১০:৩৬ এম
জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীরা এখন জরিমানা ছাড়াই দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে, নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে বৈধ হওয়ার এবং দেশটিতে কর্মসংস্থানের সুযোগও তাঁদের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিষয়ে বুধবার জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে। এর আওতায়, অবৈধভাবে অবস্থানকারী শ্রমিকরা কোনো ধরনের জরিমানা না দিয়েই নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এ ছাড়া, নির্ধারিত শর্ত পূরণ করে জর্ডানে বৈধভাবে অবস্থান ও কাজ চালিয়ে যাওয়ার সুযোগও থাকবে সেখানে। কর্মীরা চাইলে তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, গৃহকর্মীরাও নতুন নিয়োগকর্তার অধীন কাজ করার অনুমতি পাবেন।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছেন, তাঁরা ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতিপত্রের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।
সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য সকল সুবিধাগুলো গ্রহণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পেতে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন