনা, আবর্তন তহবিল বা ঋণের ওপর নির্ভর না করে চা বাগানগুলোর ব্যবস্থাপনা দক্ষতা ও নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। বাগানভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যাংকিং ও নীতিগত সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, কৃষি সচিব মো. সেলিম খান, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবীর আহামদ, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মাঈনুদ্দিন হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল প্রেসক্লাবের কল্যাণ তহবিলে নিজের সম্মানী থেকে অর্থ দান করেছেন নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
রোববার (২০ সেপ্টেম্বর) নগর ভবনে নিজ দপ্তরে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে, নগর প্রশাসক এ অর্থ প্রেস ক্লাব সভাপতি ও কল্যাণ তহবিলের সভাপতির হাতে তুলে দেন।
শনিবার, প্রেসক্লাব মিলনায়তনে সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভায় নগর প্রশাসকের অনুদান প্রদানের আহ্বান জানানো হয়। তিনি এতে সম্মতি জানিয়ে পরদিনই তার প্রতিশ্রুতি রক্ষা করেন।
প্রেস ক্লাবের ওই অনুষ্ঠানে, নগর প্রশাসক শিরিন এবং বরিশাল সদর আসনের এমপি মুজিবুর রহমান সারোয়ার পুলক চ্যাটার্জীর পরিবারের হাতে কল্যাণ তহবিলের পক্ষে সহায়তার চেক তুলে দেন। সারোয়ার নিজেও পুলক চ্যাটার্জীর পরিবারের জন্য সহায়তার কথা ঘোষণা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর, ২০ সেপ্টেম্বর ২০২৬ : আজ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, যিনি এসব অনুদানের চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ প্রমুখ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নিবন্ধিত ৭৫ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ২০ লাখ ৩৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাতিঘর হিসেবে অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. শাহাদাত হোসেন।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, মেয়র কলেজের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ চিকিৎসক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
মেয়র ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেবল একটি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি চট্টগ্রাম ও দেশের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল।
প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান অসংখ্য দক্ষ চিকিৎসক তৈরি করেছে, যারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে চিকিৎসাসেবা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে, এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত আবেগময় ও গৌরবের বলে তিনি উল্লেখ করেন।
প্রতি বছর ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ দিবস হিসেবে উদযাপিত হয়। ১৯৫৭ সালের এই দিনে প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ওই পোশাক কারখানা থেকে অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে পৌঁছায়।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। কিন্তু বাইপাইল সড়কে প্রচুর যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। অগ্নিকাণ্ডের পরিস্থিতি জানার জন্য ঘটনাস্থলে পৌঁছাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ