ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অভিনয় ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ


অভিনয় ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অভিনয় ছেড়ে দিয়েছেন। তবে তিনি জানান, বিষয়টি পুরোপুরি সত্য নয়। আবারও অভিনয়ে ফিরতে প্রস্তুত তিনি যদি ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে।

এক অনুষ্ঠানে হাসান মাসুদ জানান, গত দুই বছর ধরে তিনি নাটক বা সিনেমায় কাজ করছেন না। তিনি আরো জানিয়েছেন, হজ সম্পন্ন করার পর ধর্মীয় অনুশাসনের প্রতি আরও বেশি মনোযোগী হয়েছেন। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, অভিনয় থেকে হয়তো স্থায়ীভাবে তিনি সরে দাঁড়িয়েছেন।

তবে পরবর্তী একটি সাক্ষাৎকারে হাসান মাসুদ বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। মূলত ভালো কনটেন্ট না পাওয়ার কারণে দীর্ঘদিন অভিনয়ের বাইরে ছিলেন। অনুষ্ঠানে নিজের বক্তব্য যথাযথভাবে ব্যাখ্যা করতে না পারায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে

মাসুদ বলেন, যদি গল্প পছন্দ হয় এবং মনের মতো কাজের প্রস্তাব আসে, তবে তিনি আবার অভিনয়ে ফিরতে আগ্রহী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অভিনয়কে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তার নেই।

ধর্মচর্চা ও অভিনয় দুইটিকে কখনোই পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক মনে করেন না হাসান মাসুদ। ২০০০ সাল থেকেই তিনি নিয়মিত নামাজ পড়েন। তিনি জানান, শুটিংয়ের সময়ও পরিচালকরা তাকে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় বিরতি দিতেন।

মাসুদ বলেন, কাজের পাশাপাশি ধর্মীয় নিয়ম-কানুন মেনেও চলা সম্ভব। উদাহরণ হিসেবে তিনি জানান, হজ থেকে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনের কাজ তিনি শেষ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয়ে অভিষেক করেন।

আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা

এরপর ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘বিহাইন্ড দ্য সিন’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান হাসান মাসুদ। অভিনয়ের পাশাপাশি ২০০৬ সালে প্রকাশিত হয় তার একটি একক গানের অ্যালবামও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


৭২ লাখ টাকার সাজে সংসদে কঙ্গনা রানাওয়াত

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময়ে বলিউড অভিনেত্রী এবং সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ সকলের নজর আকর্ষণ করেছে। তিনি হালকা নীল রঙের রেশমের শাড়ি, সাদা ব্লাউজ এবং হালকা রঙের জুতা পরে ছিলেন। তবে তার পোশাকের চেয়েও বেশি আলোচনা হয়েছে তার দামি ব্যাগ এবং হাতঘড়ি নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালীন সম্প্রতি কঙ্গনাকে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়। তিনি ভারতের মণিপুরের একটি ব্র্যান্ডের তৈরি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরেন, যার সঙ্গে সাদা ব্লাউজ এবং হাতির দাঁতের মতো হালকা রঙের জুতাও ছিল।

কঙ্গনার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তার হাতে থাকা দামি ব্যাগটি। তিনি একটি হার্মেসের বারকিন ব্যাগ বহন করছিলেন। টোগো চামড়ার তৈরি এই ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি, যা বাংলা টাকায় ৪৫ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে দাঁড়ায়।

টোগো চামড়া বানানো হয় বাছুরের চামড়া দিয়ে। এর বিশেষত্ব হলো এটি নরম এবং উঁচু দানাদার গঠন বিশিষ্ট। এই চামড়া সহজেই আঘাত সহ্য করে এবং পানির প্রভাব কম পড়ে। এর পাশাপাশি এটি হালকা এবং টেকসই হওয়ায় বিলাসবহুল ব্যাগের মানের জন্য জনপ্রিয়।

কঙ্গনার হাতের ঘড়িটিও সবার নজর কাড়ে। তার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি রঙের ডায়ালের এই ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ রুপি, যা বাংলা টাকায় ২৭ লাখ ২১ হাজার ৩৮০ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে যায়।

রোলেক্সের তথ্য অনুযায়ী, ডেটজাস্ট ঘড়ির যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি স্বয়ংক্রিয়ভাবে চলা, পানি প্রতিরোধী এবং তারিখ দেখানোর সুবিধা সম্বলিত ঘড়ি ছিল। পরে ১৯৫৩ সালে এতে বিশেষ কাচ যুক্ত করা হয় যাতে তারিখটি বড় করে দেখা যায়।

কঙ্গনার সাজে আরও একটি গুড আর্থের ছাপা নকশার ছাতা বিদ্যমান ছিল। এর দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি, যা বাংলা টাকায় ৭ হাজার ৯০৪ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে যায়। ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশা ব্যবহার করা হয়েছে, বাইরের অংশে বিশেষ ছাপ এবং ভেতরের অংশে তীরচিহ্নের মতো নকশা রয়েছে।

সব মিলিয়ে কঙ্গনার ব্যাগ, ঘড়ি এবং ছাতার মূল্য প্রায় ৫৬ লাখ রুপি। দামি অনুষঙ্গের সঙ্গে তার পরিমিত পোশাকের এই সমন্বয় কঙ্গনার উপস্থিতিকে সংসদ চত্বরে আলোচনায় নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপন করার জন্য ভিসার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশে যেসব ব্যাংক হিসাবধারী কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায়।

স্টিফেন কার্পিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসা কাজ করতে আগ্রহী।

সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন সহজ করার জন্য মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহী বলেও জানান স্টিফেন কার্পিন।

বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও এ সময় কথা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর

আসিয়ান ঢাকা কমিটির (এডিসি) চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান জানিয়েছেন, ঢাকাস্থ আসিয়ান মিশনগুলো বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে দৃঢ়টভাবে অঙ্গীকারবদ্ধ।

সোমবার রাতে ঢাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ এশিয়ায় একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মূল্যায়ন করি।

বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এডিসি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ ও আসিয়ান একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে পরিপূরক হিসেবে ভূমিকা রাখতে পারে; যা পারস্পরিক কল্যাণকর সুযোগ তৈরি এবং অভিন্ন সমৃদ্ধিতে অবদান রাখবে।

আসিয়ান সদস্য রাষ্ট্র হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি সফরের কথা তুলে ধরে তিনি বলেন, এই সফর আসিয়ানের সাথে ব্যাপক সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশ যে গুরুত্ব রয়েছে, তা-ই প্রমাণ করে।

তিনি উল্লেখ করেন, ৬৮ কোটিরও বেশি মানুষের আবাসস্থল আসিয়ান বিশ্বের অন্যতম গতিশীল অর্থনৈতিক অঞ্চল এবং এর বিপুল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশেরও রয়েছে বিপুল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী।

শুহাদা ওসমান বলেন, বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির এই প্রচেষ্টাগুলো আমাদের বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক এবং গভীর সহযোগিতার বিপুল সম্ভাবনাকেই প্রতিফলিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বাংলাদেশ যাতে আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ মর্যাদা অর্জন করতে পারে, সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত আসিয়ান মিশনপ্রধানদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ আসিয়ান পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারলে দুই পক্ষের সম্পর্ক আরো অর্থবহ হবে।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসিয়ান এবং এর ১১টি সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি জানান, আসিয়ানের সঙ্গে খাতভিত্তিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের একটি মৎস্য ও জলজ চাষ (অ্যাকুয়াকালচার) প্রকল্প রয়েছে। পাশাপাশি পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং সংস্কৃতি বিষয়ক প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে।

আমিন উর রশিদ বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধন দীর্ঘদিনের। ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এ সম্পর্ক স্থল ও সমুদ্রপথে যোগাযোগের মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে। শক্তিশালী জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সম্পর্কও দুই পক্ষের বন্ধনকে আরো গভীর করেছে। এসব সংযোগ ভবিষ্যতে পারস্পরিক কল্যাণের স্বার্থে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আসিয়ান মিশনগুলোর প্রধানগণ, ঢাকায় দায়িত্বরত কূটনীতিকবৃন্দ এবং ব্যবসা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যারাজ বনাম কাউন্ট বিনফেস : যুক্তরাজ্যের উপনির্বাচন নিয়ে যা জানা দরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


ফ্যারাজ বনাম কাউন্ট বিনফেস : যুক্তরাজ্যের উপনির্বাচন নিয়ে যা জানা দরকার

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী রাজনীতিক নাইজেল ফ্যারাজ বৃহস্পতিবার তার সংসদীয় আসন ধরে রাখার লড়াইয়ে নামছেন।

এ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন বিদ্রুপাত্মক প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাউন্ট বিনফেস।

ফ্যারাজ অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে দলের নেতা। গত মাসে ক্ল্যাকটন-অন-সি আসনের এমপি পদ থেকে তার পদত্যাগের পর এ উপনির্বাচনের আয়োজন করা হয়।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে নিজের আর্থিক বিষয় নিয়ে তদন্তের মধ্যে তার আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত উল্টো ফল দিতে পারে। কারণ বড় কোনো রাজনৈতিক দলই প্রার্থী দেয়নি।

তারা ফ্যারাজের এ উদ্যোগকে ‘লোক দেখানো কৌশল’ বলে অভিহিত করেছে।

এ অবস্থায় নিজেকে ‘সিগমা আইএক্স-এর আন্তঃগ্যালাকটিক মহাকাশযোদ্ধা ও রিসাইক্লনদের নেতা’ হিসেবে পরিচয় দেওয়া কাউন্ট বিনফেস তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

কী ঘটছে-

২০২৪ সালে অষ্টমবারের চেষ্টায় নির্বাচিত হন ফ্যারাজ। তিনি ৪৬ শতাংশ ভোট পেয়ে ২১ হাজার ২২৫ ভোটে জয়ী হন।

তবে নিজের আর্থিক বিষয় নিয়ে সংসদীয় দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থার তদন্তের মধ্যে ৮ জুলাই তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেন।

চিরাচরিত নাটকীয় ভঙ্গিতে ৬২ বছর বয়সী ফ্যারাজ বলেছেন, পরবর্তী উপনির্বাচনে তিনি আবারও প্রার্থী হবেন। তিনি এ নির্বাচনকে ‘জনগণ বনাম অভিজাতদের উপনির্বাচন’ হিসেবে তুলে ধরেন।

২০১৬ সালের গণভোটে ব্রেক্সিটের পক্ষে বিপুল ভোট দেওয়া পূর্বাঞ্চলীয় এসেক্সের সমুদ্রতীরবর্তী অবকাশকেন্দ্র ক্ল্যাকটনে জনমত জরিপ অনুযায়ী, এটা ধারণা করা হচ্ছে যে বড় ব্যবধানে ফ্যারাজই আবার নির্বাচিত হবেন।

তবে মাথায় ধূসর আবর্জনার ঝুড়ি পরে এবং কেপ ও রূপালি বর্ম পরা কাউন্ট বিনফেস এক-পঞ্চমাংশ ভোট পেতে পারেন বলে সুরভেশন-এর একটি জনমত জরিপে বলা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুক্তরাজ্যের যেকোনো সংসদীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ব্যালট পেপারের দৈর্ঘ্য প্রায় এক মিটার হবে। এটি স্থানীয় কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু প্রায় ৭৮ হাজার ২৪৫ জন ভোটার রয়েছেন।

কেন আলোচনায় ফ্যারাজ?-

বর্তমান এমপির পদত্যাগ, মৃত্যু অথবা দোষী সাব্যস্ত হওয়ার কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পদত্যাগের আগে আর্থিক সহায়তার তথ্য গোপন করার অভিযোগে ফ্যারাজের ওপর নজরদারি বাড়ছিল। এর মধ্যে ছিল ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী ধনকুবের ক্রিস্টোফার হারবর্নের দেওয়া ৫০ লাখ পাউন্ড (৬৬ লাখ ডলার) এবং প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত জর্জ কট্রেলের দেওয়া অঘোষিত আর্থিক সহায়তা।

এমপিদের নির্বাচনের আগে এক বছরের মধ্যে পাওয়া যেকোনো আর্থিক সহায়তার তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।

তবে ফ্যারাজ দাবি করেছেন, হারবর্নের দেওয়া অর্থ ছিল তার নিরাপত্তার জন্য উপহার। তিনি জানিয়েছেন, এমপি হওয়ার আগে ওই অর্থ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমার কর্মকাণ্ডের বিচার ক্ল্যাকটনের জনগণই করবেন।’

কট্রেলের মা ফিওনা রিফর্ম ইউকেকে যে অনুদান দিয়েছেন, লন্ডন পুলিশ সেটিও তদন্ত করছে।

-কৌতুকপ্রার্থী-

কাউন্ট বিনফেস ব্রিটিশ নির্বাচনে ব্যঙ্গাত্মক প্রার্থী হওয়ার দীর্ঘ ঐতিহ্যের অংশ।

সংগীতশিল্পী ডেভিড সাচ ১৯৮২ সালে প্রতিষ্ঠা করা ‘অফিশিয়াল মনস্টার রেভিং লুনি পার্টি’রও তিনজন প্রার্থী ক্ল্যাকটনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলের সদস্য ও প্রার্থী নিক দ্য ফ্লাইং ব্রিক এএফপিকে বলেছেন, ‘সাধারণ মানুষ আসলে পছন্দ করে যে সাধারণত গম্ভীর রাজনৈতিক অনুষ্ঠানে মঞ্চে কিছু হাস্যকর মানুষও থাকেন।’

বিনফেসের আসল পরিচয় অক্সফোর্ডে পড়াশোনা করা কৌতুকশিল্পী জন হার্ভে। তিনি ভোটারদের গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন।

তিনি ওয়েবসাইটে লিখেছেন, ‘প্রতিটি প্রচারণার পেছনে একটি সহজ যুক্তি রয়েছে ভোট দিতে উপস্থিত হওয়া গুরুত্বপূর্ণ। রাতের শেষটা কেমন হবে তা জানা থাকলেও ভোট দেওয়া মূল্যবান।’

-এরপর কী?-

ফ্যারাজের পদত্যাগের কারণে তার আর্থিক বিষয় নিয়ে সংসদীয় তদন্ত স্থগিত রয়েছে। তবে তিনি পুনর্নির্বাচিত হলে সেপ্টেম্বরে সংসদের গ্রীষ্মকালীন অবকাশ শেষ হওয়ার পর তদন্ত আবার শুরু হবে বলে নিশ্চিতভাবেই ধারণা করা হচ্ছে।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক টিম বেল এএফপিকে বলেছেন, ‘শেষ পর্যন্ত এটি তাকে কিছুটা সময় দিতে পারে।’

তিনি আরও বলেছেন, ‘সম্ভবত তিনি আবার সংসদে ফিরবেন। কিন্তু তখন তদন্ত আবার শুরু হবে। তাই তিনি নির্বাচনে লড়তে পারেন, কিন্তু লুকিয়ে থাকতে পারবেন না।’

ফ্যারাজ গুরুতর অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হয়ে শাস্তির মুখে পড়লে আবারও উপ-নির্বাচন হতে পারে।

এদিকে, রিফর্ম ইউকের জনপ্রিয়তা কমছে। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে, জাতীয় ভোটের হিসাবে লেবার আবার দলটিকে ছাড়িয়ে গেছে।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ রাজনীতির অধ্যাপক পিট ডোরি এএফপিকে বলেছেন, ‘ক্ল্যাকটন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটি দেখিয়ে দিতে পারে যে নাইজেল ফ্যারাজ ও রিফর্ম ইউকে তাদের জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।’

তিনি বলেন, ‘তিনি যদি অল্প ব্যবধানে জয়ী হন অথবা ২০২৪ সালের নির্বাচনের তুলনায় অনেক কম ভোট পান, তাহলে এর অর্থ হবে তার জনপ্রিয়তা কমছে এবং তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%