ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জামালপুরে বিজিবির অভিযানে উদ্ধার ভারতীয় ৪২ বস্তা জিরা ও ১৯১ বোতল মদ


জামালপুরে বিজিবির অভিযানে উদ্ধার ভারতীয় ৪২ বস্তা জিরা ও ১৯১ বোতল মদ

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী বিওপি ও বড়াইবাড়ী বিজিবি সদস্যরা সীমান্ত সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করেন।

শনিবার (৬ জুন) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-৩৫ বিজিবি।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বিজিবির সদস্যরা মালিক বিহীন ১৫৬ বোতল মদ জব্দ করেন। সেই সন্ধ্যায় বড়াইবাড়ী বিওপির বিজিবির সদস্যদের অভিযানে সীমান্তবর্তী চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এছাড়া শনিবার সকালে সাহেবের আলগা বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ইটালকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা এবং একটি নৌকা উদ্ধার করেন।

মদ উদ্ধার সংক্রান্ত ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে এবং উদ্ধারকৃত মদগুলো ধ্বংস করতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে। এছাড়া জিরেগুলো রৌমারী শুল্কে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।" একই সাথে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী

আজ রাজধানীর বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) টেকসই উন্নয়ন নিশ্চিতে আরো শক্তিশালী করা হবে। এসব তথ্য তিনি আজ রাজধানীতে অনুষ্ঠিত আলোচনা সভায় তুলে ধরেন। সভায় এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ বলে উল্লেখ করেন তিনি।

শিল্পমন্ত্রী উল্লেখ করেন, গুণগত মান এবং সঠিক পরিমাপ নিশ্চিতের জন্য বিএসটিআই-কে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ‘প্রত্যেকটি পণ্যের গুণগত মান এবং পরিমাপ সঠিক আছে কিনা, তা নিশ্চিত করতে বিএসটিআই বদ্ধপরিকর। ব্যবসায়ীদের সাথে সমন্বয়ের মাধ্যমে উচ্চমানের পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, মানসম্পন্ন ও সঠিক ওজনের পণ্য পাওয়া জনগণের মৌলিক অধিকার। ভোক্তারা এখন বিএসটিআইয়ের মানচিহ্নকে আস্থার প্রতীক হিসেবে মনে করে, এই আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তর প্রধান, ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তিনি জানান, আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বর্তমানে চলছে। খুলনা ও চট্টগ্রামে ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবন এবং ল্যাবরেটরি নির্মাণ সম্পন্ন হয়েছে। দেশের ১০ জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সেবা আরো জেলায় সম্প্রসারণ করা হবে।

বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন কর্মসূচি চলমান রয়েছে। তিনি জানান, ১১টি জেলায় পূর্ণাঙ্গ ল্যাবরেটরিসহ আঞ্চলিক ভবন নির্মাণ কাজ চলছে এবং আরো ৪২টি জেলায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, প্রধান কার্যালয়ে ১৩ তলা নতুন ভবন, রসায়ন ও পদার্থবিজ্ঞান উইংয়ে ৬৭টি আধুনিক ল্যাব এবং ২১টি মেট্রোলজি ল্যাব স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন। এছাড়া, হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে বিএসটিআই কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, বিএসটিআই খাদ্যপণ্য, বাসস্থানসহ বিভিন্ন ভোগ্যপণ্যের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারের নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নয়াদিল্লির মানমন্দির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) একটি বিক্ষোভ সমাবেশ করেছে। এই সমাবেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। এর আগে এই সমাবেশে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছেড়ে দিতে হবে, এই ঘোষণা দিয়ে অভিজিৎ দীপ সকলকে জানান, তেলাপোকারা ভয় পায় না। তারা মরেও না। এমনকি তিনি বলেন, ‘আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। সেখানেই তার সঙ্গে দিল্লি পুলিশের কর্মকর্তাদের দেখা হয়। পরে, দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তরে কর্মসূচি করার অনুমতি দেয়।

তবে এই অনুমতি দেওয়ার সময় শর্ত হিসেবে জানানো হয় যে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। পুলিশের সেই অনুমতি পাওয়ার পর দীপকে সমর্থকদের সরাসরি যন্তর মন্তরে হাজির হতে বলা হয়।

‘ককরোচ’ পার্টির কর্মসূচি ঘিরে যন্তর মন্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করে পুলিশ। অন্তত দু’হাজার পুলিশকর্মী সেখানে মোতায়েন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সমর্থকদের জানানো হয়, কর্মসূচিস্থলে সমস্ত পদক্ষেপের ভিডিও করতে হবে। যদি পুলিশের কোনো সন্দেহজনক গতিবিধি দেখা যায়, তখনই ভিডিও করতে হবে। পাশাপাশি সমর্থকদের বই এবং জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে হাজির হতে বলা হয়। সকলের শিক্ষার দাবিতে সেই বই হাতে রাখতে বলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে তারা সাক্ষাৎ করেছেন।

শনিবার (৬ জুন) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিদান শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রাখা জুলাই বিপ্লবের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন।

এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবিচল কূটনৈতিক সমর্থন ও অব্যাহত অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সার্বিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ও কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এনসিপি নেতারা বাংলাদেশ ও তুরস্কের যুবকদের মধ্যে বৃহত্তর সহযোগিতা বৃদ্ধির জন্য শক্তিশালী বিনিময় কর্মসূচি তৈরির গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, আতিক মুজাহিদ, আলাউদ্দিন মোহাম্মদ, হোমায়রা নূর ও সালমান রিফাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলাতঙ্কের টিকার জন্য টাকা দাবি, না পেয়ে রোগীকে আটকে রাখলেন নার্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


জলাতঙ্কের টিকার জন্য টাকা দাবি, না পেয়ে রোগীকে আটকে রাখলেন নার্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) প্রয়োগের নামে টাকা দাবি করার অভিযোগ উঠেছে একজন নার্সের বিরুদ্ধে।

এ ঘটনার কারণে রোগীকে আটকে রাখার অভিযোগও করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নার্সকে শোকজ করেছে।

অভিযোগের সূত্রে জানা গেছে, উপজেলা বিশারাবাড়ি এলাকার ২ শিশু, আব্দুল্লাহ (৪) ও খাদিজা (৩), বিড়ালের কামড়ে আহত হলে তাদের চিকিৎসার জন্য শুক্রবার (৫ জুন) রাতে তাদের চাচা সাব্বির কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রয়োগের সময় দায়িত্বরত নার্স মোর্শেদা আক্তার দুই শিশুর জন্য ২০০ টাকা দাবি করেন।

স্বজনদের দাবি অনুযায়ী, টাকা দিতে অস্বীকৃতি জানালে নার্স তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে রোগীদের আটকে রাখার চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নার্স রোগীর স্বজনদের উদ্দেশে বলছেন, "১০০ টাকা কি আপনার জন্য বেশি হয়ে যায়? আপনি দেন দেন বলছেন, আমি তো ভাবছি আপনি টাকা দেবেন। কিন্তু কেন আপনি টাকা দিচ্ছেন না?"

ভুক্তভোগী শিশুদের চাচা সাব্বির বলেন, "ভাতিজা ও ভাতিজিকে বিড়াল কামড় দিলে রাতে হাসপাতালে নিয়ে যাই। শুরুতে টিকা দিতে কিছুটা অনীহা ছিল। পরে অনুরোধ করার পর টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পরই তিনি টাকা দাবি করেন। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন এবং এক পর্যায়ে বলেন, আমি এখান থেকে চলে যাব, স্যারকে বলেন আমাকে বদলি করে দিতে।"

এ ঘটনার পর সরকারি হাসপাতালে বিনামূল্যে বা নির্ধারিত নিয়মে সেবা প্রদানের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। তারা বলছেন, সরকারি হাসপাতালে জরুরি চিকিৎসাসেবায় অর্থ দাবি করা অত্যন্ত উদ্বেগজনক।

অভিযুক্ত নার্স মোর্শেদা আক্তারের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, সরকারি হাসপাতালে সেবা নিতে রোগীর কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি পাওয়ার পর সংশ্লিষ্ট নার্সকে শোকজ করা হয়েছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ বা বদলির সুপারিশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%