বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০২:৩০ পি.এম
আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। বিশ্বকাপজয়ী এই কোচ নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছেন, স্ক্যালোনি ২০৩০ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকার জন্য রাজি হয়েছেন। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তি করা হবে। চুক্তিতে আরও দুই বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগ থাকবে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। সবকিছু ঠিক থাকলে স্ক্যালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকতে পারবেন।
২০৩০ বিশ্বকাপ হবে শততম আসর। এই আসরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সঙ্গে আয়োজক হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে থাকবে। এই তিনটি দক্ষিণ আমেরিকান দেশে একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, স্ক্যালোনির বর্তমান কোচিং স্টাফদেরও ধরে রাখার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশেষ করে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে দায়িত্বে রাখার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
পরে সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার শহীদ মিয়ার ছেলে মো. শরীফ এবং একই উপজেলার শরীফপুর এলাকার আমির আলীর ছেলে শাহীন মিয়া।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, যদিও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে।
আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা সন্দ্বীপে ৩৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজমান রয়েছে। এই লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ তৈরী হতে পারে, যা ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে যে, এ সময়ের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তা বিস্তার লাভ করতে পারে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৯ মিনিটে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন থানার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার মধ্যে ৫৩৪ জনকে গ্রেফতার করেছে। এই সময়ের মধ্যে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে দু’জন রয়েছেন।
অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, ৪টি চাকু এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : গত রাতে রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ভোরে এ তথ্য প্রকাশ করে দেশটির কর্তৃপক্ষ। হামলায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর আশ্রয়কেন্দ্রে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। হামলার কিছুক্ষণ আগে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হওয়ার ইঙ্গিত দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বুধবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফের বৈঠকের পর তারা যুদ্ধ অবসানের ক্ষেত্রে ‘এতটা কাছাকাছি আগে কখনো আসেননি।’
এ খবর কিয়েভ থেকে এএফপি সংবাদ সংস্থা জানায়।
মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ার জন্য পুতিনের প্রশংসা করেন উইটকফ। তিনি রুশ প্রেসিডেন্টকে ‘মানবতাবাদী’ বলে অভিহিত করেন।
তবে সেন্ট পিটার্সবার্গে বৈঠক শেষে ক্রেমলিন জানায়, মস্কো আলোচনা পুনরায় শুরু করতে রাজি থাকলেও যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাঠানো ইউক্রেন ও ইউরোপের শান্তি প্রস্তাবে তেমন কোনো ‘সারবস্তু’ নেই।
গত রাতে হামলা অব্যাহত ছিল। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের বিমানবাহিনী সতর্কবার্তা দেয় যে কিয়েভের দিকে ‘আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে’। একই সঙ্গে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।
রুশ কর্তৃপক্ষ জানায়, রাতের হামলায় তারা বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করেছে, যার মধ্যে মস্কোর দিকে উড়ে আসা ১৬০টিরও বেশি ড্রোন রয়েছে।
মঙ্গলবার অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে উইটকফ রাশিয়ায় যান। ওই বৈঠকের উদ্দেশ্য ছিল ট্রাম্প ও ইউক্রেনের নেতার মধ্যে তিক্ত বিরোধ প্রশমিত করা।
পুতিনের সঙ্গে আলোচনায় দূর থেকে অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও।
ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, নভেম্বরের মাঝামাঝি সময়ে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া ‘নীতিগতভাবে প্রস্তুত’। তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের পর এ আলোচনা শুরু হতে পারে। ক্রেমলিন চায়, আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন পুতিন। এরপর থেকে তিনি জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছেন। একই সঙ্গে পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলে নেওয়ার বিষয়ে মস্কোর অভিপ্রায়ের কথাও জানিয়ে আসছেন।
‘এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি’-
উশাকভ বলেন, অসলো বৈঠকে ইউরোপীয় দেশগুলো ও কিয়েভের অবস্থানে নতুন যেসব দিক উঠে এসেছে, সে বিষয়ে উইটকফ পুতিনকে অবহিত করেছেন।
তবে তিনি বলেন, এসব প্রস্তাবে ‘আসলে তেমন কোনো সারবস্তু ছিল না।’
উশাকভ আরও জানান, আগামী মাসে চীনের শেনজেনে পুতিন, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে।
তিনি একে ‘ইতিহাসে এ ধরণের প্রথম বৈঠক’ বলে অভিহিত করেন।
তিন ঘণ্টার বৈঠকে ট্রাম্পের অনুরোধে হাবার্ডকে মুক্তি দেওয়ায় পুতিনের প্রশংসা করেন উইটকফ। সত্তরের কোঠায় থাকা অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক হাবার্ড বরাবরই ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নেওয়ার অভিযোগে নিজেকে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে অভিযুক্ত করার বিষয়টি অস্বীকার করে আসছিলেন।
উইটকফ পুতিনকে বলেন, ‘আপনি আমার প্রেসিডেন্ট ট্রাম্পকে মানবতাবাদী হিসেবে উল্লেখ করতে শুনেছেন। আপনিও একজন মানবতাবাদী, মহোদয়। এ জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উইটকফ বলেন, পুতিনের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে। তবে ‘এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে’।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৌশলগত পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে।
২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক বছরের বেশি সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
এ যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প আবারও দেশটি থেকে মনোযোগ সরিয়ে পুতিনের দিকে ঝুঁকেছেন।
ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দাম কমাতে রাশিয়ার ডিজেল বিক্রির বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তও পিছিয়ে দিয়েছেন ট্রাম্প।
বুধবার তিনি এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, হাবার্ডের মুক্তি নিশ্চিত করতে এটি প্রয়োজন ছিল।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনি যদি ওই নিষেধাজ্ঞা আরোপ করতেন, তাহলে তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হতো। তাকে আর কখনো দেখতে পেতেন না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর বিষয়ে কিয়েভও সম্মত।
তিনি সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব এ বৈঠকের আয়োজনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা এতে সম্মত।’
পুতিনের সঙ্গে উইটকফের নবম বৈঠকের সময়ও ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা অব্যাহত ছিল। শীতকাল সামনে রেখে এসব হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার হামলায় ইউক্রেনে চারজন নিহত
ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, বুধবার রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাজধানী কিয়েভে দুজন এবং পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে এক বয়স্ক দম্পতি রয়েছেন।
অন্যদিকে, রুশ দখলাধীন লুহানস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, একটি টেলিফোন কোম্পানিতে ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার উইটকফ ও জেলেনস্কির বৈঠকের আগে কয়েক দিন ধরে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে উত্তেজনা চলছিল। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান ট্রাম্প।
পুতিনের সঙ্গে বৈঠকে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনায় ‘কিছুটা অগ্রগতির গতি’ দেখা যাচ্ছে।
রাশিয়ার সঙ্গে ডিজেল বিক্রির চুক্তির জন্যও পুতিনকে ধন্যবাদ জানান মার্কিন দূত। এ চুক্তি কিয়েভ ও ইউরোপজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির ভোক্তাদের জ্বালানির দাম কমানোর প্রচেষ্টা হিসেবে এ চুক্তিকে দেখা হচ্ছে। ওই নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসে নিয়ন্ত্রণ হারাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ