০৬:০৯ এম
স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনও ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৭নং ফরিদপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইছে পুরোদমে। ইতোমধ্যে এখানে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সাঁটানো হয়েছে এবং সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিল্লুর রহমান পারভেজ ব্যাপক গণসংযোগে নেমে পড়েছেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়েই।
সম্প্রতি হাজী সাবু সরকার বাড়ি বাইতুননূর জামে মসজিদে জুমার নামাজ শেষ করে, তিনি ফরিদপুর ইউনিয়নে আসন্ন ৭নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এরপর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন। বিগত বেশ কয়েকদিন ধরে মো. জিল্লুর রহমান পারভেজ ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন বাজারের অলিগলি, পাড়ায় পাড়ায় গিয়ে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও ভাব বিনিময় করছেন, তাঁর খোঁজখবর নিচ্ছেন এবং নিজের পরিচিতি সম্বলিত লিফলেট বিতরণ করছেন।
ফরিদপুর ইউনিয়নের খিদিরপুর চক বাজারে সম্প্রতি তিনি লিফলেট বিতরণ করেছেন এবং ব্যাপক গণসংযোগ করেন। সেখানে বাজারের প্রাণচঞ্চল ও উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় পরিচালনা করেন। সাধারণ ভোটারদের পাশাপাশি বহু সামাজিক যোগাযোগ মাধ্যমের (ফেসবুক) শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সঙ্গেও তাঁর সরাসরি কুশল বিনিময় হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার
এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিল্লুর রহমান পারভেজ বলেন, "খিদিরপুর চক বাজারের মানুষ যেভাবে আমাকে ভালোবেসে আপন করে নিয়েছেন, তাতে আমি সত্যিই আপ্লুত ও কৃতজ্ঞ। আমি খিদিরপুর, আলালপুর ও মাটিকাটাসহ পুরো ফরিদপুর ইউনিয়নের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছি। তারা আমাকে পাশে থাকার যে আশ্বাস দিয়েছেন, তা আমার পথচলাকে আরও মসৃণ করবে। সাধারণ মানুষের এই অকৃত্রিম ভালোবাসাই আমার মূল শক্তি।" এলাকার মানুষের মুখে হাসিমুখ ও ভালোবাসা বজায় রাখার প্রত্যয় জানানোর পাশাপাশি, তিনি ফরিদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন