ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাইয়ের পর আর পুরোনো ধারার রাজনীতি চাই না: সাঈদ আল নোমান


জুলাইয়ের পর আর পুরোনো ধারার রাজনীতি চাই না: সাঈদ আল নোমান

চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ২২ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জুলাইয়ে এখানকার সবাই কোনো না কোনোভাবে যুক্ত ছিল। বর্তমান বাংলাদেশকে যদি আমরা আসলেই দাঁড় করাতে চাই, তাহলে আমাদের চেতনায়, কর্মে, চিন্তায় নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে হবে। জুলাইয়ের পরে আমরা আর সেই পুরোনো ঘৃণা, সংঘাত, সেই পুরোনো রাজনীতি চাই না।’

আজ দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক লেখক সম্মাননা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাঈদ আল নোমান আরও বলেন, ‘বাংলাদেশে একটি সামাজিক, সাংস্কৃতিক বিপ্লব দরকার। লক্ষ্য ছাড়া কিছুই অর্জন করা যায় না। তেমনি লেখকদের মধ্যে জাতি গঠনের লক্ষ্য থাকতে হয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন মেধার ভিত্তিতে সব কর্মকাণ্ড পরিচালিত হয়।’

আরও পড়ুন: নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা

চবি লেখক ফোরামের সভাপতি আই এইচ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। 
অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘ আমরা চাই তরুণ লেখকরা সমাজের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সমাজের সামনে তুলে ধরুক।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, ‘লেখা মনের অন্ধকার জগৎকে আলোকিত করে। তবে, আপনি যদি প্রচুর না পড়েন, একজন ভালো শ্রোতা বা পাঠক না হোন, তাহলে আপনি লিখতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘ লিখতে গিয়ে আপনার অনেক ভুল হবে। এটা নিয়ে মন খারাপ করবেন না। দেখবেন, এই ভুল লেখাটিই একসময় আপনার সবচেয়ে মূল্যবান লেখায় পরিণত হবে।’

আরও পড়ুন: বরিশালে যুবদলকর্মী কাওসার হাওলাদারকে সন্ত্রাসীদের হাতে হত্যা

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

অনুষ্ঠানে চবি লেখক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্ষসেরা লেখক ও সংগঠক এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় চার-পাঁচ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে বিশ্বের সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী: ফ্রান্সেসকা আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে বিশ্বের সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী: ফ্রান্সেসকা আলবানিজ

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তিনি ইসরাইলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী’ আখ্যা দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের হত্যা, ধ্বংস ও বঞ্চনা অব্যাহত রয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী আবারও হামলা চালিয়েছে। বারবার। বারবার।’

আলবানিজ বলেন, ‘পশ্চিম তীরে সেনা ও বসতিস্থাপনকারীরা পানির পাইপ কেটে দিচ্ছে, আর কুসরার অবরোধ অব্যাহত রয়েছে। গাজায় ধ্বংসযজ্ঞ চলছে এবং সেই সঙ্গে চলছে হত্যাকাণ্ড। যুদ্ধবিরতির পর ইসরাইল ১ হাজার ২০০-এর বেশি মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে ৩০০ শিশু রয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ ক্ষমতাসীনরা, ইতিহাসের মতোই, ভুক্তভোগীদের দেখতে বা জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি দিতে অস্বীকার করছে।’

তিনি বলেন, ‘দ্বিতীয়বিশ্বযুদ্ধের ৮০ বছর পর, সেই যুদ্ধের পর গড়ে ওঠা মানবাধিকারের যুগে, বিষয়টি আরও বেশি ঘৃণ্য।’

তার পোস্টে একটি ছবিও ছিল, যেখানে ফিলিস্তিনি নাগরিক ফাতি খাজেমের মৃত্যুর বিষয়ে মন্তব্য করা হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) জেনিনে নিজ বাড়িতে গ্রেফতারের চেষ্টা প্রতিহত করার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা খাজেমের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দেয়। পরে তাকে রক্তক্ষরণে মৃত্যুর জন্য ফেলে রেখে তার মরদেহ নিয়ে যায়।

অধিকৃত পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম কুসরার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেখানে ফিলিস্তিনি পরিবারগুলো প্রায় দুই সপ্তাহ ধরে ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারী ও সেনাদের অবরোধের মধ্যে রয়েছে। পানি, বিদ্যুৎ, খাবারসহ মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।

রাম আল-আইন এলাকায় তিনটি বাড়িতে প্রায় ১৫ জন ফিলিস্তিনি আটকা পড়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। সশস্ত্র ইসরাইলি বসতিস্থাপনকারীরা বাড়িগুলো ঘিরে রেখেছে। অন্যদিকে ইসরাইলি সেনারা সেখানে অবস্থান নিয়ে এলাকাটিকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে।

চাপের মুখেও পরিবারগুলো বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের দাবি, হামলা ও অবরোধের উদ্দেশ্য হলো তাদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করা।

কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি জানিয়েছেন, ইসরাইলি সেনা ও বসতিস্থাপনকারীরা পরিবারগুলোকে বাড়িতে প্রবেশ বা বের হতে বাধা দিচ্ছে। একটি ফিলিস্তিনি বাড়ি দখল করে সেটিকে সামরিক অবস্থান হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে।

কুসরার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিকগুলোর একটি হলো পানি সরবরাহ বন্ধ করে দেওয়া। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় পরিবারগুলো মৌলিক প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে।

আগের প্রতিবেদনে বলা হয়েছিল, সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা সীমিত মজুত পানি ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছেন।

মানবাধিকার সংগঠনগুলোও কুসরার পরিস্থিতির নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘটনাটিকে পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা ও ফিলিস্তিনিদের উচ্ছেদের ক্রমবর্ধমান প্রবণতার অংশ হিসেবে দেখেছে।

কুসরায় অবরোধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি বাসিন্দারা ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা, বাড়িঘরে আক্রমণ, পাথর নিক্ষেপ ও গুলিবর্ষণের অভিযোগ করে আসছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বসতিস্থাপনকারীদের সহিংসতার কারণে পশ্চিম তীরে ২ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও কুসরার পরিস্থিতির নিন্দা জানিয়েছেন। তিনি এই অবরোধকে কথিত জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন এবং ফিলিস্তিনি বাসিন্দাদের যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থতার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে মনে করে। তবে ইসরাইল এই অবস্থান প্রত্যাখ্যান করে।

গাজায়ও ভয়াবহ মানবিক পরিস্থিতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আলবানিজ। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরাইলি হামলায় ১ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৩০০ শিশু রয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির পরও প্রাণঘাতী হামলা অব্যাহত থাকা প্রমাণ করে যে, এই যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

আলবানিজ গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের বর্ণনা দিতে ‘পালভারাইজেশন’ বা গুঁড়িয়ে দেওয়ার শব্দ ব্যবহার করেছেন। তার মতে, সংঘাতের কারণে পুরো আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে বাস্তুচ্যুতি, খাদ্য ও অন্যান্য জরুরি পণ্যের সংকট এবং মানবিক সহায়তার ওপর বিধিনিষেধও অব্যাহত রয়েছে।

আলবানিজ দীর্ঘদিন ধরে বলে আসছেন, গাজার সংকটকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বৃহত্তর দখলদারত্বের প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখা যায় না। তার মতে, গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত ফিলিস্তিনিরা সামরিক শক্তি প্রয়োগ, বাস্তুচ্যুতি, বসতি সম্প্রসারণ এবং প্রয়োজনীয় সম্পদে প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধের মতো পরস্পর সম্পর্কিত নীতির মুখোমুখি হচ্ছেন।

কুসরার অবরোধ তাই নিজেদের ভূমিতে টিকে থাকার ফিলিস্তিনি সংগ্রামের আরেকটি প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তিনি। আলবানিজ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শুধু উদ্বেগ প্রকাশের বাইরে গিয়ে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য কার্যকর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বরিশালে অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

বরিশালে অনুষ্ঠিত হয়েছে একটি দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন এবং ডেটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার নগরীর একটি হোটেলের বলরুমে কর্মশালাটি আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন বরিশালের ৪১ সাংবাদিক।

কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির পরিচালক মো. তাওহীদুল ইসলাম, অনুসন্ধানী সাংবাদিক মো. বদরুদ্দোজা বাবু এবং কেএম রফিকুল ইসলাম।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘আমরা গণমাধ্যমকে সহযোদ্ধা হিসেবে দেখি। টিআইবি জন্মলগ্ন থেকে যে উদ্দেশ্যে কাজ করে আসছে তার অন্যতম সহযোগী শক্তি হলো গণমাধ্যম। আমাদের কাজের প্রচার ও প্রসার এবং সুফল পাওয়ার ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি প্রতিরোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় টিআইবির পাশাপাশি গণমাধ্যমের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে।’

এছাড়া, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য টিআইবি পরিচালক যেকোনো সহায়তার জন্য পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। পরে কর্মশালায় অংশগ্রহণ করা সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে কথিত সাংবাদিককে প্রকাশ্যে জুতাপেটা, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


নেছারাবাদে কথিত সাংবাদিককে প্রকাশ্যে জুতাপেটা, ভিডিও ভাইরাল

পিরোজপুরের নেছারাবাদে এক কথিত সংবাদকর্মীকে প্রকাশ্যে জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গলায় পরিচয়পত্র ঝোলানো একজন ব্যক্তি একজন লোকের দ্বারা নিজের পায়ের জুতা খুলে মুখমণ্ডলে একাধিকবার আঘাত প্রাপ্ত হচ্ছে। এ সময় মোঃ শিপন মিয়া নামে একজন ব্যক্তি এগিয়ে এসে মারধরকারীকে থামানোর চেষ্টা করেন। স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে ভিডিওতে মারধরের শিকার ব্যক্তির পরিচয় হচ্ছে মোঃ দেলোয়ার হোসেন এবং তাকে রক্ষা করতে এগিয়ে আসা ব্যক্তির পরিচয় শিপন মিয়া বলে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) সকালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিভিন্ন ফেসবুক আইডি ও সংবাদের শিরোনাম হয়ে ওঠে। ফেসবুকে আপলোড করা ভিডিওর ক্যাপশনে এভাবে লেখা হয়, বিএনপি কর্মীকে আওয়ামী লীগ বানিয়ে রিপোর্ট করায় জুতাপেটা খেলেন সাংবাদিক দেলোয়ার হোসেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি আলোচনার টপ অফ দা টাউন হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেলোয়ার হোসেন নিজেকে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালের সংবাদকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির চরিত্র হননমূলক সংবাদ প্রকাশ এবং অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, সম্প্রতি এক বিএনপি কর্মীকে আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করে তাঁর পরিচালিত ‘স্বরূপ বিন্যাস’ নামের ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ ওই ব্যক্তি দেলোয়ারকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন বলে স্থানীয়রা দাবি করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিপন মিয়া বলেন, "আমার সামনে বসে আচমকা একজন এসে তাকে জুতাপেটা করছিল। বিষয়টি দেখে নিজেকে আর থামিয়ে রাখতে পারিনি। তখন জুতাপেটা করা ব্যক্তিকে থামিয়ে ধাক্কা দিয়েছি।"

এ বিষয়ে স্বরূপকাঠি প্রেসক্লাবে সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্তব্য করেন, "একজন সংবাদকর্মী যদি কোন ভুল করেন তাহলে দেশে আইন আছে। তাই বলে এভাবে একজনকে জুতা পিটা করা মোটেও ঠিক নয়। আমি এর তীব্র নিন্দা জানাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


‘আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে’

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, "শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জিপিএ-৫ অর্জন নয়, আদর্শ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা।" তিনি উল্লেখ করেন যে, জিপিএ-৫ পাওয়া এবং ভালো রেজাল্ট করা, কেবল সার্টিফিকেট দেবে; কিন্তু প্রকৃত মানুষ করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।

শনিবার (২২ আগস্ট) কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে ‘এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার বৃদ্ধি ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, "যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, এটা তাদের একার দোষ নয়। এর দায়ভার শিক্ষক, অভিভাবক ও আমরা এড়াতে পারব না। যে ফেল করেছে সে একা ফেল করেনি, টোটাল একটা সিস্টেম ফেল করেছে।"

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, "অকৃতকার্যের হার কমাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে শিক্ষকদের। আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। কিন্তু শিক্ষার্থীদের বাস্তবিক অর্থে মোটিভেশনটা দেবেন আপনারা।"

তিনি আরও বলেন, "একজন শিক্ষার্থী এসএসসি ফেল করা মানে তার ফাউন্ডেশনে সমস্যা রয়েছে। তাকে কেন প্রাথমিক লেভেল থেকে নার্সিং করা হয়নি। কীভাবে ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত সে উঠে যায়। তার সমস্যাগুলো চিহ্নিত করে কেন সমাধান করা হয়নি। এ দায়ভার অবশ্যই শিক্ষার্থীর নয়। টোটাল সিস্টেমটাই পরিবর্তন করে গোড়া থেকে বেসিক স্ট্রং করে গড়ে তুলতে হবে।"

তিনি বলেন, "সদ্য বের হওয়া এসএসসি পরীক্ষায় অকৃতকার্যের হার সবচেয়ে বেশি ইংরেজি ও গণিতে। কোন কারণে নির্দিষ্ট দুটি বিষয়ে সবচেয়ে বেশি ফেল করেছে, তা চিহ্নিত করতে হবে। সে অনুযায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আপনারা আগামী ১ বছরের পরিকল্পনা গ্রহণ করুন। সামনে যারা পরীক্ষা দেবে তাদেরকে নিয়ে কাজ করুন। বেসিক জায়গাগুলো নিয়ে কাজ করুন। দেখবেন রেজাল্ট ভালো হবে, ইনশাআল্লাহ। শুধুমাত্র জিপিএর জন্য নয়; আদর্শ, নীতি-নৈতিকতার সমন্বয়ে পাঠদান করাতে হবে।"

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক সিপন মিয়া। সঞ্চালনা করেন শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার ও উপ-বিদ্যালয় পরিদর্শক কাজী আপন তিবরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%